সুতার দাম সহনীয় পর্যায়ে আনার দাবি
বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সদস্যরা অভিযোগ করেছেন, বিশ্ববাজারে তুলার দাম বাড়লেও সামঞ্জস্যহীন ও অযৌক্তিকভাবে সুতার দাম বাড়িয়ে নিটশিল্পকে হুমকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। তাঁরা আরও অভিযোগ করেছেন, দেশের স্পিনিং মিল-মালিকেরা সিন্ডিকেট করে সুতার দাম বাড়াচ্ছেন। এ অবস্থায় সুতার দাম সহনীয় পর্যায়ে রাখার ব্যবস্থা নেওয়া না হলে নিটশিল্প ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়বে। কার্যকর ব্যবস্থা না নিলে কারখানা বন্ধ করে দেওয়া ছাড়া আর উপায় থাকবে না।গতকাল শনিবার সন্ধ্যায় শহরের নারায়ণগঞ্জ ক্লাব কনভেনশন হলে স্থানীয়ভাবে উৎপাদিত সুতার দামের নিয়ন্ত্রণহীন ঊর্ধ্বগতি এবং এ বিষয়ে করণীয় নিয়ে বিকেএমইএর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সদস্যরা এসব কথা বলেন। বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান, মোহাম্মদ হাতেম, সহসভাপতি (অর্থ) এ এইচ আসলাম সানী, সহসভাপতি শরাফত জামিল, সদস্য মো. শাহজাহান, জি এম হায়দার বাবলু প্রমুখ।বিকেএমইএর নেতারা বলেন, ঈদের পর প্রায় প্রতিদিনই পরিকল্পিতভাবে সুতার দাম বাড়ানো হচ্ছে। তাঁরা তথ্য দিয়ে বলেন, ২০০৯ সালের সেপ্টেম্বরে প্রতি কেজি তুলার দাম ছিল ৬৪ সেন্ট। আর সুতার উৎপাদন-ব্যয় ছিল প্রতি কেজি দুই ডলার ৪৬ সেন্ট। তারা বিক্রি করেছে দুই ডলার ৬৫ সেন্টে। কিন্তু ২০১০ সালের সেপ্টেম্বরে তুলার দাম বাড়ার পর উৎপাদন-ব্যয় দাঁড়ায় প্রতি কেজি তিন ডলার ৬১ সেন্ট। সেই হিসেবে বিক্রি করার কথা তিন ডলার ৮০ থেকে ৮৫ সেন্টের মধ্যে। কিন্তু এখন চার ডলার ৪০ থেকে ৬০ সেন্ট পর্যন্ত দাম চাওয়া হচ্ছে। তুলার দাম অনুসারে প্রতি কেজি সুতার দাম কোনোক্রমেই চার ডলারের বেশি হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তাঁরা।