সিল্ক রোডের সম্ভাবনা কাজে লাগাতে চায় স্ট্যানচার্ট
চীনের উদ্যোগে শুরু হওয়া নয়া সিল্ক রোড বা ‘বেল্ট অ্যান্ড রোড’ কার্যক্রমের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে চায় বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি)। এ উদ্যোগ থেকে বাংলাদেশ যাতে সর্বোচ্চ লাভবান হতে পারে, সে জন্য এই অঞ্চলের বিনিয়োগকারীদের সেতুবন্ধ তৈরিতে বিশেষভাবে কাজ করবে ব্যাংকটি।
বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম নিয়ে এসসিবির কার্যক্রম ও চিন্তাভাবনা তুলে ধরতে গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে এসসিবি চীনের বেল্ট অ্যান্ড রোড কার্যক্রমের পরিচালক সেবাসটিয়ান আর, এসসিবি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার এ আনোয়ার, এসসিবি বাংলাদেশের কান্ট্রি হেড অব গ্লোবাল ব্যাংকিং নাসের এজাজ বিজয় প্রমুখ বক্তব্য দেন।
বেল্ট অ্যান্ড রোড হলো এশিয়া, ইউরোপ ও আফ্রিকার ৬৫টি বেশি দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য প্রসার ও যোগাযোগ বাড়াতে চীনের একটি বিশেষ কৌশলগত উদ্যোগ। এশিয়া ও ইউরোপের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রাচীন পথ সিল্ক রুটকে ধরে চীন ২০১৩ সালে এটি বাস্তবায়নের উদ্যোগ নেয়। সিল্ক রুটে অন্তর্ভুক্ত দেশগুলোর মাধ্যমে বিশ্ব বাণিজ্যের এক-তৃতীয়াংশ সম্পন্ন হয়।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে এখন চীনের যত বিনিয়োগ আছে, তার বেশির ভাগই দুই দেশের সরকারি পর্যায়ের (জিটুজি) মাধ্যমে হয়েছে। বেল্ট অ্যান্ড রোড কার্যক্রমের মাধ্যমে চীনের যেসব বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী, তাদের সব ধরনের সহযোগিতা দেবে এসসিবি বাংলাদেশ। এ জন্য চীনা বিনিয়োগকারীদের জন্য ম্যান্দারিন ভাষায় একটি বই তৈরি করা হয়েছে। চীনের বেসরকারি বিনিয়োগকারীদের বাংলাদেশে এসে যাতে ভাষাগত সমস্যায় পড়তে না হয়, সে জন্যও সহযোগিতা দেবে এসসিবি।
আবরার এ আনোয়ার বলেন, এসসিবি সব সময়ই বাংলাদেশে চীনের বিনিয়োগ নিশ্চিতে বিশেষ ভূমিকা রেখেছে। সিল্ক রোডের মাধ্যমে চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আরও উৎসাহী করতে ভূমিকা রাখতে চায় এসসিবি। বাংলাদেশে এসসিবির ১০০ বছরের বেশি সময় কাজ করার অভিজ্ঞতা এ ক্ষেত্রে সহায়ক হবে।
সিল্ক রোডকে কাজে লাগিয়ে বাংলাদেশ কীভাবে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে—এমন প্রশ্নের উত্তরে অনুষ্ঠানে জানানো হয়, মৌলিক অবকাঠামো উন্নয়নে এই উদ্যোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চীন বছরে এখন ৩৫ হাজার কোটি ডলারের পণ্য বা কাঁচামাল বিভিন্ন দেশ থেকে আমদানি করে। সিল্ক রোডের অবকাঠামো-সুবিধাকে কাজে লাগিয়ে বাংলাদেশ চীনে রপ্তানি বাড়াতে পারে।
সেবাসটিয়ান আর বলেন, বেল্ট অ্যান্ড রোডের আওতাভুক্ত ৪৬টি দেশে ১৫০ বছরের বেশি সময় কাজের অভিজ্ঞতা এসসিবির রয়েছে। এসব দেশে চীনা ব্যবসায়ীদের ব্যবসা সহজ করতে ভূমিকা রাখতে চায় এসসিবি। এসসিবির উদ্যোগ এ কার্যক্রমে অন্তর্ভুক্ত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন ও দক্ষতা বাড়াতে ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলনে এসসিবি বাংলাদেশের হেড আব করপোরেট অ্যাফেয়ার্স বিটপী দাশ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।