সুইফট সংস্কারের দাবি ডয়েচে ব্যাংকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক মাধ্যম সুইফটের সংস্কারের আহ্বান জানিয়েছে ডয়েচে ব্যাংক। ফেব্রুয়ারিতে নিউইয়র্কের রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার সাইবার হ্যাকিংয়ের পর থেকে সমালোচিত হয়ে আসছিল সুইফট। আর ঘটনার জন্য সুইফটের সংস্কার প্রয়োজন বলে মনে করছে জার্মানির ডয়েচে ব্যাংক। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

খবরে বলা হয়, জার্মানির ডয়েচে ব্যাংক সুইফটের সবচেয়ে বড় গ্রাহক প্রতিষ্ঠানগুলোর একটি। ডয়েচে ব্যাংকই প্রকাশ্যে সুইফটে পরিবর্তন আনার বিষয়ে প্রথম আহ্বান জানাল।

ডয়েচে ব্যাংকের প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা হিনরিচ ভোয়েলকর রয়টার্সকে বলেন, ‘সুইফট সিস্টেমের প্রতি আস্থা না থাকলে তা সবার জন্যই ক্ষতিকর হবে।’ তবে কী ধরনের সংস্কার প্রয়োজন তা সুস্পষ্টভাবে জানাননি তিনি।

সুইফট একটি সদস্য মালিকানাধীন কো-অপারেটিভ সংস্থা। এর সদস্য হিসেবে আছে সিটি ব্যাংক, জেপি মরগ্যান, বিএনপি পারিবাসের মতো বৃহৎ প্রতিষ্ঠান। কয়েক দশক আগে এই ব্যাংকগুলো সুইফট নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে।

বর্তমানে বিশ্বের ১০ হাজারেরও বেশি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এ নেটওয়ার্কে সংযুক্ত আছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে সুইফটের ভুয়া বার্তা ব্যবহার করে রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার সরিয়ে নেয় সাইবার অপরাধীরা। এরপরই সুইফটের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এর নেটওয়ার্কিং সিস্টেমের ভুল আছে—এ বিষয় উঠে আসে বিভিন্ন প্রতিবেদনে।