সুইফটের দুর্বলতায় ইউক্রেনেও এক কোটি ডলার চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক মাধ্যম সুইফটের দুর্বলতায় ইউক্রেনের একটি ব্যাংক থেকেও এক কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ কোটি টাকা) চুরি করেছে হ্যাকাররা। তবে ব্যাংকটির নাম এখনো জানা যায়নি। দ্য ইনফরমেশন সিস্টেম অডিট অ্যান্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশনের (আইএসএসিএ) কিয়েভ শাখার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ইউক্রেনের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আইএসএসিএকে দায়িত্ব দিলে এ তথ্য বেরিয়ে আসে।
আইএসএসিএর প্রতিবেদনে বলা হয়েছে, সুইফট ব্যবহার করে এ অর্থ চুরির কাজটি করা হয়েছে। এ ধরনের হ্যাকিংয়ের ঘটনা ইউক্রেনের আর্থিক খাতে আরও ঘটে থাকতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
আইএসএসিএ বলছে, এ ধরনের হ্যাকিং সংঘটিত করতে সাধারণত কয়েক মাস সময় লাগে। কোনো আর্থিক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নেটওয়ার্কে প্রবেশ করে দীর্ঘদিন পর্যবেক্ষণ করার পর সুযোগমতো পাসওয়ার্ড ও তথ্য চুরি করে অর্থ চুরির ঘটনা ঘটানো হয়।
আইএসএসিএর কিয়েভ শাখার প্রধান অ্যালেক্সি ইয়াংকোভোসকি কিয়েভ পোস্টকে বলেন, জানাজানি হওয়ার ভয়ে অর্থ চুরির বিষয়ে ব্যাংকগুলো কোনো তথ্য প্রকাশ করছে না।
একই প্রক্রিয়ায় গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকেও ৮০০ কোটি টাকা চুরি করে হ্যাকাররা। এরপরই সুইফটের নিরাপত্তার বিষয়টি আলোচনায় আসে।