সিলেটের ব্যবসায়ীরা বাণিজ্য কেন্দ্র চান
ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক উন্নত করতে সিলেটের সুতারকান্দি স্থলবন্দরে আন্তর্জাতিক মানের বাণিজ্য কেন্দ্র স্থাপন করা প্রয়োজন বলে মনে করছেন ব্যবসায়ীরা। গতকাল সোমবার সন্ধ্যায় সিলেট চেম্বারে ভারতের আসাম রাজ্যের সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী সিদ্দেক আহমদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তাঁরা।
মতবিনিময় সভায় ভারতীয় সাবেক মন্ত্রী সিদ্দেক আহমদ বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশ তথা সিলেটের আমদানি-রপ্তানি বাণিজ্যের উন্নয়নে সুতারকান্দিতে আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র গঠন করা প্রয়োজন।
সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে সিলেট চেম্বারের সহসভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক মো. এমদাদ হোসেন, এহতেশামুল হক চৌধুরী, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি ফালাহ্ উদ্দিন আলী আহমদ, ভারতের করিমগঞ্জ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আবু সালেহ্ ফখর উদ্দিন বক্তব্য দেন।