বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ঋণের সুদহার কমানোর জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে দেশে শিল্পায়ন ত্বরান্বিত হয়।ঢাকায় বাংলাদেশ ব্যাংকে গতকাল রোববার অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় গভর্নর এই আহ্বান জানান। এতে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীরা যোগ দেন। সভায় গভর্নর বলেন, পুরো আর্থিক খাতে স্থিতিশীলতার স্বার্থে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির মাত্রা আগামী দিনগুলোতে আরও বাড়বে। প্রতিটি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের ঝুঁকি ব্যবস্থাপনার মান আরও বাড়াতে হবে। কেন্দ্রীয় ব্যাংক এ ক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেবে।গভর্নর বলেন, ঋণের সুদহারের ওপর আরোপিত ঊর্ধ্বসীমা প্রত্যাহার করার ফলে শিল্প খাতে দেওয়া চলতি মূলধনের সুদহার ১৪/১৫ শতাংশেরও বেশি আদায় এবং কতিপয় সেবার চার্জ প্রকৃত হারে না রেখে অধিক মাত্রায় ধার্য করার অভিযোগ পাওয়া যাচ্ছে। তিনি শিল্পায়নের স্বার্থেই সুদহার আরও সহনীয় করা এবং আমানত ও ঋণের সুদহারসহ বিভিন্ন ফির পূর্ণ তালিকা ব্যাংকগুলোতে টাঙিয়ে রাখার আহ্বান জানান।গভর্নর বলেন, ব্যাংকারদের আয় বুঝে বিনিয়োগ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আগ্রাসী মনোভাবের কারণে অধিক ঝুঁকিসম্পন্ন বিনিয়োগের ফলে কোনো ব্যাংক যদি তারল্য সংকটে পড়ে, সে ক্ষেত্রে আমরা সেই ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব।’