সুনামের সঙ্গে বিপণন করে ব্র্যান্ড হওয়া যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব বিপণন সম্মেলন প্রসঙ্গে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উপদেষ্টা সৈয়দ ফারহাত আনোয়ার প্রথম আলো: কোন প্রেক্ষাপটে বিশ্ব বিপণন সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে?সৈয়দ ফারহাত আনোয়ার: বেশ কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে, পশ্চিমা দেশগুলোর অবস্থা কাহিল। অর্থাত্ পুঁজিবাদ কাঠামো আর ভালোভাবে চলতে পারছে না। সংকট উত্তরণে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বৈঠক হয় ৫০ বছর ধরেই। লাভ হয় না কোনো। বিষয়টি বিশ্বখ্যাত বিপণন-গুরু ফিলিপ কটলারকে ভাবিয়ে তোলে। পশ্চিমা দেশগুলো সংকটের কিছু সমাধান তৈরি করে সবার ওপর চাপিয়ে দেয়। তারা বুঝতেও চায় না যে একেক দেশের সংকট তার নিজস্ব। কটলার সমাধানের কথা ভাবলেন। ডব্লিউইএফের কার্যকর বিকল্পও খুঁজলেন। উন্নত বিশ্বের পাশাপাশি উন্নয়নশীল দেশে গিয়েও কিছু করার চেষ্টা করলেন কটলার। পারেননি। শেষ পর্যন্ত বেছে নিলেন বাংলাদেশকে। তাঁর মতে, আন্দোলনের সূত্রপাত করতে হবে এখান থেকেই। কেননা, এ দেশের মানুষের মধ্যে তিনি চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা দেখেছেন।প্রথম আলো: প্রচলিত বিপণন কি ভোক্তার সন্তুষ্টি আনতে পারছে?সৈয়দ ফারহাত আনোয়ার: না। কারণ, বিশ্বে মূলত সরবরাহভিত্তিক বিপণন চলছে। কোম্পানি কী চায়, সে অনুযায়ী বিপণন। অথচ দরকার চাহিদাভিত্তিক বিপণন। অর্থাত্ ভোক্তা কী চায়, আগে সেটা দেখতে হবে। বিপণনের মূল দর্শনই হলো ভোক্তার সন্তুষ্টি। যুক্তরাষ্ট্রের চাহিদা আর বাংলাদেশের চাহিদা এক রকম নয়। তাই ওখানকার কোনো পণ্য এখানে চালাতে হলে কিছু পরিবর্তন করতে হয়। কটলার তাই বিপণনের ভবিষ্যত্ নিয়ে ভাবতে গিয়ে কাজ শুরু করলেন। ঢাকায় যে সম্মেলন হচ্ছে, তার নামই দিলেন তিনি ‘বিপণনের ভবিষ্যত্’। বিপণনের মাধ্যমে সুন্দর পৃথিবী গড়ে তোলাই যার লক্ষ্য।প্রথম আলো: বিজ্ঞাপন, পণ্য বিক্রি, বিপণন ও ব্র্যান্ডিং সম্পর্কে কিছু বলবেন?সৈয়দ ফারহাত আনোয়ার: চারটি বিষয় আলাদা, আবার সম্পর্কযুক্ত। বেশির ভাগই চায় স্বল্প সময়ে পণ্য বিক্রি করতে এবং রাতারাতি মুনাফা অর্জন করতে। এরা ব্র্যান্ড হতে পারে না। বরং সবাই ভাবে, এরা জোচ্চুরি করতে এসেছে। এটা কিন্তু বিপণনও নয়। আর, বিজ্ঞাপনের মূল কাজ হচ্ছে পণ্য সম্পর্কে মানুষকে জানানো। এর মধ্যে অনেকে ঠগবাজিও করে। যদিও শেষ পর্যন্ত তারা টিকতে পারে না। মানুষ ঠিকই ভালোটা বেছে নেয়। ভাষা বিকৃত করে একটি মোবাইল ফোন কোম্পানি তাদের পণ্য বিক্রি বাড়াতে চেয়েছিল। পারেনি। মানুষ ছুড়ে ফেলে দিয়েছে। তাই বুঝতে হবে যে বিপণনটা কোনো স্বল্প সময়ের ব্যাপার নয়। এটা দীর্ঘমেয়াদি ব্যাপার। সুনামের সঙ্গে বিপণন করে করেই একদিন ‘ব্র্যান্ড’ হওয়া যায়। যেমন, বাংলাদেশে স্কয়ার গ্রুপ আজ ‘ব্র্যান্ড’। এ জায়গায় তারা এক দিনে আসেনি। আবার প্রতারণার কারণে আবাসন খাতের বড় বড় অনেক কোম্পানি ব্র্যান্ড হতে পারেনি।প্রথম আলো: এ সম্মেলনের মাধ্যমে কি বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বাড়বে?সৈয়দ ফারহাত আনোয়ার: অবশ্যই বাড়বে। গোটা বিশ্বই এখন জানবে যে বাংলাদেশ থেকে এটা শুরু হয়েছিল। সবাই জানেন যে পণ্যের মতো দেশকেও ব্র্যান্ডিং করা যায় এবং নিজেদের নিয়ে আমরা সেই চেষ্টায় নিবেদিত। অনেকেই নিবেদিত। যেমন, গণমাধ্যমগুলোতে আগে শুধু খারাপ বিষয়ই তুলে ধরা হতো। দিন বদলেছে। এখন ভালো অনেক জিনিসও তুলে ধরা হয়। ভালো জিনিস তুলে ধরা হয় মানে ভালো জিনিস আছে। গত কয়েক বছরে বাংলাদেশের ভালো ও ইতিবাচক সূচকগুলো নিয়ে আমরা বিদেশে গিয়ে কথা বলেছি। তারাও এসে দেখছে যে কথা ঠিক। এখন একটা কোয়ান্টাম জাম্প দিতে হবে। হাঁটলে চলবে না। আবার লাফ দিতে গিয়ে পড়ে গেলেও চলবে না।প্রথম আলো: বাংলাদেশের বিপণনও বিশ্ব বিপণনের মতোই, না কোনো পার্থক্য রয়েছে? সৈয়দ ফারহাত আনোয়ার: দুনিয়াজুড়ে এখন একই বিপণন চলছে। তেমন কোনো পার্থক্য নেই। আর এখানে মুনাফা অর্জনকে আড়চোখে দেখা হয়। মুনাফা তো থাকতেই হবে। তবে মুনাফা মানে শুধু মুনাফা নয়। সামাজিক মুনাফার দিকটি এড়িয়ে গেলে চলবে না। মনে রাখতে হবে, থ্রি পি: পৃথিবী (প্লানেট), জনগণ (পিপল) এবং মুনাফা (প্রফিট)। তবে পরিবেশের ক্ষতি করে এবং মানুষ ঠকিয়ে মুনাফা অর্জন বরদাশত করা যায় না। [সাক্ষাত্কার নিয়েছেন ফখরুল ইসলাম ]