সুইডেন বাংলাদেশে রপ্তানি ও বিনিয়োগ বাড়াতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে রপ্তানি বাড়ানোর পাশাপাশি বিনিয়োগ করতে চায় সুইডেন। বাংলাদেশের বাজার ও বিনিয়োগ-সুবিধা সরেজমিনে দেখতে এবং নিজেদের বিনিয়োগ সক্ষমতা দেখাতে চান দেশটির বাণিজ্য প্রতিনিধিরা। সফররত সুইডেনের বাণিজ্যমন্ত্রী গানার ওম গতকাল সোমবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত এক সেমিনারে এসব কথা বলেন। সুইডেনের বাণিজ্য প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। সেমিনারে আরও বক্তব্য দেন বিনিয়োগ বোর্ডের সদস্য নাভাস চন্দ্র মণ্ডল, ঢাকা চেম্বারের সভাপতি সবুর খান, বাংলাদেশের নরডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এনসিসিআই) সভাপতি আরিল্ড ক্লকেরহগ, ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত এনেলি লিন্ডাল কেনি প্রমুখ। সবুর খান বলেন, বাংলাদেশে কৃষিপণ্য প্রক্রিয়াকরণ, পাট, জ্বালানি, সার, সিরামিকপণ্য, ওষুধ, হালকা প্রকৌশল, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, পর্যটন খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে। এনসিসিআইয়ের সভাপতি আরিল্ড ক্লকেরহগ বলেন, ‘১৯ বছর ধরে আমি বাংলাদেশে বসবাস করছি। শুরুর দিকে দেখতাম, মানুষ বাসাবাড়িতে কাজের সন্ধানে আসত। এখন বাসাবাড়ির কাজের জন্য লোক খুঁজতে হয়। এতেই বোঝা যায়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। ৬ শতাংশের মতো প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে রয়েছে।’এনেলি লিন্ডাল কেনি জানান, দুই দেশের ব্যবসা-বাণিজ্য প্রসারে ইতিমধ্যে স্টকহোমে সুইডেন-বাংলাদেশ বিজনেস কাউন্সিল গঠন করা হয়েছে।