সুইফট ব্যবহারকারী অন্য ব্যাংকগুলোয় সাইবার হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়ার পরও সুইফটের সদস্য ব্যাংকগুলোয় সাইবার হামলা হয়েছে। ভুয়া বার্তা দিয়ে এসব ব্যাংক থেকে অর্থ সরাতে সক্ষম হয়েছে সাইবার অপরাধীরা। গতকাল মঙ্গলবার সদস্য ব্যাংকগুলোকে এ বিষয়ে চিঠি দিয়েছে বিশ্বব্যাপী আর্থিক লেনদেনের বার্তা সেবাদানকারী প্রতিষ্ঠান সুইফট। ওই দিনই বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়।

চিঠিতে সুইফট জানায়, গত ফেব্রুয়ারিতে রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি হওয়ার পর জুনে ভুয়া বার্তা ব্যবহার করে নতুন নতুন সাইবার হামলা হয়েছে সুইফটের সদস্য ব্যাংকগুলোয়। কোনো কোনো ক্ষেত্রে সফল হয়েছে সাইবার অপরাধীরা।
সুইফট বলছে, রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির পর সদস্য ব্যাংকগুলোকে সতর্ক করার পরও এসব সাইবার হামলা হয়েছে। চিঠিতে সুইফট জানায়, বাংলাদেশ ব্যাংকের অর্থ সরাতে সফল হওয়ার কারণেই এ ধরনের সাইবার হামলার প্রচেষ্টা বেড়ে গেছে। তবে হামলার স্বীকার ব্যাংকগুলোর কী পরিমাণ অর্থ খোয়া গেছে, এ ব্যাপারে বিস্তারিত জানায়নি সুইফট। কতবার হ্যাক করার চেষ্টা হয়েছে বা অপরাধী কারা, এ বিষয়েও কিছু জানায়নি সুইফট।
সুইফট বলছে, প্রতিটি হামলার ক্ষেত্রেই যে জিনিসটি স্পষ্টভাবে উঠে এসেছে, তা হলো স্থানীয় সাইবার নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা। এ কারণেই অপরাধীরা সহজেই সুইফটের ভুয়া বার্তা ব্যবহার করে অর্থ সরাতে সক্ষম হয়েছে।
রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির পর নিরাপত্তার বিষয়ে সদস্য ব্যাংকগুলোকে বারবার তাগাদা দেয় সুইফট। দ্রুত বার্তা আদান-প্রদানে ব্যবহৃত সফটওয়্যারের নবায়ন করতে বলে তারা।
আগামী ১৯ নভেম্বরের মধ্যে সদস্য ব্যাংকগুলোকে নতুন ভার্সনের সফটওয়্যার ইনস্টল করার নির্দেশ দিয়েছে সুইফট। আর তা না হলে ব্যাংক নিয়ন্ত্রক কমিটিতে রিপোর্ট করা হবে বলে জানিয়েছে তারা।