সঞ্চয়পত্রের উচ্চ সুদহার বাজারভিত্তিক সুদব্যবস্থায় বিশৃঙ্খলা তৈরি করছে। সরকার সঞ্চয়পত্রের সুদহার নির্ধারণ করে। কিন্তু দেশে দেশে সুদহার নিয়ন্ত্রণের দায়িত্ব নির্ধারিত থাকে কেন্দ্রীয় ব্যাংকের হাতে। বাংলাদেশে এ সঞ্চয়পত্রের কারণে ব্যাংকঋণের সুদহার কমানো যাচ্ছে না বলে অভিমত দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল।
বিরূপাক্ষ পাল ঋণের সুদহার কত হবে তা নির্ধারণের পুরোপুরি দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, এটা করা হলে একদিকে ব্যাংকঋণের সুদের হার কমে যাবে, অন্যদিকে তা বেসরকারি খাতের বিনিয়োগ বাড়াতে ভূমিকা রাখবে। আবার তা শেয়ারবাজারে বিনিয়োগেও উৎসাহ জোগাবে।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বিনিয়োগ বোর্ড আয়োজিত ‘অর্থনীতির বর্তমান অবস্থা’ শীর্ষক এক সেমিনারে গতকাল রোববার এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ। সুদের হার নির্ধারণের বিষয়ে বিরূপাক্ষ পাল বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের কাজই হলো সুদহার নিয়ন্ত্রণ করা আর সরকারের কাজ হলো রাজস্ব নীতিমালা নির্ধারণ। তাই সরকারকে অনুরোধ করব সুদহার নির্ধারণের সব সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের ওপর ছেড়ে দিতে।’
বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদের সভাপতিত্বে এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
মূল্যস্ফীতি কমাতে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকার কথা তুলে ধরে বিরূপাক্ষ পাল বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক গত তিন বছরে মূল্যস্ফীতি ১২ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশে নিয়ে এসেছে, কিন্তু এ সময়ে ঋণের সুদের হার কমেনি।’ এ প্রসঙ্গে তিনি বলেন, সঞ্চয়পত্রের সুদহার বেশি হওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলো আমানতের সুদহার কমাতে পারছে না। ফলে কমছে না ঋণের সুদ। আবার একই কারণে সাধারণ মানুষ পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী হচ্ছে না। আর পুঁজিবাজারের উন্নয়ন ছাড়া একটি দেশের অর্থনীতির উন্নয়ন সম্ভব নয়। সঞ্চয়পত্রের সুবিধা সমাজের যে অংশের মানুষদের পাওয়ার কথা, তারা তা পাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
দেশে বিনিয়োগ বাড়াতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন বিরূপাক্ষ পাল। তিনি বলেন, ‘সরকার যদি সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার পদক্ষেপ নেয় তাহলে আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি, বিনিয়োগ পরিস্থিতি চাঙা হয়ে উঠবে।’
সেমিনারে দুটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রথম প্রবন্ধটির বিষয় ‘বাংলাদেশ: সময় পরিক্রমায় একটি স্থিতিশীল ও আগুয়ান অর্থনীতি’ ও দ্বিতীয় প্রবন্ধটি হলো ‘ঢাকার যোগযোগব্যবস্থার পরিকল্পনা কৌশল’।
প্রথম প্রবন্ধে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে স্থিতিশীল ও ধারাবাহিক হিসেবে উল্লেখ করেন বিরূপাক্ষ পাল। এ প্রবৃদ্ধিকে বাড়ানোর জন্য শিক্ষার মান উন্নয়ন ও বিচারিক জটিলতা কমিয়ে আনতে বলেন তিনি। বাংলাদেশে ব্যাংকের নিজস্ব গবেষণার উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, ২০২৮ সালে দেশের দারিদ্র্যের হার এক অঙ্কে নেমে আসবে। পদ্মা সেতুর মতো বড় অবকাঠামোগত প্রকল্পগুলো শেষ হলে এ দারিদ্র্য আরও দ্রুতগতিতে কমবে।
দ্বিতীয় প্রবন্ধটি উপস্থাপন করেন ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটির নির্বাহী পরিচালক কায়কোবাদ হোসেন।
প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষক নাজনীন আহমেদ বলেন, ‘৬ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে আমাদের খুশি হওয়ার কারণ নেই। কেননা, অর্থনীতির পুরো সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে প্রবৃদ্ধি ৮ শতাংশে নিয়ে যাওয়া সম্ভব ছিল।’ তিনি বলেন, মোট দেশজ উৎপাদনে (জিডিপি) শিল্পায়নের অবদান এখন ৩০ শতাংশের কম। কিন্তু ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে হলে জিডিপিতে শিল্পায়নের অবদান ৪০ শতাংশ করতে হবে।
নাজনীন আহমেদ বলেন, বিনিয়োগ না বাড়ার কারণ হিসেবে পরস্পরবিরোধী সংকোচনমূলক মুদ্রানীতি ও সম্প্রসারণমূলক রাজস্ব নীতিকে দায়ী করেন বিআইডিএসের এই গবেষক। বিনিয়োগ বাড়াতে করপোরেট করহার কমিয়ে আনারও আহ্বান জানান তিনি।
আর বিনিয়োগ না বাড়া প্রসঙ্গে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ বলেন, ‘সব দিক বিবেচনায় নিলে বাংলাদেশ বিনিয়োগের জন্য অত্যন্ত উপযুক্ত একটি দেশ। তার পরও কেন দেশে বিনিয়োগ আসছে না, আমাদের গলদটা কোথায়—একজন অর্থনীতিবিদ হিসেবে এর উত্তর আমার জানা নেই।’