সুদের হার কমাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক সুদের উচ্চ হারের কারণে ব্যবসা চালাতে পারছেন না ব্যবসায়ীরা। সুদের হারের পাশাপাশি নামে-বেনামে মাশুল আদায়ের কারণেও দুর্দশায় পড়ছেন তাঁরা। উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসা চালাতে গিয়ে মামলায় জড়িয়ে যাচ্ছে বনেদি প্রতিষ্ঠানগুলোও।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর সঙ্গে এক মতবিনিময় সভায় এমন অভিযোগ তুলে ধরেন ব্যবসায়ীরা।
বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, সুদের হার এক থেকে দেড় শতাংশ কমতে পারে। তিনি জানান, পোশাক কারখানার কর্মপরিবেশ নিশ্চিত করতে জাইকার সঙ্গে ১০ কোটি ডলার সহযোগিতা নেওয়ার চুক্তি হতে যাচ্ছে। এতে কম সুদে ঋণ দেওয়া হবে।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, গড়ে ১৭ থেকে ১৮ শতাংশ হারে সুদ নিয়ে ব্যবসা করা কঠিন। কারণ এ সুদের হারে ঋণ নিয়ে হয় ঋণখেলাপি হবেন, না হয় ঋণখেলাপি হওয়ার চক্রে ঘুরপাক খাবেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ ইসলামি ব্যাংকিংয়ের জন্য নীতিমালা প্রণয়নেরও দাবি জানান তিনি।
বিজিএমইএর পরিচালক সাব্বির মোস্তফা বলেন, দ্রুত কারখানা স্থানান্তরের জন্য স্বল্প সুদে ঋণ দিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নির্মল চন্দ্র ভক্তের পরিচালনায় মতবিনিময় সভায় মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি এ এম মাহবুব চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের পরিচালক সৈয়দ ছগীর আহমেদ, বিজিএমইএর পরিচালক ইশতিয়াক রহমান, বিকেএমইএর প্রতিনিধি শওকত ওসমান প্রমুখ বক্তব্য দেন।