
শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় চীনে উৎপাদন খরচ বেড়েছে এবং এ কারণে বাংলাদেশ অনেক রপ্তানির কাজ এত দিন পেয়ে এসেছে। কিন্তু এখন ওরা নতুন প্রযুক্তির মাধ্যমে খরচ কমিয়ে আনছে। এটা আমাদের জন্য বড় দুশ্চিন্তার একটি বিষয়। কারণ বাংলাদেশের হাতে তৈরি পোশাকের বিকল্প খুব কম। অন্যান্য শিল্পে আমরা এখনো সেভাবে এগোতে পারিনি, তাই সুযোগ খুব সীমিত হয়ে আসছে। চীনের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও এখন প্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন করে অনেক কারখানা তৈরি হওয়া শুরু হয়েছে। তাই আগের মতো বাড়তি সুবিধা এখন আর আমরা পাব না। এ সমস্যা মোকাবিলা করতে আমাদের কর্মদক্ষতা ও উৎপাদন ক্ষমতা অনেক বাড়াতে হবে। পণ্য উৎপাদন ও ক্রেতার কাছে পাঠানোর সময় কমাতে হবে, ব্যাংকের সুদ হার আরও কমিয়ে আনতে হবে। আরও বেশি করে নতুন ধরনের পণ্য উৎপাদনে জোর দিতে হবে। কর্মদক্ষতা বাড়ানোর জন্য সরকারকে অনেক সহযোগিতা করতে হবে। কারণ, চীনসহ সব দেশের সরকার তাদের নিজস্ব শিল্পের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে। ডলারের বিপরীতে টাকার কিছুটা অবমূল্যায়নও করতে হবে।