সুদহার হ্রাসের আশ্বাস দিলেন না অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বমন্দা মোকাবিলার অংশ হিসেবে ঘোষিত প্রণোদনা গুচ্ছ (প্যাকেজ) বাস্তবায়নের দাবি জানিয়েছেন দেশের ব্যবসায়ী নেতারা। তাঁরা অভিযোগ করে বলেছেন, প্রণোদনা গুচ্ছ ছিল নামমাত্র। এ থেকে কিছুই পাওয়া যায়নি। গ্যাস ও বিদ্যুৎহীনতার পাশাপাশি ব্যাংকের অতিরিক্ত সুদের হারে ব্যবসায়ী সমাজ এমনিতেই যখন জর্জরিত, তখন তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি তিন হাজার টাকা ঘোষণা করা হয়েছে। ব্যবসায়ী নেতারা আরও বলেন, নতুন ন্যূনতম মজুরি ঘোষণার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বাস দিয়েছিলেন, তৈরি পোশাকশিল্প খাতের সমস্যাগুলো সমাধান করা হবে। কিন্তু সমস্যা থেকেই যাচ্ছে। এমনকি গত বছর ঘোষিত প্রণোদনা গুচ্ছ বাস্তবায়নেরও উদ্যোগ নেই। গতকাল মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই), বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিট পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির নেতারা বৈঠক করে এসব দাবি জানান। অর্থসচিব মোহাম্মদ তারেক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, বিজিএমইএর সভাপতি আবদুস সালাম মুর্শেদী, বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।ব্যবসায়ী নেতাদের দাবির জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘কোনো বিষয়েই এখন সিদ্ধান্ত দেওয়া যাবে না। ব্যাংকের সুদের হার নিয়ে আশ্বাস দেওয়ার অবস্থায় সরকার নেই। তবে সরকারও চায় এটা কমুক।’উৎসে কর বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আপনারা যা চাইছেন, তা হবে না। কিছু ছাড় দেওয়া যেতে পারে।’ গ্যাস-বিদ্যুতের ব্যাপারেও আশ্বাস দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।বৈঠকে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, ‘প্রধানমন্ত্রী আশ্বাস দিয়ে জানিয়েছিলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি তিন হাজার টাকার বিষয়ে কোনো সমঝোতা নেই। এটি বাস্তবায়ন করুন, আপনাদের বিষয়গুলো দেখা হবে।’ ডিজেল ও ফার্নেস তেলে ভর্তুকি দিতে না চাইলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) যে দরে জ্বালানি তেল পায়, ব্যবসায়ীদেরও সেই দরে তেল কিনতে সুযোগ দেওয়ার দাবি জানান এ কে আজাদ। এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘ব্যাংকগুলোর মাধ্যমে খুব বেশি কর্মসংস্থান যে হচ্ছে, তা নয়। অথচ যেকোনো দেশের তুলনায় ব্যাংকের সুদের হার অনেক বেশি। একেকটি ব্যাংক বছরে ৩০০ থেকে ৪০০ কোটি টাকা মুনাফা করে। তৈরি পোশাক খাতের অবদানের কারণেই তারা এ মুনাফা করতে পারছে।’এ কে আজাদ জানান, উৎসে কর দশমিক ২৫ শতাংশ থেকে দ্বিগুণ বাড়িয়ে দশমিক ৫০ শতাংশ করা হয়েছে। এতে নেতিবাচক প্রভাব পড়ছে রপ্তানি-বাণিজ্যে। বিজিএমইএর সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেন, বিশ্বমন্দার কারণে সরকার ঘোষিত প্রণোদনা গুচ্ছ আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। বহির্বিশ্বে পোশাকশিল্পের বাজার সম্প্রসারণে পাঁচ বছর মেয়াদে পাঁচ শতাংশ হারে নগদ সহায়তা, ক্যাপটিভ জেনারেটর ব্যবহারকারীদের নবায়ন ফি মওকুফ এবং ডিজেল ও ফার্নেস তেল ব্যবহারকারীদের খরচের কাগজপত্র উপস্থাপন করলে ১০ শতাংশ অর্থ ছাড় দেওয়ার কথাও বলা হয়েছিল প্রণোদনায়। অথচ এগুলো থেকে ব্যবসায়ীরা কোনো সুবিধাই পাননি। ব্যাংকের অতিরিক্ত সুদের হারের কথা উল্লেখ করে আবদুস সালাম মুর্শেদী বলেন, ব্যাংকগুলোর মুনাফার ৫৫ থেকে ৬৫ শতাংশ তৈরি পোশাক খাত থেকে। বিজিএমইএর সভাপতি আরও জানান, উদ্যোক্তা উন্নয়ন তহবিলের (ইডিএফ) ক্ষেত্রে ১০ লাখ ডলার পর্যন্ত সুদের হার ছিল এক শতাংশ। বর্তমানে তা বাড়িয়ে এক কোটি ডলারের ক্ষেত্রে ২ দশমিক ৫০ শতাংশ করা হয়েছে। এ হার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার দাবি জানান তিনি। বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান বলেন, ‘গ্যাস-বিদ্যুতের সমস্যার কথা বলে শেষ করা যাবে না।’ প্রণোদনা গুচ্ছ থেকে কোনো সুবিধা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি। উল্লেখ্য, রপ্তানি খাতের উন্নয়নের জন্য গত বছরের নভেম্বরে এক হাজার কোটি টাকা ব্যয়ের দ্বিতীয় প্রণোদনা কর্মসূচি ঘোষণা করা হয়। আর গত বছরের এপ্রিলে ঘোষিত প্রথম প্রণোদনা প্যাকেজে সহায়তার পরিমাণ ছিল তিন হাজার ৪২৪ কোটি টাকা। তবে দ্বিতীয় প্রণোদনা প্যাকেজের বাস্তবায়ন ও অর্থ ছাড় নিয়ে শুরু থেকেই অসন্তুষ্ট ছিল বিজিএমইএ এবং বিকেএমইএ। সরকার ঘোষিত দ্বিতীয় প্রণোদনা গুচ্ছ বাস্তবায়নে কালক্ষেপণ হচ্ছে বলে মনে করেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। এ গুচ্ছ থেকে সুবিধা পাওয়ার বিষয়ে অস্পষ্টতা রয়ে গেছে বলেও তাঁদের ধারণা। অর্থাৎ রপ্তানিকারক ও ব্যবসায়ীরা জানেন না কীভাবে ও কোথা থেকে প্রণোদনা গুচ্ছের অর্থ তাঁরা পাবেন। ফলে প্রণোদনা গুচ্ছের হাজার কোটি টাকা অব্যবহূত থেকে যেতে পারে বলে তাঁদের আশঙ্কা রয়েছে। প্রসঙ্গত, অর্থ বিভাগের মনিটরিং সেলের মহাপরিচালক চৌধুরী সালেহ উদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত কমিটির সুপারিশে দ্বিতীয় প্রণোদনা গুচ্ছ বিষয়ে গত মে মাসে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।