সুদ পরিশোধে ব্যয়ের চাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রের ব্যয় মেটানোর জন্য সরকারকে রাজস্ব আদায়ের পাশাপাশি ঋণ নিতে হয়৷ আবার এই ঋণের জন্য সুদও দিতে হয়৷ আর আনুপাতিক বিবেচনায় বাজেটের রাজস্ব ব্যয় বা অনুন্নয়ন ব্যয়ের সবচেয়ে বেশি অংশ বরাদ্দ রাখতে হয়েছে সুদ ব্যয়ের জন্য৷

চলতি অর্থবছরে অনুন্নয়ন ব্যয়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে এক লাখ ৫৫ হাজার ১৬৩ কোটি টাকা৷ বাজেট দলিল অনুসারে এর ১৭ দশমিক ৯ শতাংশ চলে যাবে সুদ পরিশোধের জন্য, যার পরিমাণ ২৭ হাজার ৭৪৩ কোটি টাকা৷

অন্যভাবে বললে, সুদ পরিশোধের জন্য সরকারকে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে, তা দিয়ে মোট বার্ষিক উন্নয়ন কর্মসূচির পাঁচ ভাগের দুই ভাগ ব্যয় মেটানো সম্ভব৷

এই ধারাবাহিকতায় ইতিমধ্যে বা চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) সুদ পরিশোধের জন্য সরকারকে ১৯ হাজার ৪৪৩ কোটি ৮০ লাখ টাকা ব্যয় করতে হয়েছে৷ অর্থ মন্ত্রণালয়ের হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে৷ এতে দেখা যায়, এই অর্থ বাজেটে সুদ পরিশোধ বাবদ বরাদ্দকৃত অর্থের ৭০ শতাংশ৷ 

তবে বিদেশি ঋণের চেয়ে অনেক বেশি পরিমাণে দেশি ঋণের জন্য সুদ গুনতে হচ্ছে সরকারকে৷ কেননা, দেশীয় উৎস অর্থাৎ ব্যাংক ​েথকে ও সঞ্চয়পত্র বিক্রি করে ঋণ নেওয়ার জন্য অনেক বেশি হারে সুদ গুনতে হচ্ছে৷

আর তাই আলোচ্য সময়ে অভ্যন্তরীণ ঋণের জন্য সরকারকে ১৮ হাজার ১৬৯ কোটি টাকা সুদ পরিশোধ করতে হয়েছে৷ বাকি এক হাজার ২৭৪ কোটি ৮০ লাখ টাকা বিদেশি ঋণের সুদের জন্য ব্যয় করতে হয়েছে৷

এ প্রসঙ্গে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, ‘দেশীয় উৎস থেকে নেওয়া ঋণের সুদের হার অনেক বেশি৷ গড়ে ১২ থেকে সাড়ে ১২ শতাংশ৷ আর বিদেশি ঋণের জন্য মাত্র এক থেকে দেড় শতাংশ হারে সুদ দিতে হয়৷ তার মানে হলো, দেশীয় ঋণের খরচ অনেক বেশি৷ এ কারণেই সুদ অনেক বেড়ে যায়৷’

আবার বছর শেষে অনুন্নয়ন বাজেটের পুরোটা ব্যয় না হওয়ার সম্ভাবনাই বেশি৷ অন্তত অতীতের প্রবণতা সেটাই বলে৷ তবে কোনো কোনো উপাদানের ব্যয় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায়৷ সুদের ব্যয় তার মধ্যে অন্যতম৷ যেমন গত অর্থবছরে প্রথমে ২৩ হাজার ৩০২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল সুদের ব্যয়ের জন্য৷ তবে বছরের শেষ দিকে গিয়ে সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ২৩ হাজার ৩৪৭ কোটি টাকা করা হয়৷ বাস্তবে শেষ পর্যন্ত সুদ পরিশোধে ব৵য় করতে হয় ২৩ হাজার ৮৭৭ কোটি টাকা৷

সুদ ব্যয়ের এ রকম চাপ নিয়ে সরকার যদি কিছুটা অস্বস্তিতে থাকেও, তাহলে ভর্তুকির জন্য অর্থ ব্যয় করার ক্ষেত্রে কাগজে-কলমে এখন পর্যন্ত কিছুটা স্বস্তিতে আছে৷

চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ভর্তুকির জন্য ছয় হাজার ৫৭১ কোটি ৬০ লাখ টাকা ব্যয় করতে হয়েছে সরকারকে৷ আর বাজেটের বার্ষিক লক্ষ্যমাত্রা ১৫ হাজার ৪৪৩ কোটি টাকা৷

অবশ্য আহসান মনসুর এ প্রসঙ্গে বলেন, ‘শেষ তিন মাসে গিয়ে ভর্তুকি ব্যয় অনেক বেড়ে যাবে৷ কেননা, তখন ভর্তুকি ব্যয়ের বকেয়া পরিশোধ করতে হবে৷ কী পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে, তা ইতিমধ্যে নির্ধারণ হয়ে গেছে৷ সে অনুযায়ী সার বা বিদ্যুতের জোগান সরকার এখন অনেকটা বাকিতে নিচ্ছে৷ কিন্তু অর্থবছরের শেষ ভাগে ​ি​গয়ে এসব পাওনা পরিশোধের জন্য প্রকৃত ব্যয় যেমন বাড়বে, তেমনি বাড়বে ব্যাংক থেকে ঋণ গ্রহণ৷’