
তেজগাঁও থেকে রিকশায় চড়ে কারওয়ান বাজারে আসার পথে কথা হচ্ছিল চালক রহমত আলীর সঙ্গে। কথার একপর্যায়ে পবিত্র রমজান মাসে ট্রাকে করে বিক্রি হওয়া টিসিবির পণ্য কেনেন কি না, জানতে চাইলে তার উত্তর, ‘কারা দেয় জানি না, কিন্তু ট্রাকের জিনিস তো যাওনের আগেই শেষ হইয়া যায়। কিনুম ক্যামনে।’
বাজার চাহিদার মাত্র ২ থেকে ৩ শতাংশ পণ্য নিয়েই যখন সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বাজার নিয়ন্ত্রণে নামে, তখন ক্রেতারা সব সময় তা পাবেন না, সেটাই তো স্বাভাবিক।
পবিত্র রমজান সামনে রেখে প্রতিবছরই কম দামে পণ্য বিক্রি করে টিসিবি। আর এর মধ্য দিয়ে বাজার নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালায় সংস্থাটি। তবে যে পরিমাণ পণ্য নিয়ে সংস্থাটি মাঠে নামে তা দিয়ে আর যা-ই হোক বাজারদর নিয়ন্ত্রণ কোনোভাবেই সম্ভব না।
রমজান উপলক্ষে খোলা ট্রাকে করে এবং ডিলারদের মাধ্যমে পাঁচটি পণ্য বাজারে বিক্রি করে টিসিবি। এই পাঁচ পণ্য হলো চিনি, ভোজ্যতেল, মসুর ডাল, ছোলা ও খেজুর।
সূত্র জানায়, টিসিবি এ বছর দুই হাজার ২০০ টন সয়াবিন তেল বিক্রির পরিকল্পনা করছে। যদিও এই মুহূর্তে সংস্থাটির হাতে সাড়ে চার হাজার টন তেল মজুত আছে। রমজানে দেশে দেড় লাখ থেকে পৌনে দুই লাখ টন ভোজ্যতেলের চাহিদা আছে। প্রতিদিনের চাহিদা পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টন। সে হিসাবে, টিসিবি যে ভোজ্যতেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, তা দিয়ে দেশের মানুষের এক দিনের চাহিদাও মেটানো সম্ভব নয়। সংস্থাটির পুরো মজুত তেলও যদি বাজারে ছাড়া হয় তাহলেও এক দিনের চাহিদা মিটবে না।
সীমিত পণ্যে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চালানোর বিষয়টি স্বীকার করছে টিসিবিও। সংস্থাটির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ‘টিসিবি এখন বাজার চাহিদার ২ থেকে ৩ শতাংশ পণ্য সরবরাহ করতে পারে। চাইলেও আমরা এর বেশি পণ্য সরবরাহ করতে পারি না। সব ধরনের ক্রেতার জন্যই এসব পণ্য উন্মুক্ত থাকলেও আমরা মূলত নিম্ন আয়ের মানুষকে কম দামে পণ্য দেওয়ার উদ্দেশ্য থেকেই এ কাজটি করে থাকি।’
তবে টিসিবির সীমিত পণ্যের এই আয়োজন বাজার নিয়ন্ত্রণে ভূমিকা রাখে না—এ কথা মানতে নারাজ বাণিজ্যসচিব মাহবুব আহমেদ। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, টিসিবি যে ২-৩ শতাংশ পণ্য নিয়ে বাজারে হস্তক্ষেপ করে, সেটারই বাজারে অনেক প্রভাব আছে। তা না হলে জিনিসপত্রের দাম আরও অনেক বেশি হতো।
চাহিদা-সরবরাহ এবং সীমিত মজুত: আসছে রমজান উপলক্ষে সাড়ে চার হাজার টন চিনি বিক্রির পরিকল্পনা করেছে টিসিবি। রমজানে চিনির চাহিদা দেড় লাখ টনের কিছু বেশি। অর্থাৎ রমজানে প্রতিদিন চিনি ব্যবহার হয় পাঁচ হাজার টন। এর মানে, টিসিবি যে চিনি বিক্রি করবে, তা দিয়ে মানুষের এক দিনের চাহিদাও মিটবে না।
রমজানে মসুর ডালের চাহিদা থাকে ৪৫ থেকে ৫০ হাজার টন। প্রতিদিনের চাহিদা দেড় হাজার থেকে এক হাজার ৬৬০ টন। টিসিবি এবার এক হাজার ৮০০ থেকে দুই হাজার টন মসুর ডাল ভোক্তার কাছে বিক্রির উদ্যোগ নিয়েছে। এতে দেশের মানুষের বড়জোর দেড় দিনের চাহিদা মেটানো সম্ভব।
রমজানে ছোলার চাহিদা বেড়ে দাঁড়ায় ৫০ হাজার টনে। প্রতিদিনের চাহিদা এক হাজার ৬৬৬ টন। টিসিবি এ বছর ছোলা বিক্রি করবে দেড় হাজার টন। এ দিয়ে ভোক্তাদের এক দিনের চাহিদাও মেটানো সম্ভব নয়।
রমজানে খেজুরের চাহিদা ১৮ হাজার টন। প্রতিদিনের চাহিদা ৬০০ টন। টিসিবি এবার বিক্রির উদ্দেশ্যে দুবাই থেকে খেজুর আমদানি করেছে ১৫০ টন, যা চাহিদার তুলনায় খুবই নগণ্য।
এই সীমিত পণ্য নিয়েই টিসিবি গত ৯ জুন থেকে সারা দেশে ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে। ক্রেতারা এক কেজি চিনি ৩৯, মসুর ডাল ৬৫, ছোলা ৪৪ ও খেজুর ৭০ টাকায় কিনতে পারবেন। এক লিটার কিংবা দুই লিটারের বোতলজাত তেল কিনলে প্রতি লিটারের দাম পড়বে ১০৭ টাকা এবং পাঁচ লিটারের বোতল কিনলে এক লিটারের দাম পড়বে ১০৬ টাকা।
বাজারে প্রতি কেজি চিনি ৪৬–৫০ টাকা, মসুর ডাল মানভেদে ৭৫–৯০ টাকা, এক লিটারের সয়াবিন তেল ১১২–১১৬ টাকা, ছোলা ৫৫–৬০ টাকা, সাধারণ খেজুর ৯০–১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
পণ্যের পরিমাণ কেন বাড়ে না: চাহিদার তুলনায় নগণ্য পরিমাণ পণ্য নিয়েই কেন টিসিবিকে বাজার নিয়ন্ত্রণে নামতে হয়—এ বিষয়টি খোঁজ করে বড় তিনটি কারণ জানা গেছে। এগুলো হলো, সরকারি ক্রয়বিধিগত (পিপিআর) বাধা, মূলধনস্বল্পতা এবং পর্যাপ্ত পরিমাণে গুদাম না থাকা।
টিসিবি সূত্র বলছে, ক্রয়বিধি অনুযায়ী আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে টিসিবি বেশির ভাগ পণ্য কেনে। বিধি মোতাবেক পণ্য আমদানি করে দেশে আসতে অনেক ক্ষেত্রেই ১২০ থেকে ১৫০ দিন লেগে যায়। এ ক্ষেত্রে ক্রয়বিধি অনুসরণ না করে যদি টিসিবিকে সরাসরি ওই দেশের রপ্তানিকারকদের সঙ্গে যোগাযোগ করে পণ্য আমদানির সুযোগ দেওয়া হয় তাহলে কম দামে পণ্য কেনা সম্ভব।
এ বিষয়ে বাণিজ্যসচিব বলেন, ‘পিপিআর অনুসরণ থেকে প্রতিবছরই টিসিবিকে অব্যাহতি দেওয়া হচ্ছে। তা ছাড়া, নিত্যপণ্যের মূল্য বর্তমানে সহনশীল পর্যায়েই রয়েছে।’
টিসিবি সূত্র বলছে, মূলধনস্বল্পতার কারণেও টিসিবি বেশি পণ্য কিনতে পারে না। পণ্য কেনার জন্য ব্যাংক থেকে এলটিআর ঋণ (বিশ্বাসের ঋণ) নিতে হয়। ১২ থেকে ১৬ শতাংশ সুদে এই ঋণ নেওয়া হয় অর্থ মন্ত্রণালয়ের কাউন্টার গ্যারান্টির (টিসিবি ঋণ পরিশোধ করতে না পারলে অর্থ মন্ত্রণালয় শোধ করবে) বিপরীতে। এই ঋণ এবং এর সুদ পরিশোধ পণ্যমূল্যের ওপর গিয়ে পড়ে। কিন্তু টিসিবি বেশি দামে পণ্যও বিক্রি করতে পারে না। বেশি দামের পণ্য কম দামে বিক্রি করতে হয় বলে সরকারকে ভর্তুকি দিতে হয়। এ ক্ষেত্রে টিসিবিকে এককালীন ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলে টিসিবি যেমন বেশি পণ্য কিনতে পারত, সরকারের ভর্তুকিও কমে আসত। ২০১২-১৩ অর্থবছরে সরকার টিসিবিকে ৫৮ কোটি ৬৮ লাখ টাকা ভর্তুকি হিসেবে বরাদ্দ দেয়।
সূত্র বলছে, গুদাম নির্মাণের জন্য ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও খুলনায় জমি কেনা আছে। কিন্তু অর্থের অভাবে সেগুলো নির্মাণ করা যাচ্ছে না। সরকার থেকে এককালীন থোক বরাদ্দ পেলে এসব গুদাম নির্মাণ করা যেত। নিজস্ব গুদাম কম হওয়ায় টিসিবিকে গুদাম ভাড়া বাবদ প্রতিবছর দেড় কোটি টাকার বেশি পরিশোধ করতে হয়।