প্রভাবশালী দুই ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই ও ডিসিসিআই সুদের হার কমিয়ে সহজ শর্তে ব্যাংক ঋণ দেওয়ার দাবি জানিয়েছে। সেই সঙ্গে অবকাঠামোগত সুযোগ-সুবিধা নিশ্চিত হলে বেসরকারি খাতের উদ্যোক্তারা উৎসাহিত হবেন বলে তারা মনে করে।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) গতকাল রোববার আলাদা বিবৃতিতে নতুন মুদ্রানীতির ওপর প্রতিক্রিয়া জানিয়ে এই বক্তব্য দেয়।
বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করে।
এফবিসিসিআই: শীর্ষ এই ব্যবসায়ী সংগঠন বলেছে, নতুন মুদ্রানীতি বাস্তবায়নে জিডিপির ৩৪ শতাংশ পরিমাণ অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগ; পর্যাপ্ত মুদ্রা সরবরাহ, ক্ষুদ্র ও মাঝারি খাত (এসএমই), খাতভিত্তিক ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ; রপ্তানি খাতে আর্থিক প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন এবং পিপিপি প্রকল্পসমূহে দেশি-বিদেশি মুদ্রার যথাযথ সরবরাহের সংস্থান করা প্রয়োজন। এ ছাড়া উৎপাদন খাতে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ এবং শ্রমের দক্ষতা বাড়ানো জরুরি বলে মনে করে এফবিসিসিআই।
ঢাকা চেম্বার: এই সংগঠনটি মনে করে, ঘোষিত মুদ্রানীতি বেসরকারি খাতবান্ধব নয় এবং এতে ক্রমবর্ধমান উন্নয়ন সম্ভাবনা ও উৎপাদনশীল খাতে অধিক কর্মসংস্থান সৃষ্টির বিষয় প্রতিফলিত হয়নি। ডিসিসিআই মনে করে, নতুন মুদ্রানীতিতে ব্যাংকিং খাতের খেলাপি ঋণ আদায় ও তা সহনীয় পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্যে সুনির্দিষ্ট কোনো দিকনির্দেশনা নেই।