সিসিভেদে রিকন্ডিশন্ড গাড়ির শুল্কহার পুনর্বিন্যাসের আহ্বান
আমদানি করা গাড়ির সিসিভেদে শুল্কস্তর পুনর্বিন্যাস করার সুপারিশ করেছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) নেতারা। ছয় ধাপের পরিবর্তে চার ধাপের শুল্কহার করার দাবি সংগঠনটির নেতাদের। সাধারণত গাড়ির ইঞ্জিনের ক্ষমতা (সিসি) বিবেচনায় এনে শুল্ক নির্ধারণ করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত চলমান প্রাক্-বাজেট আলোচনায় গতকাল বৃহস্পতিবার বারভিডার নেতারা এই দাবি জানান। সেগুনবাগিচার এনবিআর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সভায় বারভিডার সভাপতি হাবিব উল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন এতে সভাপতিত্ব করেন। এ সময় এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গাড়ির সিসিভেদে শুল্কস্তর পুনর্বিন্যাসের সুপারিশের পক্ষে যুক্তি দিয়ে সংগঠনের প্রস্তাবে বলা হয়, এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও অধিক রাজস্ব আদায়ের ক্ষেত্র তৈরি হবে। মজবুত, দীর্ঘায়ু ও উন্নত মানের গাড়ি সুলভ মূল্যে আমদানি করা যাবে। অধিক টেকসই গাড়ি আমদানি হলে বারবার পরিবর্তন করার প্রয়োজন হবে না। এ ছাড়া সব ধরনের মাইক্রোবাসের ওপর সম্পূরক শুল্ক প্রত্যাহারেরও সুপারিশ করেছে বারভিডা। বর্তমানে ১৮০০ সিসি পর্যন্ত মাইক্রোবাসে ৩০ শতাংশ এবং ১৮০০ থেকে ২০০০ সিসি পর্যন্ত ৬০ শতাংশ হারে সম্পূরক শুল্ক প্রযোজ্য রয়েছে। অন্য গাড়ির (কার) তুলনায় মাইক্রোবাসে অধিক যাত্রী পরিবহনে সক্ষম, তাই এর ব্যবহার বাড়ছে—এমন যুক্তি দেখিয়েছেন বারভিডার নেতারা। জাপান সরকার কর্তৃক প্রকাশিত ইয়োলো বুকে উল্লেখিত সংশ্লিষ্ট গাড়ির বছরওয়ারি মূল্যকে ন্যূনতম ভিত্তিমূল্য ধরে করযোগ্য মূল্য নির্ধারণের সুপারিশ করেছে বারভিডা। আর ইয়োলো বুকে লিপিবদ্ধ নতুন মূল্য থেকে বাণিজ্য ছাড় বাবদ (ট্রেড ডিসকাউন্ট) ২৫ শতাংশ বাদ দিয়ে প্রতি বছরের জন্য ১০ শতাংশ অবচয় প্রদান করে শুল্কায়ন মূল্য নির্ধারণেরও প্রস্তাব করা হয়।সংগঠনটি প্রস্তাবে আরও বলা হয়েছে, বর্তমানে ২৫০০ সিসি পর্যন্ত নতুন সিডানকার, জিপ, মাইক্রোবাসের মতো হাইব্রিড প্রযুক্তির আমদানির সুযোগ রয়েছে। রিকন্ডিশন্ড গাড়ির ক্ষেত্রে এই সুবিধা দেওয়া উচিত। হাবিব উল্লাহ বলেন, ‘আমরা শুল্ক কমানোর পক্ষে কথা বলছি না। আমরা শুল্কহার এমনভাবে নির্ধারণ করার প্রস্তাব করছি, যাতে ক্রেতারা সুলভ মূল্যে টেকসই গাড়ি কিনতে পারেন।’ বারভিডার সাবেক সভাপতি আবদুল হক বলেন, ‘ব্যবসার জন্য নতুন ও পুরোনো—সব ধরনের গাড়ি ব্যবসায়ীদের জন্য সুষম প্রতিযোগিতার সুযোগ চাই। তিন-চার বছর রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ীদের প্রতি ন্যায়বিচার করা হয়নি।’ এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন জানান, গাড়ি আমদানি ও ব্যবহার নিয়ে এবারের বাজেটে একটি দিকনির্দেশনার দেওয়ার চেষ্টা চলছে। কেননা রাস্তার তুলনায় গাড়ি বেশি হয়ে যাচ্ছে। বারভিডার দাবি পর্যালোচনা করে যৌক্তিক হলে মেনে নেওয়া হবে বলেও জানান তিনি। গোলাম হোসেন আরও জানান, এনবিআরের কাছে হিসাব আছে, কারা বিএমডব্লিউ, মার্সিডিজের মতো বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন। এ ছাড়া কারনেট সুবিধায় আনা ১০০টি গাড়ির কোনো খোঁজ নেই।