সুদের আয়ও ধরে রাখতে পারছে না বিএসসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন জাহাজ যুক্ত না হওয়ায় বাংলাদেশ শিপিং করপোরেশন নিয়ে কোনো সুসংবাদ নেই। পরিচালনসহ আনুষঙ্গিক ব্যয় বেড়ে যাওয়ায় আমানতের সুদের টাকাও ধরে রাখতে পারছে না সংস্থাটি।

গত অর্থবছরে বিভিন্ন ব্যাংকে রাখা স্থায়ী আমানত থেকে ৩০ কোটি টাকা সুদ পেয়েছে সংস্থাটি। এরপরও নিট মুনাফা হয়েছে মাত্র ৬ কোটি ৭২ লাখ টাকা। সুদের বাকি টাকা গেছে বেতন-ভাতা ও পরিচালন ব্যয়ের খাতে।

গত অর্থবছরে সংস্থার পরিচালন খাতে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে ৩ কোটি ৪২ লাখ টাকা। বেতন-ভাতাসহ প্রশাসনিক ও অপরিচালন খাতে ব্যয় হয় ৩৫ কোটি ৫৯ লাখ টাকা। অর্থাৎ মোট ৩৯ কোটি টাকা ব্যয় মেটাতে আমানতের সুদের আয়ে হাত দিতে হয়েছে সংস্থাটির। আবার আমানতের সুদের আয়ের ৩০ কোটি টাকার পুরোটা নিলেও ব্যয়ের খাতায় থেকে যায় আরও ৯ কোটি টাকা। সংস্থাটির ভাগ্য সুপ্রসন্ন থাকায় গত অর্থবছরে পুরোনো জাহাজ বিক্রি থেকে পাওয়া ১৫ কোটি টাকা থেকে ওই ৯ কোটি টাকার ব্যয় মেটাতে পেরেছে। কর পরিশোধের পর সংস্থাটির হাতে মুনাফা হিসাবে ছিল ৬ কোটি ৭২ লাখ টাকা।

বাংলাদেশ শিপিং করপোরেশনের বার্ষিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গতকাল মঙ্গলবার সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএসসির সার্বিক বিষয় নিয়ে কথা বলেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক কমোডোর এম হাবিবুর রহমান ভূঁইয়া।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নিট মুনাফা থেকে শেয়ারধারীদের জন্য ১২ শতাংশ বোনাস শেয়ার প্রদানের সুপারিশ করেছে বিএসসির পরিচালনা পর্ষদ। আজ বুধবার অনুষ্ঠেয় বার্ষিক সাধারণ সভায় এই সুপারিশ অনুমোদন হতে পারে।

সংবাদ সম্মেলনে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক বলেন, ১৯৯১ সালের পর গত ২৬ বছরে একটি জাহাজও সংগ্রহ হয়নি। প্রতিবছর একটি জাহাজও ক্রয় করা হলে বিএসসির বহরে এখন অনেক জাহাজ থাকত। এখন সংস্থার বহরে দুটি লাইটার ট্যাংকার ও একটি কনটেইনার জাহাজ রয়েছে। অথচ আশির দশকে সংস্থার বহরে একসঙ্গে ২৮টি জাহাজ ছিল।

সংবাদ সম্মেলনে সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।