সীমিত পণ্যে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাস সামনে রেখে প্রতিবছরই বাজারে কম দামে পণ্য বিক্রি করে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। কিন্তু যে পরিমাণ পণ্য নিয়ে সংস্থাটি মাঠে নামে, তা দিয়ে আর যা-ই হোক বাজার নিয়ন্ত্রণ কোনোভাবেই সম্ভব নয়।
টিসিবি আসন্ন রমজান মাসে খোলা ট্রাকে ও ডিলারদের মাধ্যমে মোট সাড়ে তিন হাজার থেকে তিন হাজার ৮০০ টন ভোজ্যতেল বিক্রির পরিকল্পনা হাতে নিয়েছে। তবে সংস্থাটির কাছে এই মুহূর্তে মোট মজুত আছে সাড়ে সাত হাজার টন।
বাংলাদেশ ট্যারিফ কমিশনের হিসাব অনুযায়ী রমজান মাসে দেশে দেড় লাখ থেকে পৌনে দুই লাখ টন ভোজ্যতেলের চাহিদা থাকে। অর্থাৎ প্রতিদিনের চাহিদা প্রায় পাঁচ হাজার থেকে পাঁচ হাজার ৮০০ টন। সেই হিসাবে টিসিবি যে ভোজ্যতেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, তা দিয়ে দেশের মানুষের মাত্র এক দিনের চাহিদাও মেটানো সম্ভব নয়। আর সংস্থাটির পুরো মজুত তেলও যদি বাজারে ছাড়া হয়, তাতেও সর্বোচ্চ দেড় দিনের চাহিদা মিটবে।
টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ‘আমাদের যতটুকু সামর্থ্য তা দিয়েই বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করি। আমরা বড়জোর চাহিদার ২ থেকে ৩ শতাংশ পণ্য সরবরাহ করতে পারি।’ তিনি বলেন, ‘আমরা ৩০০ কোটি টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলাম। তার কোনো সুরাহা হয়নি। ব্যাংক ঋণের সুদ বাবদ বছরে ১৫ কোটি টাকা পরিশোধ করতে হয়। এই বরাদ্দ পেলে আমরা আরও পণ্য কিনতে পারতাম।’

সীমিত পণ্য নিয়েই এবার পবিত্র রমজানে তিন কিস্তিতে ডিলারদের পণ্য সরবরাহ করবে টিসিবি। ২৭ বা ২৮ জুন প্রথম, রমজান মাসের প্রথম সপ্তাহে দ্বিতীয় ও মাঝামাঝি সময়ে তৃতীয় কিস্তি দেওয়া হবে।

দুই বছর ধরে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর—এই পাঁচটি পণ্য বিক্রি করলেও এবার টিসিবির পণ্য তালিকায় নেই খেজুর। অবশ্য গত বছরের অবশিষ্ট খেজুর এবার বিক্রির জন্য এরই মধ্যে ডিলারদের দেওয়া হয়েছে।

চাহিদা বনাম সরবরাহ: টিসিবি এবার ভোক্তাদের কাছে ১৫ হাজার টন চিনি সরবরাহ করবে। যদিও সংস্থাটির কাছে মজুত রয়েছে মোট সাড়ে ১৮ হাজার টন। রমজান মাসে চিনির চাহিদা দেড় লাখ টনের কিছু বেশি। অর্থাৎ পবিত্র রমজানে প্রতিদিন চিনি ব্যবহার হয় পাঁচ হাজার টন। তার মানে, টিসিবি মানুষের তিন দিনের চিনির চাহিদা মেটাতে পারবে।

রমজান মাসে মসুর ডালের চাহিদা থাকে ৪৫ থেকে ৫০ হাজার টন। প্রতিদিনের চাহিদা এক হাজার ৫০০ থেকে এক হাজার ৬৬০ টন। অথচ টিসিবি সরবরাহ করবে সাড়ে তিন হাজার টন ডাল। তবে সংস্থাটির কাছে আরও সাত হাজার টনের মজুত আছে। অর্থাৎ সংস্থাটি সব মজুত ডাল দিলেও মানুষের চার দিনের চাহিদা মেটানো যাবে।

ইফতারসামগ্রীর অন্যতম উপকরণ ছোলা। সারা বছরে চাহিদা যা-ই থাক, রমজান মাসে চাহিদা বেড়ে দাঁড়ায় ৫০ হাজার টনে। প্রতিদিনের চাহিদা এক হাজার ৬৬৬ টন। টিসিবি এ বছর ছোলা বিক্রি করবে দুই হাজার টন। এ দিয়ে দেশের মানুষের দেড় দিনের চাহিদাও মেটানো সম্ভব নয়।

টিসিবির তথ্য অনুযায়ী, গত বছর পবিত্র রমজানের আগে কেনা ১৯১ টন খেজুর অবিক্রীত থেকে গিয়েছিল। সেই খেজুরই এবার বিক্রি করা হবে। তাই নতুন করে কোনো প্রস্তুতি নেওয়া হয়নি। এরই মধ্যে ১৩১ টন খেজুরের বিক্রয়াদেশ দেওয়া হয়েছে। অবশিষ্ট খেজুরের জন্য শিগগিরই দরপত্র আহ্বান করবে সংস্থাটি। উল্লেখ্য, রমজান মাসে দেশে খেজুরের চাহিদা ১৮ হাজার টন।

হুমায়ুন কবির আরও জানান, টিসিবির ডিলার আছেন দুই হাজার ৯০০ জন। এর মধ্যে দুই হাজার ২০০ ডিলার পণ্য বিক্রির কাজে জড়িত হতে পারেন ধরে নিয়েই এবারে পণ্য বিক্রির চাহিদা নির্ধারণ করা হয়েছে।

ট্রাকে বিক্রি: পবিত্র রমজান সামনে রেখে ২২ বা ২৩ জুন থেকে সারা দেশে খোলা ট্রাকে করেও পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে টিসিবি। ১৭৪টি ট্রাকে করে পণ্য বিক্রি হবে। এর মধ্যে ঢাকায় ২৫টি, চট্টগ্রামে ১০টি, অন্যান্য বিভাগীয় শহরে পাঁচটি করে এবং প্রতিটি জেলা সদরে দুটি করে ট্রাকে পণ্য বিক্রি হবে।

প্রতিটি ট্রাকে পণ্য থাকবে দুই হাজার থেকে আড়াই হাজার কেজি। এর মধ্যে এক হাজার কেজি চিনি, ২০০ কেজি করে মসুর ডাল ও ছোলা এবং ২০০ থেকে ৪০০ লিটার ভোজ্যতেল থাকবে। হুমায়ুন কবির জানান, এটি প্রাথমিক পরিকল্পনা। পণ্যের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।