ব্যবসায়ীদের যখন যে সহযোগিতা দরকার, সরকারের পক্ষ থেকে তা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে ব্যাংকের উচ্চ সুদের ক্ষেত্রে সরকারের তেমন কিছু করণীয় নেই বলেও জানিয়ে দিয়েছেন তিনি।
ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর গুলশানে বিএবির কার্যালয়ে গতকাল বুধবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠন ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।
অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, সুদহারের বিষয়টি সব সময় চাহিদা ও জোগানের ওপর নির্ভর করে। এখানে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ আরোপের কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, ‘বিশ্বের কোথাও ব্যাংকের ঋণ ও আমানতের মধ্যকার সুদহারে ব্যবধান (স্প্রেড) ৪ বা ৫ শতাংশ নেই। তাহলে আমাদের এখানে কেন থাকবে?’
ঠিকভাবে ঋণ দিলে আর তা সঠিক সময়ে আদায় করলে এত ব্যবধানের দরকার হয় না উল্লেখ করে মুস্তফা কামাল বলেন, ব্যাংকগুলো এমন অনেক ঋণ দেয়, যা আদায় হবে না। পরে তা আবার অবলোপন করা হয়।
সভায় ইউসিবির চেয়ারম্যান এম এ হাশেম বর্তমান পরিস্থিতিতে আমানতে ৭ শতাংশ এবং ঋণে ১১ শতাংশ সীমা আরোপ করা দরকার।
নজরুল ইসলাম মজুমদার বলেন, ‘ব্যাংকগুলোয় এখন ৯০ হাজার কোটি টাকা পড়ে আছে। বিদ্যুৎ-গ্যাসের অভাবে এই অর্থ বিনিয়োগ হচ্ছে না।’ তিনি বলেন, উচ্চ সুদের সমস্যা সমাধান হলে ব্যবসায়ীদের অন্য সব সমস্যা সমাধান হয়ে যেত।
তবে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার বলেন, সুদহারের বিষয়টি বাজারের ওপর নির্ভর করে। এখানে কোনো পক্ষের নিয়ন্ত্রণ আরোপের সুযোগ নেই। ব্যাংকের আমানতের তুলনায় সঞ্চয়পত্রসহ সরকারি সিকিউরিটিজে সুদের হার বেশি থাকায় আমানতকারীদের অনেকে ব্যাংকে না গিয়ে সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করছে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে পরিকল্পনা সচিব ভূঁইয়া শফিকুর রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি ও স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।