প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রিপুরা সফরকালে সেখানকার ব্যবসায়ী সম্প্রদায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় সীমান্ত হাট বসানোর দাবি জানাবে।বাংলাদেশের প্রধানমন্ত্রী ১১ জানুয়ারি দুই দিনের এক সফরে ত্রিপুরায় যাচ্ছেন। সফরের প্রথম দিন বিকেল পাঁচটায় তিনি আগরতলার প্রজ্ঞা ভবনে উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে ব্যবসায়ীরা ত্রিপুরায় চারটিসহ মেঘালয় ও অন্য রাজ্যগুলোয় সীমান্ত হাট বসানোর দাবি তুলবেন।ভারতের একাধিক ভাষায় প্রকাশিত দৈনিক সংবাদপত্র সকালবেলার ত্রিপুরা সংস্করণে গতকাল রোববার এ তথ্য প্রকাশ করা হয়েছে। বিশেষ করে, রাঘনা কসবা, ঋষ্যমুখ ও কমলপুরে সীমান্ত হাট করার বিষয়ে ব্যবসায়ীরা ইতিবাচক সাড়ার অপেক্ষায় রয়েছেন বলে পত্রিকাটি উল্লেখ করেছে।ত্রিপুরার শিল্প ও বণিক সমিতির সভাপতি এম এল দেবনাথ পত্রিকাটিকে জানান, ব্যবসায়ীদের ওই দাবি যৌক্তিক। ত্রিপুরা ও আশপাশের রাজ্যগুলোয় বাংলাদেশি পণ্যের যেমন বড় বাজার রয়েছে, তেমনি ভারতীয় পণ্যও বাংলাদেশিদের কাছে পছন্দের।জানা গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর ব্যবসায়ীদের মধ্যকার বৈঠকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নেতারাও উপস্থিত থাকবেন।