বর্তমানে ব্যাংক ঋণের উচ্চ সুদের হার নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ব্যাংকগুলোই সুদের হার নির্ধারণ করে। এ ক্ষেত্রে সরকারের তেমন কিছু করার নেই। ব্যাংক মালিকেরা মুনাফা কম করলে এমন পরিস্থিতি সৃষ্টি হতো না—উল্লেখ করে মুহিত এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানান। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার প্লাস্টিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী এসব কথা বলেন। ‘সপ্তম ঢাকা আন্তর্জাতিক প্লাস্টিক, প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার’ শীর্ষক মেলাটি বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) এবং তাইওয়ানের চান চো ইন্টারন্যাশনাল করপোরেশন লিমিটিড যৌথভাবে এর আয়োজন করছে। উদ্বোধনী অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, ‘কিছু ব্যাংক কাবুলিওয়ালাদের হার মানিয়েছে। এক থেকে দেড় বছর আগে ১৪ শতাংশ সুদে নেওয়া ঋণে কোনো কোনো ব্যাংক এখন ২১ শতাংশ সুদ দাবি করে ব্যবসায়ীদের চিঠি দিচ্ছে।’ ব্যাংকগুলো বর্তমানে সবচেয়ে বেশি মুনাফা করছে উল্লেখ করে সভাপতি আজাদ আরও বলেন, ‘সরকার তেলা মাথায় তেল দেওয়ার সুযোগ করে দিচ্ছে। এতে পুঁজিপতিরা আরও পুঁজি করছে। অন্যদিকে গরিবেরা আরও গরিব হচ্ছে। এর ফলে সমাজে বৈষম্য বাড়ছে। এ জন্য ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণে আনতে হবে।’ এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাঁর বক্তব্যে বলেন, ‘আমাদের চেম্বারের সভাপতি যেখানেই যান, সেখানেই এটা বলেন। এ দেশে সুদের হার নির্ধারণ করে ব্যাংকগুলো। অথচ তিনি নিজে বোধ হয় একটি ব্যাংকের মালিক।’ অর্থমন্ত্রী বলেন, ‘আমার কথা হচ্ছে, তাঁরা কেন আরেকটু দেশপ্রেমের দিকে নজর দেন না। শুধু কেন লাভের দিকে নজর দিচ্ছেন। ব্যাংক মালিকদের যদি দেশপ্রেম থাকত, তবে সুদের হারে এ রকম পরিবর্তন হতো না।’ অর্থমন্ত্রী আরও বলেন, ‘মুক্তবাজার অর্থনীতিতে সেখানে হাত দেওয়ার কোনো অধিকার আমাদের নেই। তবে মাঝেমধ্যে জনস্বার্থে সরকার হস্তক্ষেপ করে। সে ক্ষেত্রে কোনো নৈতিক অধিকার সরকারের নেই।’ বিদেশি সাহায্য কমে আসায় দেশের অর্থনীতিতে ঋণাত্মক প্রভাব পড়ছে বলে এ কে আজাদের মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে অর্থমন্ত্রী বলেন, ‘বিদেশি সাহায্য যেটুকু আসছে, তা ব্যবহারিক ক্ষেত্রে অর্ধেক হয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে সরকারের বিভিন্ন বিভাগ জড়িত। এখানে অর্থ মন্ত্রণালয়ের একার পক্ষে কিছু করার নেই।’ অর্থমন্ত্রী প্লাস্টিক শিল্পের উন্নয়নে প্লাস্টিক শিল্পনগর ও একটি ইনস্টিটিউট স্থাপনে সহযোগিতার আশ্বাস দেন। বিপিজিএমইএ সভাপতি সামিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিপিজিএমইএর সাধারণ সম্পাদক কে এম ইকবাল হোসেন, মেলা আয়োজক কমিটির আহ্বায়ক মো. জসিম উদ্দিন, চান চো ইন্টারন্যাশনালের টাইগার লিন। পরে অর্থমন্ত্রী চার দিনব্যাপী প্লাস্টিক মেলার উদ্বোধন করেন। অতিথিদের নিয়ে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। আয়োজকেরা জানান, এবারের মেলায় চীন, ভারত, তাইওয়ান, ভিয়েতনাম, কোরিয়া, মালয়েশিয়াসহ ১৪টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাড়ে ৩০০ স্টল আছে। এতে দেশীয় প্রতিষ্ঠানগুলো গৃহস্থালি পণ্য, খেলনাসামগ্রী, আসবাবপত্র, পিভিসি পাইপ, পোশাক খাতের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য, মোড়কজাতকরণের প্লাস্টিক পণ্য প্রর্দশন ও বিক্রি করছে। অন্যদিকে, বিদেশি প্রতিষ্ঠানগুলো প্লাস্টিক পণ্য উৎপাদনে প্রযুক্তি ও যন্ত্রপাতি, কাঁচামাল, মোল্ড, মাস্টারব্যাচ প্রভৃতি প্রদর্শন করছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।