সুতা নিয়ে দুশ্চিন্তায় রেশম ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে রেশম সুতার উৎপাদন পর্যাপ্ত নয়। সে কারণে ব্যবসায়ীদের ভরসা ছিল আমদানি করা সুতা। কিন্তু চীন ছাড়া সব দেশই রেশম সুতা রপ্তানি বন্ধ করে দিয়েছে। এতে পর্যাপ্ত রেশম সুতা না পেয়ে দুশ্চিন্তায় আছেন রেশম বা সিল্ক ব্যবসায়ীরা।আবার রপ্তানিকারক দেশ চীন থেকেই মূল্য বাড়ানো ও দেশে এ সুতা আমদানিতে অধিক হারে শুল্ক দিতে হওয়ায় আমদানি করা রেশম সুতার দাম পড়ছে অনেক বেশি।এ অবস্থায় দেশীয়ভাবে রেশম সুতা উৎপাদনে সরকারি উদ্যোগ দাবি করেছেন ব্যবসায়ীরা। এদিকে নিজস্ব মিনিফিলিয়েচার কেন্দ্রে উৎপাদিত কিছু রেশম সুতা বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেশম বোর্ড। অবশ্য তা চাহিদার তুলনায় খুবই কম।দুশ্চিন্তার নাম সুতা: রেশম বোর্ডের তথ্য অনুযায়ী, দেশে রেশম সুতার বার্ষিক চাহিদা ৩০০ মেট্রিক টন। দেশে বর্তমানে উৎপাদিত হচ্ছে মাত্র ৫০ থেকে ৬০ টন সুতা। চাহিদার বাকি সুতা ব্যবসায়ীরা চীন থেকে আমদানি করে থাকেন।বছর দশেক আগেও ভিয়েতনাম, উজবেকিস্তান, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া ও চীন থেকে এ দেশের ব্যবসায়ীরা রেশম সুতা আমদানি করতেন। কিন্তু চীন ছাড়া বাকি দেশগুলো একে একে সুতা রপ্তানি বন্ধ করে দেয়। চীন সুতা দিলেও এর পরিমাণ ক্রমেই কমছে।বাংলাদেশ সিল্ক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি আলাউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আগে চীনের রপ্তানিকারকদের একটি ই-মেইল করলে তাঁরা ১০ বার ফোন করতেন। এখন তাঁদের ১০ বার ই-মেইল করলে একবার ফোন করেন।’একই ধরনের মন্তব্য করেন সমিতির সহসভাপতি ও রাজশাহীর বিখ্যাত সপুরা সিল্ক মিলের স্বত্বাধিকারী মোহাম্মদ সদর আলী। তিনি প্রথম আলোকে বলেন, ‘চীন নিজেই পোশাক তৈরিতে চলে যাওয়ার পর সে দেশের সরকার রেশম সুতা রপ্তানি নিরুৎসাহিত করছে। ফলে এখন দুই-তিন মাস খোঁজ করলে সুতা দিচ্ছেন রপ্তানিকারকেরা। আবার দামও বাড়িয়ে দিয়েছেন অনেক।’জানা যায়, দেশীয়ভাবে দুই ধরনের সুতা উৎপাদিত হচ্ছে। একটি হলো মিহি (ফাইন) সুতা আর অন্যটি হলো একটু মোটা (ডুপিয়ান) সুতা। বর্তমানে প্রতি কেজি মিহি সুতা তিন হাজার ৩০০ ও মোটা সুতা এক হাজার ৬০০ টাকা দরে বিক্রি হয়। আর চীন থেকে আমদানি করা সুতার দাম পাঁচ হাজার ১০০ থেকে পাঁচ হাজার ৪০০ টাকা।রাজশাহীর ব্যবসায়ীরা জানান, বর্তমানে সুতা আমদানিতে ১২ শতাংশ আমদানি শুল্ক, ২৫ শতাংশ মূসক, ৫ শতাংশ উৎসে কর, ৫ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) ও পিএসআইয়ের জন্য ১ শতাংশ মাশুল দিতে হয়। এসব কারণে কাপড়ের দামও গেছে বেড়ে। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, বছর খানেক আগেও যেখানে রাজশাহী সিল্কের শাড়ির দাম ছিল ৫৫০ থেকে ৬০০ টাকা, যা এখন বিক্রি হচ্ছে এক হাজার ২০০ টাকায়।ব্যবসায়ীরা বলছেন, সুতার সংকট, শাড়ির দাম বেড়ে যাওয়ায় দেশে চাহিদা হ্রাস আর সিল্ক কারখানাগুলো শাড়িনির্ভর হওয়ায় দেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। ছয় বছর আগেও রাজশাহীর সপুরার বিসিক শিল্পনগরে ৬০ থেকে ৭০টি সিল্ক কারখানা ছিল। বর্তমানে চালু আছে মাত্র তিন-চারটি।সুতার উৎপাদন: ব্যবসায়ীরা বলছেন, রেশমশিল্পের আগের সুদিন ফেরাতে হলে অবশ্যই দেশীয়ভাবে সুতার উৎপাদন বাড়াতে হবে।মোহাম্মদ সদর আলী এ প্রসঙ্গে বলেন, রেশম বোর্ড ভালোমানের সুতা উৎপাদন করছে। তবে চাহিদার ২০ শতাংশও তারা পূরণ করতে পারছে না। তাদের উৎপাদন না বাড়লে এ খাত আমদানিনির্ভরই থেকে যাবে। আর চীন যদি সুতা রপ্তানি বন্ধ করে দেয়, তাহলে দেশের সিল্ক ব্যবসায়ীদের ব্যবসা গুটিয়ে দিতে হবে।তবে রেশম বোর্ডের প্রধান উৎপাদন ও বিপণন কর্মকর্তা মো. মোরতাজা রেজা প্রথম আলোকে বলেন, রেশম সুতার উৎপাদন চাইলেই বাড়ানো যাবে না। এ জন্য চাষিদের রেশম গুটি উৎপাদনে উদ্বুদ্ধ করতে হবে। কারণ, রেশম সুতার কাঁচামালই রেশম গুটি। চাষিদের রেশম চাষে উদ্বুদ্ধ করতে রেশম বোর্ড ৩০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় চাষিদের আর্থিক অনুদান, প্রশিক্ষণ, ডিম উৎপাদনের প্রয়োজনীয় সামগ্রী বিতরণসহ বেশ কিছু সহায়তা দেওয়া হচ্ছে।আলাউদ্দিন আহমেদ বলেন, রেশম খাতের উন্নয়নে সরকারকে এ খাতের বরাদ্দ বাড়াতে হবে। জাতীয় সিল্কনীতিতে এ খাতকে কৃষিভিত্তিক খাত বলা হয়েছে। তাই এ খাতকে কৃষিভিত্তিক খাতের সুবিধা দিতে হবে। রেশম চাষে চাষিদের কম সুদে ঋণদান, বিদ্যুতের সহায়তা দেওয়া, রপ্তানিকারকদের নগদ সহায়তা দিতে হবে।রেশম বোর্ডের উদ্যোগ: রেশম বোর্ড বলছে, তাদের মিনিফিলিয়েচারে উৎপাদিত ৫৪০ কেজি মিহি সুতা ও ৪৯৭ কেজি ডুপিয়ন সুতা রাজশাহী আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ে মজুদ আছে। টেন্ডার অনুযায়ী ব্যবসায়ীরা প্রতি কেজি মিহি সুতা তিন হাজার ৫১ ও ডুপিয়ন সুতা এক হাজার ৫৬০ টাকায় কিনতে পারবেন। অবশ্য এর সঙ্গে ৩ শতাংশ মূসক ও ৫ শতাংশ হারে উৎসে কর দিতে হবে তাঁদের।মিহি সুতার ৮০ শতাংশই ব্যবহূত হয় শাড়ি তৈরিতে। এই সুতা থেকে তৈরি হয় কাতান, মসলিন, রাজশাহী সিল্ক, কারচুপিসহ বিভিন্ন ধরনের শাড়ি। এ ছাড়া থ্রি-পিস ও পাঞ্জাবিও তৈরি হয় এ সুতা দিয়ে। আর ডুপিয়ান সুতা থেকে তৈরি হয় পাঞ্জাবি, কুটি, শার্ট, ব্লেজারের কাপড়, পর্দার কাপড়।মোরতাজা রেজা জানান, পরবর্তী টেন্ডার না হওয়া পর্যন্ত এ দামেই এসব সুতা বিক্রি হতে থাকবে।এদিকে বার্তা সংস্থা বাসস জানিয়েছে, সরকার সিল্ক ফাউন্ডেশন ও রেশম বোর্ডকে একীভূত করার উদ্যোগ নিয়েছে। শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী গত সোমবার সন্ধ্যায় রাজশাহীর পবা উপজেলার নওহাটায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গোদাগাড়ী উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান খান এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি অনীল কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক লায়েব উদ্দীন।