
দেশের ব্যাংক খাতের বিভিন্ন দিক ও নতুন অর্থবছরের চ্যালেঞ্জ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)
প্রথম আলো: সদ্যসমাপ্ত অর্থবছরটি ব্যাংক খাতের জন্য কেমন গিয়েছে? আর নতুন অর্থবছরে কী কী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে বলে মনে করেন?
সৈয়দ মাহবুবুর রহমান: ব্যাংক খাতের হিসাব-নিকাশ সাধারণত পঞ্জিকা বছরে হয়ে থাকে। তবে অর্থবছরও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিদায়ী অর্থবছরের প্রথম ছয় মাস মানে ২০১৩ সালের জুলাই-ডিসেম্বর সময়কালটা গোটা অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য ভালো যায়নি। রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা ছিল। তাই ব্যাংকের ব্যবসাও ভালো যেতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধ মানে ২০১৪ সালের জানুয়ারি-জুন সময়কালে রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হওয়ায় ব্যবসা-বাণিজ্য পরিস্থিতির উন্নতি হয়েছে। সুনির্দিষ্টভাবে যদি আমাদের, মানে ব্র্যাক ব্যাংকের কথা বলেন, তাহলে বলতে হয় যে আমাদের অবস্থা আগেরবারের চেয়ে ভালো হয়েছে। আমানত সংগ্রহের ব্যয় থেকে পরিচালন ব্যয় মানে সব ধরনের ব্যয় সাশ্রয়ের দিকে আমরা জোর দিয়েছি। এর মানে এই নয় যে ব্যয় কমিয়েই ব্যবসায় ভালো করা যাবে। এটা একটি মাত্র উপায়। আমাদের দক্ষতা বাড়াতে হবে, পোর্টফোলিও তথা সার্বিকভাবে ব্যবসা বাড়াতে হবে। আবার ব্যবসা তখনই বাড়বে যখন অর্থনীতি চাঙা থাকবে। নতুন অর্থবছরে এটা কতটা হবে তা বলা মুশকিল। কেননা, এখনো ব্যবসায়ীদের-বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা দ্বিধা ও আস্থাহীনতা রয়েছে।
প্রথম আলো: কেন এই আস্থাহীনতা? আর কীভাবেই বা এই আস্থাহীনতা কাটিয়ে ওঠা যাবে?
মাহবুবুর রহমান: একটা কারণ হলো, আগামী অল্প কিছুদিনের মধ্যে কোনো নির্বাচন হবে কি না তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা এখনো রয়ে গেছে বলে অনেকে মনে করছেন। আবার ঈদের পর জোরেশোরে রাজনৈতিক কর্মসূচি আসবে বলে ঘোষণা দেওয়া হচ্ছে। এ রকম অনিশ্চিত ভাব থাকলে স্বাভাবিকভাবেই ব্যবসায় আস্থার পরিবেশ তৈরি হয় না। ফলে বিনিয়োগেও গতি আসছে না। ব্যাংকগুলোতে বিপুল পরিমাণ নগদ অর্থ জমে যাচ্ছে। ব্যাংকগুলো আমানতের সুদের হার কমিয়ে দিচ্ছে। এতে অবশ্য ঋণের সুদের হারও কমছে। কিন্তু বিনিয়োগ করার জন্য অর্থ না নিলে সুদের হার কমিয়ে কতটা কাজ হবে জানি না।
প্রথম আলো: কিন্তু ব্যবসায়ীরা তো বরাবরই সুদের হার কমানোর জন্য দাবি জানিয়ে আসছেন।
মাহবুবুর রহমান: সুদের হারের চেয়েও বড় সমস্যা হলো অবকাঠামোগত ঘাটতি ও সুশাসনের অভাব। গ্যাস-সংযোগ না পেয়ে গত দেড়-দুই বছরে অনেকগুলো কারখানা কার্যক্রম চালু করতে পারেনি। অথচ তারা ব্যাংক থেকে ঋণ নিয়েছিল ব্যবসা ও উৎপাদন করার জন্য। সেটা করতে পারেনি। বস্ত্র ও তৈরি পোশাক খাত বাদে অন্য খাতগুলোয় তেমন বিনিয়োগ হয়নি। কিন্তু বস্ত্র ও তৈরি পোশাক তো দেশের একমাত্র খাত নয়। তৈরি পোশাকে মূলত বড় বড় কারখানায় কার্যাদেশ বেশি আসছে। আর রানা প্লাজা দুর্ঘটনার পর আন্তর্জাতিক চাপে গোটা পোশাক খাতের মান উন্নয়নের যে বড় প্রয়াস, তা বড় কারখানা ও প্রতিষ্ঠানগুলো ভালোভাবে পূরণ করতে পারছে। সে জন্যই তাদের কাছে কার্যাদেশ আসছে, তারাও কারখানা সম্প্রসারণে বিনিয়োগ করছে। কিন্তু অন্য সব খাতের পরিস্থিতি এক রকম নয়। ব্যবসা চাঙা থাকলে, চাহিদা ভালো থাকলে ব্যাংকে তো বাড়তি অর্থ জমে যেত না।
প্রথম আলো: তাহলে বলতে চাচ্ছেন যে বাংলাদেশে ব্যবসার ক্ষেত্রে উচ্চ সুদের হারের বিষয়টি বড় কোনো বিষয় নয়?
মাহবুবু্র রহমান: না, সেটা বলতে চাচ্ছি না। কিন্তু সুদের হার এককভাবে কোনো বাধা হতে পারে না। তবে নতুন ব্যাংক আসায় ব্যাংকগুলোকে এখন আগের চেয়ে বেশি প্রতিযোগিতা করতে হচ্ছে আমানত সংগ্রহ ও ঋণ বিতরণের জন্য। আর তাই সুদের হার বাড়া-কমার মধ্য দিয়েই যাচ্ছে। সবচেয়ে বড় কথা হলো, অর্থনৈতিক কর্মকাণ্ডে অর্থায়নের বিষয়টি চাহিদা-জোগানের ওপর নির্ভরশীল। চাহিদা মন্দা থাকলে ব্যাংক সুদের হার কমিয়েও ঋণ বিতরণ বাড়ানো যাবে না।
প্রথম আলো: নতুন ব্যাংকগুলো আসায় প্রতিযোগিতা বেড়েছে। তার মানে কি আমরা ধরে নিতে পারি যে নতুন ব্যাংকগুলো আসা খুব যৌক্তিক হয়েছে?
মাহবুবুর রহমান: প্রতিযোগিতা বলতে আমি বোঝাতে চাচ্ছি যে বিদ্যমান বাজারের মধ্যেই প্রতিযোগিতা হচ্ছে। বাজারের পরিধি সেভাবে বাড়েনি। আর এই পরিধি না বাড়লে, বাজারে বৈচিত্র্য না এলে, অধিক মানুষকে ব্যাংক কার্যক্রমের আওতায় আনা না গেলে অনেক সময় অতিপ্রতিযোগিতা দেখা দেয়। এ জন্য আগামী দিনে ব্যাংকের একীভূতকরণ বা দুই ব্যাংক মিলে একটি ব্যাংকে পরিণত হওয়ার মতো পদক্ষেপ নিতে হতে পারে, যাকে বলা হয় মার্জার অ্যান্ড একুইজেশন। শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যে সেখানকার ব্যাংকগুলোকে এই বলে নির্দেশনা দিয়েছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবসা সম্প্রসারণ করতে না পারলে এই একীভূতকরণ ও অধিগ্রহণের ব্যবস্থা নেওয়া হবে।
প্রথম আলো: ব্র্যাক ব্যাংকের সম্পর্কে কিছু বলুন? প্রতিষ্ঠার ১৩ বছর পরে এসে ব্যাংকটি কোথায় অবস্থান করছে?
মাহবুবুর রহমান: ব্র্যাক ব্যাংক দেশের সবচেয়ে বড় এসএমই অর্থায়নকারী ব্যাংক। আমরা এ পর্যন্ত ২৫ হাজার কোটি টাকার বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প-ব্যবসা ঋণ প্রদান করেছি। এতে প্রায় সাড়ে চার লাখ এসএমই উদ্যোক্তা উপকৃত হয়েছেন। ১৬ লাখের মতো কর্মসংস্থান হয়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তম এটিএম নেটওয়ার্ক ব্র্যাক ব্যাংকের। আমরা তথ্য-প্রযুক্তি সেবায় জোর দিয়েছি, চাহিদা অনুসারে আর্থিক সেবা দিচ্ছি। আগামীতেও আমরা এসএমই সেবা অব্যাহত রাখব ও বাড়াবো।
(সাক্ষাৎকার নিয়েছেন আসজাদুল কিবরিয়া)