সিসিআইই দুর্নীতিমুক্ত হবে: তোফায়েল
প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়কে (সিসিআইই) দুর্নীতিমুক্ত ও ব্যবসাবান্ধব করার ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রাজধানীর মতিঝিলে গতকাল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন এ সংস্থার কার্যালয়ে ‘স্মার্ট অফিস ব্যবস্থাপনা কার্যক্রম’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ ঘোষণা দেন।
প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক আফরোজা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন। চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীদের সহযোগিতা দেওয়াই আমাদের কাজ। তাঁরা যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে খেয়াল রাখতে হবে।’ ডিজিটাল হওয়ার কারণে ব্যবসায়ীরা এখন দ্রুততম সময়ে আমদানি ও রপ্তানি সনদসহ সব সেবা দপ্তরটি থেকে পাবেন বলে আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী।