সীমান্ত বাণিজ্য বাড়াতে পেট্রাপোলের আধুনিকায়ন করছে ভারত সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ভারত পেট্রাপোল স্থলবন্দরের সার্বিক অবকাঠামো ও যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন করবে।সীমান্তের এই উন্নয়নের কাজ খতিয়ে দেখতে গত রোববার পশ্চিমবঙ্গের মুখ্য সচিব সমর ঘোষ, বিএসএফের আইজি (দক্ষিণবঙ্গ) সি ভি মুরলিধরন, উত্তর চব্বিশ পরগনার জেলা প্রশাসক এবং পুলিশ সুপার পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করেন।পরিদর্শন শেষে মুখ্য সচিব জানান, কেন্দ্রীয় সরকার পেট্রাপোল সীমান্তের অবকাঠামো উন্নয়নের প্রকল্প গ্রহণ করেছে। শিগগিরই শুরু হবে এই বন্দরের আধুনিকায়নের কাজ।ভারতের সবচেয়ে বড় স্থলবন্দর হচ্ছে পশ্চিমবঙ্গের পেট্রাপোল। এর অপর পারেই রয়েছে বাংলাদেশের যশোরের বেনাপোল স্থলবন্দর। দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যের বেশির ভাগই হয়ে থাকে এই সীমান্ত দিয়ে। সরকারি তথ্য অনুযায়ী, পেট্রাপোল-বেনাপোল সীমান্তপথে এখন গড়ে প্রতিদিন অন্তত ২৬ কোটি ভারতীয় রুপির বাণিজ্য হয়। অথচ পেট্রাপোল স্থলবন্দরের অবকাঠামো অত্যন্ত দুর্বল। রাস্তাঘাটও নাজুক ও ভাঙাচোরা।পেট্রাপোল থেকে কলকাতা পর্যন্ত ৯০ কিলোমিটার সড়কের বেশির ভাগই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তা ছাড়া এই সীমান্তের অভিবাসন দপ্তর, শুল্ক দপ্তর ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ক্যাম্প ছড়িয়েছিটিয়ে থাকায় পাসপোর্টধারী যাত্রীদের যেমন সীমান্ত পারাপারে ভোগান্তির শেষ থাকে না তেমনি সীমান্ত বাণিজ্যেও নানা ব্যাঘাত ঘটে। এসব বিবেচনা করেই ভারতের কেন্দ্রীয় সরকার পেট্রাপোল সীমান্তের পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রমতে, ভারত সরকারের লক্ষ্য সীমান্তের পরিকাঠামো উন্নত করে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ করা। তাই ভারত সরকার এখন চাইছে সীমান্তের সব দপ্তর এক ছাদের নিচে আনতে। সেই লক্ষ্যে পেট্রাপোল উন্নয়নের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।