সুদ মওকুফের সময় বাড়াল এসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুদ মওকুফের সময় আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) ও দুই স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ হাউসগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় কমিশন।এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের কাছ থেকে সময় বাড়ানোর আবেদন পেয়েছি। শেয়ারবাজারের সার্বিক দিক বিবেচনা করে গতকাল মঙ্গলবার কমিশনের জরুরি বৈঠকে স্কিম বাস্তবায়নে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিএমবিএ ও স্টক এক্সচেঞ্জের সমন্বিত প্রতিবেদন দাখিলের সময়সীমা পরে জানানো হবে।’ শেয়ারবাজারে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিয়ে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দিতে বেঁধে দেওয়া সময় গতকালই শেষ হয়েছে। এ সময়ের মধ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ছাড়া আর কোনো মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস এসইসির নির্দেশনা পরিপালন করতে পারেনি। তবে নির্দেশনা পুরোপুরি পরিপালন করতে এসইসিতে এসব প্রতিষ্ঠানের পক্ষ থেকে তিন মাস সময় বাড়ানোর আবেদন জানানো হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় এসইসি।গত ১০ জুলাই ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিয়ে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের এক বছরের সুদের ৫০ শতাংশ মওকুফ করতে নির্দেশ দেয় এসইসি। নির্দেশনা পরিপালন করে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংককে ১৪ আগস্টের মধ্যে এসইসিতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো ব্রোকারেজ হাউসই এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেনি, তবে মার্চেন্ট ব্যাংকের পক্ষ থেকে তাদের সংগঠন সময় বাড়ানোর আবেদন জানালেও স্টক এক্সচেঞ্জ এ ধরনের কোনো আবেদন জানায়নি। যদিও ব্রোকারেজ হাউসগুলো আলাদাভাবে সময় বাড়ানোর আবেদন জানিয়েছে।এর আগে বিএমবিএ পুঁজিবাজারে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য সরকার-ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে ৯০০ কোটি টাকা সহায়তা চায়। ওই দিন ‘পুঁজিবাজারে মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রমের চ্যালেঞ্জ ও এর উত্তরণের পথ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে বিএমবিএর পক্ষ থেকে এ ঋণসহায়তা চাওয়া হয়।শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে মার্চেন্ট ব্যাংকগুলো গ্রাহকদের সবচেয়ে বেশি মার্জিন ঋণ দিয়ে থাকে।