সুদ মওকুফে সম্মত বিএমবিএর নেতারা
শেয়ারবাজারে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ৫০ শতাংশ সুদ মওকুফের বিষয়ে সম্মত হয়েছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নেতারা। গতকাল মঙ্গলবার রাতে বিএমবিএর কার্যনির্বাহী পরিষদের সদস্যরা এক বৈঠকে এই সম্মতি প্রদান করেন। বিএমবিএর সভাপতি মোহাম্মদ এ হাফিজ এ কথা জানান।মোহাম্মদ এ হাফিজ আজ বুধবার প্রথম আলো অনলাইনকে বলেন, ‘ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ৫০ শতাংশ সুদ মওকুফের বিষয়টি সবাইকে জানানোর জন্য গতকাল আমরা বৈঠকে বসেছিলাম। উপস্থিত সবাই এ বিষয়ে সম্মত হয়েছেন।’ শিগগির এ বিষয়ে কাজ শুরু করা হবে বলেও জানান হাফিজ।প্রসঙ্গত, গত রোববার মার্জিন ঋণ নিয়ে ক্ষতিগ্রস্তদের বিশেষ সুবিধা ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ঘোষিত প্রণোদনার আওতায় মার্জিন ঋণের এক বছরের সুদের ৫০ শতাংশ মওকুফ এবং বাকি ঋণ ও মূল ঋণ তিন বছরে ত্রৈমাসিক সমান কিস্তিতে পরিশোধের ব্যবস্থা রাখা হয়েছে। শেয়ারবাজারে ১০ লাখ টাকা পর্যন্ত নিজস্ব অর্থ বিনিয়োগ করে এর বিপরীতে যাঁরা ঋণ সুবিধা নিয়েছেন, কেবল তাঁরাই সুদ মওকুফের সুবিধা পাবেন। আর ঋণগ্রস্ত বা ঋণ ছাড়া—উভয় ধরনের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা আইপিওতে কোটা সুবিধা পাবেন। ২০১২ ও ২০১৩ সালে ইস্যু হওয়া সব আইপিওতে ২০ শতাংশ কোটা তাঁদের জন্য সংরক্ষণ করা হবে। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে গঠিত বিশেষ স্কিম প্রণয়ন কমিটির সুপারিশ অনুযায়ী এ প্রণোদনা ঘোষণা করা হয়।