সুদ মওকুফে কাজ করছে মার্চেন্ট ব্যাংকগুলো
ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুদ মওকুফে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে মার্চেন্ট ব্যাংকগুলো। এ ক্ষেত্রে পর্যাপ্ত তহবিল না থাকায় বেগ পেতে হচ্ছে তাদের। প্রায় ৯১৩ কোটি টাকা অর্থায়ন করতে হবে মার্চেন্ট ব্যাংকগুলোকে। আর এই অর্থ জোগান দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে সস্তা সুদে পুনঃঅর্থায়ন চাওয়া হয়েছে। এ-সংক্রান্ত একটি চিঠি এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আজ শনিবার বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলো ডটকমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।এ হাফিজ বলেন, সুদ মওকুফ একটি চলমান প্রক্রিয়া। মার্চেন্ট ব্যাংকগুলো সুদ মওকুফের এই প্রক্রিয়া অব্যাহত রেখেছে। তবে নির্ধারিত সময়ে কত প্রতিষ্ঠান সুদ মওকুফ প্রক্রিয়া সম্পন্ন করেছে, তা তিনি জানাতে পারেননি। এ বিষয়ে তিনি বলেন, ‘সব মার্চেন্ট ব্যাংকই এসইসির নির্দেশ অনুযায়ী কাজ করছে। এরই মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে। অন্যদের তথ্য সংগ্রহ করে তা ১৪ অক্টোবরের মধ্যে এসইসিতে পাঠানো হবে।’ বিএমবিএর সভাপতি বলেন, সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) বেশ কিছু সহায়তা চাওয়া হয়েছে। এরই মধ্যে এ-সংক্রান্ত একটি চিঠি অর্থ মন্ত্রণালয়ে ও আরেকটি এনবিআরে পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে মার্চেন্ট ব্যাংকগুলোর মার্জিন ঋণের পোর্টফোলিওর বিপরীতে ৯০০ কোটি টাকা পুনঃঅর্থায়ন প্রয়োজন। বাংলাদেশ ব্যাংকের কাছে এই অর্থ চাওয়া হয়েছে।এ বিষয়ে হাফিজ আরও বলেন, মার্চেন্ট ব্যাংকগুলো বর্তমানে বেশ আর্থিক সংকটে রয়েছে। অনেক মার্চেন্ট ব্যাংকের মূলধনও কম। এ অবস্থায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুদ মওকুফ করতে ৯১৩ কোটি টাকা অর্থায়ন প্রয়োজন। তাই আমরা ৯০০ কোটি টাকা স্বল্প সুদে পুনঃঅর্থায়নের জন্য অর্থমন্ত্রীর কাছে আবেদন করেছি।এনবিআরে পাঠানো চিঠিতে বিনিয়োগকারীদের সুদ মওকুফে ব্যবহূত অর্থে কর-সংক্রান্ত কিছু সুবিধা চাওয়া হয়েছে বলে জানান তিনি। গত ১০ জুলাই ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুদ মওকুফ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে এসইসি। এতে ১৪ আগস্টের মধ্যে সুদ মওকুফের বিষয়টি পরিপালন করে এ-সংক্রান্ত প্রতিবেদন দুই স্টক এক্সচেঞ্জ ও বিএমবিএতে জমা দিতে বলা হয়। পরে বিএমবিএর আবেদনের পরিপ্রেক্ষিতে সুদ মওকুফ-সংক্রান্ত এসইসির নির্দেশনা পরিপালনের সময় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এ-সংক্রান্ত পরিপালন প্রতিবেদক ১৪ অক্টোবরের মধ্যে এসইসিতে জমা দিতে বলা হয়।গত ২৩ নভেম্বর পুঁজিবাজারে স্থিতিশীলতা আনয়ন ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ‘বিশেষ প্রণোদনা’ ঘোষণা করে সরকার। এতে স্বল্প পুঁজির বিপরীতে ঋণসুবিধা নিয়ে যেসব বিনিয়োগকারী ক্ষতির মুখে পড়েছেন, তাঁদের জন্য বিশেষ স্কিম ঘোষণার নিশ্চয়তা দেওয়া হয়। এ জন্য রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামানকে প্রধান করে ছয় সদস্যের একটি কমিটি করা হয়। সেই কমিটি ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে। তাঁদের মধ্যে যাঁরা ঋণ নিয়ে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের এক বছরের সুদের ৫০ শতাংশ মওকুফের সুপারিশ করা হয়। বাকি ৫০ শতাংশ সুদ একটি আলাদা হিসাবে স্থানান্তর করে কিস্তির মাধ্যমে পরিশোধের পরামর্শ দেওয়া হয়।এদিকে বিএমবিএ দাবি করেছে, মোট ৪১ হাজার ৯৯২ জন ক্ষুদ্র বিনিয়োগকারীর মার্জিন ঋণের পরিমাণ ৯১৩ কোটি টাকা, যা পুনঃতফসিল করা হয়েছে। আর এই ঋণের ৬৫ কোটি ১৬ লাখ টাকার সুদও পুনঃতফসিল করা হয়েছে। বিএমবিএ বলছে, মার্জিন ঋণ পুনঃতফসিল, সুদ মওকুফ করা, কম সুদে ঋণ দেওয়া ও সুদ হিসাবের ক্ষেত্রে সাধারণ পদ্ধতি গ্রহণ করার কারণে আগামী তিন বছরে লোকসান দাঁড়াবে প্রায় ৩৪০ কোটি ৭৫ লাখ টাকা। তাই এই প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে সস্তা সুদে পুনঃঅর্থায়ন জরুরি।