সুদের হার কমানোর দাবি ব্যবসায়ীদের, মূল্যস্ফীতি কেন্দ্রীয় ব্যাংকের মূল বিবেচ্য
ব্যবসায়ীরা চান মেয়াদি ঋণে ১২ শতাংশ এবং চলতি মূলধনে ১৪ শতাংশ সুদ দিতে। কিন্তু ব্যাংকাররা বলছেন, তাঁরা চেষ্টা চালাচ্ছেন বেঁধে দেওয়া আমানতের সুদ সাড়ে ১২ আর ঋণের সুদ সাড়ে ১৫ এর মধ্যে নামিয়ে আনা।তবে দেশের দ্রব্যমূল্য পরিস্থিতির উন্নতি হলে এবং আমানতের সুদ কমাতে পারলে ব্যাংকাররা ঋণের সুদ কমাতে পারবেন।এদিকে বাংলাদেশ ব্যাংক বলছে, কেন্দ্রীয় ব্যাংক নজর রাখছে, যাতে উত্পাদন খাতে ঋণ ও আমানতে সুদ হারের মধ্যে পার্থক্য ৫ শতাংশের বেশি না হয়।বাংলাদেশ ব্যাংকের সঙ্গে শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) এক বৈঠকে এসব আলোচনা হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, মেট্রোপলিটন চেম্বারের (এমসিসিআই) সভাপতি আমজাদ খান চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি তপন চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, ব্যাংকগুলোর এমডিদের সংগঠন এবিবির সভাপতি মোহাম্মদ নূরুল আমিন, বিজিএমইএর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন, ঢাকা চেম্বারের (ডিসিসিআই) সভাপতি আসিফ ইব্রাহীম, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খান, বিকেএমইএর সহসভাপতি আসলাম সানি প্রমুখ উপস্থিত ছিলেন।সূত্র জানায়, বৈঠকে ব্যবসায়ীরা ঋণের সুদ নামিয়ে আনতে নেওয়া পদক্ষেপকে স্বাগত জানান। তাঁরা বলেন, আমানতের সুদ হারকে বাড়তে দেওয়া যাবে না।গভর্নর আতিউর রহমান বলেন, অর্থনীতি ভালো অবস্থায় আছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতির উন্নতি হয়েছে। উল্লেখ্য, গতকাল রিজার্ভ আবারও এক হাজার এক কোটি ৫০ লাখ ডলারে উন্নীত হয়।গভর্নরের জ্যেষ্ঠ পরামর্শক আল্লাহ মালিক কাজেমী বৈঠকে বলেন, এ মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের মূল বিবেচ্য বিষয় হচ্ছে মূল্যস্ফীতি। একে কিছুটা প্রশমিত করা গেলে তারল্য পরিস্থিতি আরও সহজ হবে। তাতে সুদের হারও কমবে।আমজাদ খান চৌধুরী বৈঠকে বলেন, ব্যাংক এত কেন মুনাফা করবে। শিল্পপ্রতিষ্ঠান তো এত মুনাফা করে না।বৈঠক শেষে এ কে আজাদ সাংবাদিকদের বলেন, ঋণের সুদ ১৪ শতাংশের বেশি দিতে অপারগতা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তিনি বলেন, দুই বছর আগে যে ঋণ নেওয়া হয়েছে, সে ঋণের সুদ বর্তমানে হারে সমন্বয় করা অযৌক্তিক।এ কে আজাদ বলেন, এই সময়ের মধ্যে গ্যাস, বিদ্যুত্সহ সব জিনিসের দাম অনেক বেড়েছে। তবে সে অনুযায়ী শিল্পোদ্যোক্তাদের মুনাফা বাড়েনি। এ অবস্থায় সাড়ে ১৫ শতাংশ হারে সুদ দেওয়া ব্যবসায়ীদের পক্ষে সম্ভব নয়। বর্তমানে ব্যবসা-বিনিয়োগে দুই-তিন শতাংশের বেশি মুনাফা হচ্ছে না। তিনি বলেন, এভাবে চলতে থাকলে উদ্যোক্তারা শিল্পে বিনিয়োগ করবেন না।এ কে আজাদ আরও বলেন, আমানত ও ব্যাংকঋণের ওপর সুদের সর্বোচ্চ সীমা তুলে নেওয়ায় কোনো কোনো ব্যাংক সর্বোচ্চ ২১ শতাংশ পর্যন্ত সুদ নিচ্ছে। এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা চলে যাওয়ার ঘটনাও ঘটছে।অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, সম্প্রতি এবিবি আমানতের সুদ সাড়ে ১২ শতাংশ এবং ঋণের সুদ সাড়ে ১৫ শতাংশে বেঁধে দিয়েছে। কোনো কোনো ব্যাংক এটা মানছে না বলে তাঁদের কাছে অভিযোগ এসেছে। আর এ বিষয়টি যাতে সহনীয় পর্যায়ে থাকে, সে ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে।সুর চৌধুরী আরও বলেন, ব্যাংকগুলো নিজেরা সুদের যে হার নির্ধারণ করেছে, তা মানা হচ্ছে কি না, বাংলাদেশ ব্যাংক তা খতিয়ে দেখছে। এ জন্য কেন্দ্রীয় ব্যাংকের তিন-চারটি তদারকি দল কাজ করছে। কেউ নিয়ম ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে। দু-একটি ব্যাংক এ ক্ষেত্রে সীমা মানছে না বলে বাংলাদেশ ব্যাংকের কাছে সুনির্দিষ্ট অভিযোগ এসেছে বলেও জানান তিনি।