বাংলাদেশ-ভারত সীমান্ত হাট আগামী ফেব্রুয়ারি মাসেই চালু হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। বর্তমানে সীমান্ত হাট উদ্বোধনের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।বাণিজ্যমন্ত্রী বলেন, সীমান্ত হাট চালুর মাধ্যমে ভারতের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে এবং সীমান্তে চোরাচালান অনেক হ্রাস পাবে।গতকাল রোববার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তারের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান। বৈঠকে ভারতের ডেপুটি হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য এ সময় উপস্থিত ছিলেন।বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বালিয়ামারি ও ভারতের মেঘালয় রাজ্যের কালাইচর এবং বাংলাদেশের সুনামগঞ্জ জেলার লাওয়াঘর ও ভারতের মেঘালয় রাজ্যের বালাতে এ দুই সীমান্ত হাট চালু হওয়ার কথা।এদিকে ২৮ জানুয়ারি থেকে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে অনুষ্ঠেয় ১৮তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশ অংশ নেবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।মেলার সহযোগী আয়োজক বাংলাদেশ। এতে বাংলাদেশের ৫০টি স্টল অংশ নেবে। বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে দেশের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠনের নেতারা গুয়াহাটি মেলায় অংশ নেবেন।এসিড আমদানি: গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ এসিড মার্চেন্ট সমিতির সঙ্গে বাণিজ্যমন্ত্রীর আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। নয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সমিতির সভাপতি হারুন আল রশিদ। বৈঠকে ১০ দিনের মধ্যে এসিড আমদানি নীতিমালার সংশোধিত খসড়া তৈরির নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী।ব্যবসায়ীরা বাণিজ্যমন্ত্রীকে জানান, এসিড যত্রতত্র ব্যবহার ও বিক্রি হচ্ছে। তাই সরকার যেন এমন ব্যবস্থা নেয়, যাতে সমিতির প্রত্যয়ন ছাড়া এসিডের লাইসেন্স নবায়ন করা না যায়। এ ব্যাপারে ভূমিকা পালন করতে হবে জেলা প্রশাসকদের (ডিসি)। এ ছাড়া আমদানি করা এসিড ও রাসায়নিক পণ্য খালাস করার সময়ও সমিতির ছাড়পত্র নেওয়ার বিধান চালুর দাবি জানান তাঁরা।ফারুক খান সমিতির নেতাদের তিনটি বিষয়ে গুরুত্ব আরোপ করে জানান, বাণিজ্য সংগঠন অধ্যাদেশ ১৯৬১ অনুসারে এসিড আমদানিতে সমিতির ছাড়পত্র লাগবে। সমিতির সদস্য না হলে কেউ এসিড-সংক্রান্ত ব্যবসা করতে পারবেন না। ডিসি কর্তৃক লাইসেন্স নবায়নের ক্ষেত্রে ব্যবসায়ীদের সদস্য সনদ বাধ্যতামূলক জমা দিতে হবে।