সুইস ব্যাংকগুলোয় বাড়ছে ফ্রাঁর নোট, স্বর্ণ ও মূল্যবান শিল্পকর্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে (সুইস ব্যাংক) গচ্ছিত কালোটাকার বিরুদ্ধে বিশ্বজুড়ে ব্যবস্থা গ্রহণের দাবি জোরদার হওয়ায় এখন এসব ব্যাংকের ধনাঢ্য গ্রাহকদের বিকল্প উপায়ে অর্থ সংরক্ষণের পরামর্শ দেওয়া হচ্ছে।সুইস ব্যাংকের কর্মকর্তারা ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের ধনাঢ্য ব্যক্তিদের তাঁদের অর্থ ব্যাংকের নিরাপদ আমানত বাক্সে এক হাজার সুইস ফ্রাঁর নোট আকারে রাখার বুদ্ধি দিচ্ছেন। একই সঙ্গে সরাসরি টাকা না রেখে বরং এসব বাক্সে স্বর্ণ, হীরা এমনকি মূল্যবান চিত্র ও শিল্পকর্ম রাখার পরামর্শও দেওয়া হয়েছে।কালোটাকার বিষয়ে তথ্য বিনিময়ের জন্য ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে সুইস সরকারের যে চুক্তি হয়েছে, তাতে মূলত গ্রাহকদের গচ্ছিত সঞ্চয়, আমানত ও বিনিয়োগ হিসাবের বিষয়টি অন্তর্ভুক্ত। তাই ব্যাংকের নিরাপদ বাক্সে কী রাখা হচ্ছে, সে বিষয়ে তথ্য বিনিময়ের কোনো সুযোগ নেই।সুইস ব্যাংকাররা এই সুযোগ কাজে লাগাচ্ছেন। সাম্প্রতিককালে এই নিরাপদ বাক্স ও এক হাজার ফ্রাঁর নোটের চাহিদা অনেক বেড়ে গেছে।দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) হিসাব অনুসারে, বর্তমানে বাজারে থাকা সুইস ফ্রাঁর বিভিন্ন নোটের মধ্যে এক হাজার ফ্রাঁর নোটই ৬০ শতাংশ, এক বছর আগেও যা ছিল এর অর্ধেক।ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার পক্ষ থেকে এসএনবির কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে বলা হয়, বাইরে থেকে নিরাপদ বাক্সের চাহিদা সাম্প্রতিককালে অনেক বেড়েছে। আর এক হাজার সুইস ফ্রাঁর ব্যাংক নোটের ব্যাপক চাহিদাও লক্ষ করা যাচ্ছে।তবে ভারত থেকে কী পরিমাণ চাহিদা বেড়েছে, সে বিষয়ে কোনো তথ্য এসএনবি সরবরাহ করতে পারেনি। কেননা, ব্যাংকের নিরাপদ বাক্স-সংক্রান্ত কোনো তথ্য এসএনবির কাছে নেই।উল্লেখ্য, এক হাজার সুইস ফ্রাঁর বিনিময়ে প্রায় ৬০ হাজার ভারতীয় রুপি পাওয়া সম্ভব। তাই বিপুল পরিমাণ অর্থ সুইস ফ্রাঁয় সংরক্ষণ করা তুলনামূলকভাবে সহজ। সূত্র: ইকোনমিক টাইমস।