সুইফট কারিগরেরা বাংলাদেশ ব্যাংককে অরক্ষিত করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক মাধ্যম সুইফটের কারিগরদের অসাবধানতার কারণেই বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার বেশি অরক্ষিত হয়ে পড়েছিল। এতে হ্যাকাররা সহজেই সার্ভারে ঢুকে পড়েছিল। রিজার্ভ থেকে ফিলিপাইনে ৮ কোটি ১০ লাখ ডলার চুরির তিন মাস আগে সুইফট কারিগরেরা সুইফট মেসেজিংয়ে ব্যাংকের নতুন একটি লেনদেন পদ্ধতি যুক্ত করে। এ সময়েই এ অঘটনটি ঘটে বলে ব্যাংকের একজন কর্মকর্তা ও পুলিশের অভিযোগ।

রিজার্ভ কেলেঙ্কারির তদন্ত দলের নেতৃত্বে থাকা বাংলাদেশের পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ শাহ আলমের বরাত দিয়ে রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।

শাহ আলম বলেন, কারিগরেরা বাংলাদেশে প্রথমবারের মতো সুইফটে রিয়াল টাইম গ্রস সেটলমেন্ট সিস্টেম (আরটিজিএস) যুক্ত করে। এ সময় তাদের অবহেলার কারণে কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার অরক্ষিত হয়ে পড়ে। রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেমের মাধ্যমে স্থানীয় ব্যাংকগুলো ও কেন্দ্রীয় ব্যাংক বড় অঙ্কের লেনদেনের বিষয়গুলো নিজেদের মধ্যে মেটাতে পারে। গত বছর অক্টোবরে বাংলাদেশ ব্যাংকে ওই সিস্টেম বসানো হয়। পরে তা সুইফট মেসেজিং সিস্টেমের সঙ্গে যুক্ত করা হয়।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহ আলম বলেন, তাঁরা অনেক ফাঁকফোকর খুঁজে পেয়েছেন। এসব কারণে ওই সময় বাংলাদেশ ব্যাংক অনেক বেশি ঝুঁকিতে ছিল।

শাহ আলম ও তদন্তের স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কেন্দ্রীয় ব্যাংকের মেসেজিং প্ল্যাটফর্মে আরটিজিএস যুক্ত করার সময় সুইফট কারিগরেরা কিছু ভুল করে। তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে সুইফটের যেসব নিজস্ব পদ্ধতি রয়েছে, কারিগরেরা তা ঠিকভাবে মানেনি।

পুলিশ বলছে, কারিগরদের ভুলের কারণে কেন্দ্রীয় ব্যাংকের সুইফট মেসেজিং সহজেই উন্মুক্ত হয়ে পড়ে। সাধারণ একটি পাসওয়ার্ড ব্যবহার করেই ওই প্ল্যাটফর্মে ঢোকার সুযোগ থেকে যায়। সুইফট মেসেজিংয়ে নিরাপত্তার জন্য কোনো ফায়ারওয়াল ছিল না। সাধারণ একটি সুইচ ব্যবহার করা হতো। ওই ব্যাংক কর্মকর্তা আর বলেন, আরটিজিএস সংযুক্ত করার পর পুরো পদ্ধতিতে কোনো দুর্বলতা রয়ে গেল কি না, তা পরীক্ষা করে দেখা সুইফটের দায়িত্ব ছিল। কিন্তু তারা তা করেনি।

এসব অভিযোগের ব্যাপারে সুইফটের প্রধান মুখপাত্র নাতাশা দা তেরান কোনো মন্তব্য করতে রাজি হননি। বাংলাদেশ ব্যাংকে সুইফট তাদের নিজস্ব বা বাইরে থেকে কোনো কারিগর পাঠিয়েছিল কি না, তাও বলতে চায়নি।

সুইফটের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে বৈঠক করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফজলে কবিরের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল সুইজারল্যান্ড উদ্দেশে রওনা হয়েছে। আগামীকাল সুইজারল্যান্ডের বাসেলে ত্রিপক্ষীয় বৈঠক হবে। ওই বৈঠকে রিজার্ভ চুরির ঘটনা এবং খোয়া যাওয়া ডলার আদায়ের বিষয়টি গুরুত্ব পাবে। সেখানে সুইফট কারিগরদের অবহেলার অভিযোগের বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে।

গত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সাইবারের দুর্বলতাকে কাজে লাগিয়ে নিউইয়র্ক ফেডে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনা ঘটে। এর মধ্যে দুই কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কায় আর বাকি ৮ কোটি ১০ লাখ ডলার গেছে ফিলিপাইনে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, শ্রীলঙ্কা থেকে দুই কোটি ডলার ফেরত পাওয়া গেছে। তবে ফিলিপাইনে যাওয়া অর্থ এখনো ফিরে পাওয়া যায়নি।