নতুন মুদ্রানীতি ও বাজেট ব্যবস্থাপনাসহ সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর
প্রথম আলো: চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) ঘোষিত মুদ্রানীতিটি কেমন হলো?
আহসান মনসুর: ঘোষিত মুদ্রানীতিতে অতীতের ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। মুদ্রানীতির ভঙ্গি ও উদ্দেশ্য আগের মতোই রয়েছে এবং মূল্যস্ফীতির ওপর যথাযথ কারণে জোর দেওয়া। বর্তমানে মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশের ওপরে রয়েছে। খাদ্য খাতে মূল্যস্ফীতির হার ৯ শতাংশের বেশি, যা গ্রহণযোগ্য নয়। তবে খাদ্যবহির্ভূত উপখাতে মূল্যস্ফীতির প্রবণতা নিচের দিকে রয়েছে। হরতাল, অবরোধ না থাকলে এবং সরবরাহব্যবস্থা ঠিক থাকলে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কিছুটা নামিয়ে আনা সম্ভব ছিল। তবে মুদ্রানীতিতে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আর যে লক্ষ্য রয়েছে, তা বাস্তবায়নযোগ্য। ব্যবসায়ী ও উদ্যোক্তাদের আশা ছিল, মুদ্রানীতিতে সুদের হার কমানোর বিষয়টি থাকবে। কিন্তু বাংলাদেশ ব্যাংক সেটা করেনি। আমি মনে করি, এটা ঠিক আছে। সুদের হারের জন্য প্রবৃদ্ধির শ্লথগতি নয়, এটা অন্য কারণে হয়েছে। ঋণের চাহিদাও কমেছে প্রধানত রাজনৈতিক সহিংসতার কারণে। তাই এই পরিবেশে সুদের হার কমালে টাকা অন্য অনুৎপাদনশীল খাতে চলে যেতে পারে।
প্রথম আলো: একদিকে রাজস্ব লক্ষ্য অর্জিত হচ্ছে না, অন্যদিকে বিশাল ব্যয়ের পরিকল্পনা রয়েছে। এমন পরিস্থিতিতে সরকারের করণীয় কী?
আহসান মনসুর: চলতি অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) রাজস্ব আদায়ের বিরাট লক্ষ্য দেওয়া হয়েছে। প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এনবিআরের রাজস্ব আদায়ে লক্ষ্যের চেয়ে প্রায় আট হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে। সামনের দিনগুলোতে এনবিআরের রাজস্ব আদায়ে ঘাটতি আরও বাড়বে। সব মিলিয়ে চলতি অর্থবছরে এনবিআরের আওতাধীন রাজস্ব আদায়ে ১৬ হাজার কোটি টাকার ঘাটতি হতে পারে। আর করবহির্ভূত রাজস্ব আদায়ে আরও এক হাজার কোটি টাকার ঘাটতি হতে পারে। ফলে ১৭ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হতে পারে। এখন বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার সাত থেকে আট হাজার কোটি টাকা কমানো যেতে পারে। পদ্মা সেতু প্রকল্পের অর্থ এবার খরচ করা যাচ্ছে না। সেখানে বরাদ্দ করা বিপুল অর্থ থেকে যাবে। রাজস্ব ব্যয়ও কমাতে হবে। এ জন্য বিভিন্ন খাতে দেওয়া ভর্তুকির পরিমাণ কমিয়ে আনা যেতে পারে। ইতিমধ্যে ২০১২-১৩ অর্থবছরের ভর্তুকি ব্যয় সাড়ে ৩৭ হাজার কোটি টাকা থেকে প্রায় ২৯ হাজার কোটি টাকায় নামিয়ে আনার লক্ষ্য নির্ণয় করা হয়েছে বর্তমান অর্থবছরে। তাই ভর্তুকি ব্যয় আরও কমানো বিরাট চ্যালেঞ্জ হবে। সে ক্ষেত্রে জ্বালানি তেল, বিদ্যুতের দাম ইত্যাদি বাড়ানো যেতে পারে কিছুটা। আবার সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বাবদ খরচ বেড়েছে।
প্রথম আলো: প্রতিবারের মতো এবার কাঙ্ক্ষিত হারে এডিপি বাস্তবায়িত হচ্ছে না। তবে কেন বড় এডিপি নেওয়া হলো?
আহসান মনসুর: বাস্তবায়নের সামর্থ্য না থাকা সত্ত্বেও কৃত্রিমভাবে এডিপির আকার বড় করা হয়েছে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পে ব্যয় এডিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বাজেট বিভাজনের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ ছাড়া পদ্মা সেতুর বরাদ্দ বাদ দিলে মূল এডিপির আকার দাঁড়ায় ৬০ হাজার কোটি টাকার মতো। এইভাবে দেখলে অবশ্য এডিপির আকার খুব বড় মনে হবে না।
প্রথম আলো: সম্প্রতি অর্থমন্ত্রী সুবিধাভোগী কর বা ইউজার ট্যাক্স আরোপের প্রস্তাব করেছেন। বাংলাদেশের বাস্তবতায় এ মুহূর্তে কতটা সম্ভব?
আহসান মনসুর: সুবিধাভোগী কর বসানো যেতেই পারে। বাংলাদেশে এই মুহূর্তে সীমিত পরিসরে কিছু সুবিধাভোগী কর নেওয়া হয়। হাইওয়ে, উড়ালসেতুসহ বড় অবকাঠামো ব্যবহারে এই করারোপ করা যায়। দুনিয়াজুড়েই এভাবেই এই করারোপ করা হচ্ছে। তবে বিদ্যমান অবকাঠামো ব্যবহারে কর না বসিয়ে নতুন অবকাঠামো তৈরি করে সুবিধাভোগী কর চালু করতে হবে। আর সরকারি-বেসরকারি অংশীদারির আওতায় প্রকল্প বাস্তবায়িত হলে এই কর বসাতে সুবিধা হবে।
প্রথম আলো: বড় প্রকল্প সফল করতে সরকার কতটা সফল?
আহসান মনসুর: ঢাকা থেকে চট্টগ্রাম, ময়মনসিংহ ও টাঙ্গাইল পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, গভীর সমুদ্র বন্দর, পদ্মা সেতু এবং রাজধানীতে উন্নত গণপরিবহনব্যবস্থা চালুর প্রকল্পগুলোর কাজ খুব একটা এগোয়নি। এই প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারের তরফ থেকে যে ধরনের সমন্বয় থাকা দরকার ছিল, তা হয়নি। এই সমন্বয়ের জায়গাটিতে জোর দেওয়া দরকার। আর এ ধরনের প্রকল্প বাস্তবায়িত হলে বিদেশি বিনিয়োগও আসবে। অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ৭ শতাংশের কাছাকাছি নেওয়া দরকার। কিন্তু কয়েক বছর আগে প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশ হওয়ার পর তা আর বাড়েনি; বরং বিনিয়োগ ও প্রবৃদ্ধি—দুটিই কমেছে ক্রমান্বয়ে। এ থেকে বের হয়ে আসতে হলে এ ধরনের বড় প্রকল্পের বাস্তবায়নে নজর দিতে হবে।
প্রথম আলো: নতুন সরকারের সামনে কী ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে?
আহসান মনসুর: এখন নতুন সরকারের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, বাণিজ্য-সহায়ক অবকাঠামো নির্মাণ করে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করা; দ্বিতীয়ত, রাজনৈতিক পরিস্থিতির দীর্ঘমেয়াদি সমাধান করা; এবং তৃতীয়ত, সুশাসন প্রতিষ্ঠায় মানের দিকে বেশি নজর দিতে হবে। সুশাসন সুসংহত করতে সরকারি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা দরকার। এসব প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত। রাজনৈতিক হস্তক্ষেপ প্রাতিষ্ঠানিক দুর্বলতা আরও বাড়িয়ে তোলে।
[সাক্ষাৎকার নিয়েছেন জাহাঙ্গীর শাহ]