সুইফট বাংলাদেশের চেয়ারপারসন হলেন আনিস এ. খান

সুইফট মেম্বার অ্যান্ড ইউজার গ্রুপ বাংলাদেশের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ. খান।
এ ছাড়া ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার ভাইস চেয়ারপারসন ও সোস্যাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এ এম এম ফরহাদ মহাসচিব নির্বাচিত হয়েছেন। ২০১৪-১৬ সময়ের জন্য তাঁরা এ পদে নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি ঢাকার একটি হোটেলে গ্রুপের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তাঁদের নির্বাচিত করা হয়। একই সঙ্গে এদিন থেকে ১৫ সদস্যের নতুন নির্বাহী কমিটি আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এজিএমে সভাপতিত্ব করেন সুইফট মেম্বার অ্যান্ড ইউজার গ্রুপের ভারপ্রাপ্ত চেয়ারপারসন মো. আরফান আলী। আজ শনিবার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
সুইফট মেম্বার অ্যান্ড ইউজার গ্রুপ বাংলাদেশের নির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম মহাসচিব মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ সৈয়দ মো. মাসুম ও যুগ্ম কোষাধ্যক্ষ সোহরাব মোস্তফা। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের মনোনীত নির্বাহী কমিটির সদস্যরা হলেন প্রদীপ কুমার দত্ত, সৈয়দ আবদুল হামিদ, এস এম আমিনুর রহমান, মোহাম্মদ আবদুল মান্নান, শফিকুল আলম, সৈয়দ মাহবুবুর রহমান, মো. আরফান আলী ও এ কে এম শামীম।