সুদানে পাটের বাজার নিয়ে শঙ্কা

সুদানে বাংলাদেশের পাটের বাজার নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এগ্রিকালচারাল ব্যাংক অব সুদানসহ (এবিএস) দেশটির অন্তত তিনটি প্রতিষ্ঠানে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) একমাত্র পরিবেশককে সময়মতো পণ্য সরবরাহ না করায় এ অনিশ্চয়তা দেখা দিয়েছে। তিন মাস ধরে সুদান সরকারের অনুরোধ উপেক্ষা করায় দেশটি এর মধ্যেই এক কোটি প্লাস্টিক ব্যাগের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে। আগামীকাল বৃহস্পতিবার এই দরপত্রের চূড়ান্ত সময়সীমা শেষ হচ্ছে।
বিজেএমসির পরিসংখ্যান অনুযায়ী, আফ্রিকার উত্তর-পূর্বাঞ্চলীয় দেশটিতে ২০১০ সাল থেকে প্রতিবছর গড়ে প্রায় দুই থেকে আড়াই শ কোটি টাকা সমমূল্যের বস্তাসহ পাটজাত পণ্য রপ্তানি করছে বাংলাদেশ।
পররাষ্ট্র এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয় সূত্রে যোগাযোগ করে জানা গেছে, সুদানে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল আমিন আবদুল লতিফের প্রতিষ্ঠানের সঙ্গে বিজেএমসি ১ লাখ ১০ হাজার বেল বি টুইল ব্যাগ (পাটের বস্তা) সরবরাহের চুক্তি করার পর এই জটিলতার সৃষ্টি হয়েছে। অথচ সুদান সরকার গত আগস্টেই দেড় লাখ বেল পাটের একটি রপ্তানি আদেশ বিজেএমসির অনুমোদিত একমাত্র পরিবেশক দ্য গোল্ডেন ফাইবার ট্রেড সেন্টার লিমিটেডের মাধ্যমে বিজেএমসির কাছে পাঠিয়েছিল। পণ্য উৎপাদন ও জাহাজীকরণের সুবিধার্থে প্রতিষ্ঠানটি তিন দফায় বিজেএমসিকে প্রায় ১১০ কোটি টাকা দিয়েছে। ইতিমধ্যে ২০ হাজার ২০ বেলের জাহাজীকরণ সম্পন্ন হয়েছে। বাকি পণ্যের উৎপাদন ও জাহাজীকরণ আগামী ১৫ জানুয়ারির মধ্যে শেষ করার কথা রয়েছে। কিন্তু বিজেএমসি বাকি পণ্য সরবরাহের আদেশ বাতিল করে দিয়েছে। বিজেএমসির পক্ষ থেকে বলা হচ্ছে, অবশিষ্ট পাটের বস্তা সরবরাহ করা সম্ভব নয়।
তবে গণমাধ্যমে এ বিষয়টি নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশের পর গোল্ডেন ফাইবারকে নতুন করে ৫৫ হাজার বেল পাটের বস্তা বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছে বিজেএমসি।
সুদানে পাটের বস্তা রপ্তানিতে জটিলতার বিষয়টি জানার পর প্রধানমন্ত্রীর কার্যালয় গত ১৬ অক্টোবর কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়কে। কারণ, সুদানের ভাইস প্রেসিডেন্ট হাসাবো মোহামেদ আবদেল রহমান ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক চিঠিতে তাঁর দেশে দ্রুত পাটের বস্তা সরবরাহের বিষয়টি সুরাহার জন্য সহযোগিতা চান। এর আগে ওই মাসের ১৫ তারিখ সুদানের কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম অ্যাডাম আহমেদ এলডুখেরি বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দীন প্রামাণিককে একই অনুরোধ জানান। অক্টোবরে বিষয়টি সুরাহার জন্য সুদান সরকার সে দেশের এক কর্মকর্তাকে ঢাকায় পাঠায় এবং তাঁকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে ১৬ তারিখ চিঠি লেখেন সুদানের পররাষ্ট্রমন্ত্রী কামাল এডেন ইসমাইল।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, সুদানে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল আমিন আবদেল লতিফ বিজেএমসির কাছে নিজের একটি প্রতিষ্ঠানের পক্ষে পণ্য কেনার চুক্তি করে। পরে চুক্তির শর্ত ভঙ্গ করে নিজের মালিকানাধীন অন্য একটি প্রতিষ্ঠানের মাধ্যমে দরপত্রে অংশ নেন। তাই চুক্তির শর্ত লঙ্ঘন করায় চুক্তি ও প্রতিষ্ঠানটির কাছে পণ্য সরবরাহ বাতিলের ব্যবস্থা নিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়কে ৩ নভেম্বর পরামর্শ দেয় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
এ বিষয়ে গতকাল জানতে চাইলে বিজেএমসির চেয়ারম্যান মো. মাহমুদুল হাসান উদ্ধৃত হয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। আর আইন মন্ত্রণালয়ের কোনো মতামত আনুষ্ঠানিকভাবে তাঁর দপ্তরে পৌঁছায়নি বলে তিনি উল্লেখ করেন।
গত বৃহস্পতিবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের একটি সূত্র প্রথম আলোকে জানায়, চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে প্রচলিত বিধি মেনে টাইফ ইন্টারন্যাশনালের চুক্তি বাতিলের ব্যাপারে সম্প্রতি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় মতামত দিয়েছে।
সরকারি বিভিন্ন নথি পর্যালোচনা করে দেখা গেছে, বিজেএমসি গত ৬ সেপ্টেম্বর আমিন আবদেল লতিফের মালিকানাধীন টাইফ ইন্টারন্যাশনালের সঙ্গে পাটের বস্তা রপ্তানির জন্য ‘শর্ত সাপেক্ষে’ দুটি চুক্তি সই করে। শর্তে বলা হয়েছে, এগ্রিকালচারাল ব্যাংক অব সুদান (এবিএস), ফার্মার্স কমার্শিয়াল ব্যাংক (এফসিবি) ও সুদান কটন কোম্পানি লিমিটেড (এসসিসিএল) ছাড়া অন্যদের সঙ্গে ব্যবসা করা যাবে। বাংলাদেশের গোল্ডেন ফাইবার সুদানের তিন প্রতিষ্ঠান এবিএস, এফসিবি ও এসসিসিএলে বিজেএমসির একমাত্র পরিবেশক হিসেবে কাজ করছে। বিজেএমসির একমাত্র পরিবেশক হিসেবে গোল্ডেন ফাইবারের চুক্তির মেয়াদ গত আগস্টে ২০১৮ সালের জুন পর্যন্ত বাড়িয়েছে মন্ত্রণালয়।
সুদানে খোঁজ নিয়ে জানা গেছে, এবিএসের সহযোগী প্রতিষ্ঠান গ্রিন রেভল্যুশন কোম্পানির (জিআরসি) এক লাখ পাটের বস্তা সরবরাহের দরপত্রে অংশ নেয় আমিনের মালিকানাধীন অন্য প্রতিষ্ঠান সেন্ট্রাল ট্রেডিং কোম্পানি (সিটিসি)। সিটিসি জানায়, বিজেএমসির ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত পুরো মজুত প্রতিষ্ঠানটি কিনে নিয়েছে। তাই অন্য কোনো প্রতিষ্ঠানে বিজেএমসির পণ্য বিক্রির কোনো সুযোগ নেই। এবিএস, এফসিবি ও এসসিসিএল ছাড়া সুদানের যেকোনো প্রতিষ্ঠানে পাটের বস্তা সরবরাহ করতে তৈরি আছে সিটিসি। পরে অবশ্য জিআরসির দরপত্রটি বাতিল করা হয়।
সুদান সরকারের তিনজন প্রতিনিধির আনুষ্ঠানিক অনুরোধের পরও বিষয়টির সুরাহা না হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী কামাল এডেন ইসমাইল ৯ নভেম্বর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আবারও চিঠি লেখেন। ২০১৭ সালের জানুয়ারির মধ্যে ১ লাখ ৩০ হাজার বেল পাটের বস্তা না পেলে সুদানের শস্য বিপণন ও রপ্তানিতে প্রভাব পড়বে।