সুইস কেন্দ্রীয় ব্যাংককে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশিদের গচ্ছিত অর্থের তথ্য পেতে সুইজারল্যান্ডের সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) করতে চায় বাংলাদেশ।
এ জন্য বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিআইএফইউ) গতকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) আর্থিক গোয়েন্দা ইউনিটের কাছে একটি চিঠি পাঠিয়েছে। এতে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে এসএনবিকে একসঙ্গে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে অধিকতর সহযোগিতা বৃদ্ধির কথাও বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র ম. মাহফুজুর রহমান চিঠি পাঠানোর কথা গতকাল রাতে প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তবে প্রস্তাবটি করা হয়েছে বিশ্বব্যাপী সন্ত্রাসে অর্থায়ন, আন্তর্জাতিক মুদ্রা পাচারসহ আর্থিক খাতে দুর্নীতি প্রতিরোধে কাজ করা সংস্থা এগমন্ট গ্রুপের সদস্য হিসেবে।
এই গ্রুপের সদস্যদেশগুলো পরস্পরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন-সংক্রান্ত তথ্য আদান-প্রদান করতে পারে। ২০১৩ সালের জুলাই থেকে বাংলাদেশ এর সদস্য। সুইজারল্যান্ড আগে থেকেই সদস্য।
মাহফুজুর রহমান বলেন, ‘এগমন্ট গ্রুপের একটি সিকিউরড ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে এগমন্ট গ্রুপের সদস্যরা তথ্য আদান-প্রদান করতে পারে। আমরা তথ্য আদান-প্রদানের জন্যই একটি এমওইউ করতে চাইছি।’ বিশ্বের ২৪টি দেশের সঙ্গে এ ধরনের এমওইউ রয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।
সুইস ব্যাংকগুলোয় বাংলাদেশিদের গচ্ছিত অর্থের পরিমাণ এক বছরের ব্যবধানে ৬২ শতাংশ বেড়েছে। সুইজারল্যান্ডের এসএনবি কর্তৃক প্রকাশিত ‘ব্যাংকস ইন সুইজারল্যান্ড ২০১৩’ শীর্ষক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য রয়েছে, যা নিয়ে সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে।
২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত সুইস ব্যাংকে বাংলাদেশিদের গচ্চিত অর্থের পরিমাণ দাঁড়ায় তিন হাজার ১৬২ কোটি ৩৭ লাখ টাকার সমান। ২০১২ সালের ডিসেম্বরে যা ছিল এক হাজার ৯০৮ কোটি টাকার সমান।
একই সময়ে ভারতীয়দের অর্থ বেড়েছে ৪৫ শতাংশ। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক কাউকে গচ্ছিত অর্থের কোনো তথ্য দেয় না। তবে ভারত সরকার সুইস সরকারের কাছ থেকে এ-সংক্রান্ত তথ্য চেয়ে আসছে৷ ইতিমধ্যে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে৷ ভারত সরকারকে ইতিমধ্যে এ রকম একটি তালিকা দেওয়া হয়েছে বলে খবর প্রকাশিত হলেও সুইস সরকার তা অস্বীকার করেছে৷