সুদ মওকুফে সস্তা সুদে পুনঃ অর্থায়ন চায় বিএমবিএ
ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুদ মওকুফে সস্তা সুদে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে পুনঃ অর্থায়ন চায় বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। ৯০০ কোটি টাকার এই আর্থিক সুবিধা প্রদানের জন্য বিএমবিএর পক্ষ থেকে এরই মধ্যে অর্থ-মন্ত্রণালয়ে একটি চিঠি দেওয়া হয়েছে।বিএমবিএর সভাপতি মুহাম্মদ এ হাফিজ স্বাক্ষরিত ওই চিঠি গত ৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে বিএমবিএ সূত্রে জানা যায়।অর্থমন্ত্রীর কাছে পাঠানো এই চিঠিতে বলা হয়, সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে বিএমবিএ আন্তরিকভাবে কাজ করছে। আর এই প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে সরকার, জাতীয় রাজস্ব বোর্ড ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) বিশেষ সহায়তার প্রয়োজন রয়েছে। এটি বাস্তবায়নে বেশ কিছু উদ্যোগও এরই মধ্যে নেওয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে মার্চেন্ট ব্যাংকগুলোর মার্জিন ঋণের পোর্টফোলিওর বিপরীতে ৯০০ কোটি টাকা পুনঃ অর্থায়ন প্রয়োজন। বাংলাদেশ ব্যাংকের কাছে এই অর্থ চাওয়া হয়েছে। ঋণ পুনঃতফসিলের জন্য এই অর্থায়ন জরুরি বলে চিঠিতে বলা হয়। বিএমবিএর সভাপতি মুহাম্মদ এ হাফিজ অর্থমন্ত্রীর কাছে পুনঃ অর্থায়নের জন্য সহায়তা চাওয়ার বিষয়টি আজ সোমবার স্বীকার করেন। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, মার্চেন্ট ব্যাংকগুলো বর্তমানে বেশ আর্থিক সংকটে রয়েছে। তাছাড়া অনেক মার্চেন্ট ব্যাংকের মূলধনও কম। এ অবস্থায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুদ মওকুফ করতে ৯১৩ কোটি টাকা অর্থায়ন প্রয়োজন। তাই আমরা ৯০০ কোটি টাকা স্বল্প সুদে পুনঃ অর্থায়নের জন্য অর্থমন্ত্রীর কাছে আবেদন করেছি।প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর পুঁজিবাজারে স্থিতিশীলতা আনয়ন ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ‘বিশেষ প্রণোদনা’ ঘোষণা করে সরকার। তাতে স্বল্প পুঁজির বিপরীতে ঋণসুবিধা নিয়ে যেসব বিনিয়োগকারী ক্ষতির মুখে পড়েছেন, তাঁদের জন্য বিশেষ স্কিম ঘোষণার নিশ্চয়তা দেওয়া হয়। এ জন্য রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামানকে প্রধান করে ছয় সদস্যের একটি কমিটি করা হয়। সেই কমিটি ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে। তাঁদের মধ্যে যাঁরা ঋণ নিয়ে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের এক বছরের সুদের ৫০ শতাংশ মওকুফের সুপারিশ করা হয়। বাকি ৫০ শতাংশ সুদ একটি আলাদা হিসাবে স্থানান্তর করে কিস্তির মাধ্যমে পরিশোধের পরামর্শ দেওয়া হয়।এদিকে বিএমবিএ দাবি করেছে, মোট ৪১ হাজার ৯৯২ জন ক্ষুদ্র বিনিয়োগকারীর মার্জিন ঋণের পরিমাণ ৯১৩ কোটি টাকা যা পুনঃতফসিল করা হয়েছে। আর এই ঋণের ৬৫ কোটি ১৬ লাখ টাকার সুদও পুনঃতফসিল করা হয়েছে। বিএমবিএ বলছে, মার্জিন ঋণ পুনঃতফসিল, সুদ মওকুফ করা, কম সুদে ঋণ দেওয়া ও সুদ হিসাবের ক্ষেত্রে সাধারণ পদ্ধতি গ্রহণ করার কারণে আগামী তিন বছরে লোকসান দাঁড়াবে প্রায় ৩৪০ কোটি ৭৫ লাখ টাকা। তাই এই প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে সস্তা সুদে পুনঃ অর্থায়ন জরুরি।