সুনির্দিষ্ট চ্যালেঞ্জগুলো মোকাবিলার কৌশল অনুপস্থিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন অন্বেষণ ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে গতানুগতিক বলে আখ্যায়িত করেছে। সংস্থাটি বলেছে, বাজেট প্রস্তাবে বিনিয়োগ স্থবিরতা, অবকাঠামো ঘাটতি, বেকারত্ব বৃদ্ধি, ক্রমবর্ধমান আয়বৈষম্য, প্রাতিষ্ঠানিক ভঙ্গুরতা প্রভৃতি সুনির্দিষ্ট চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল অনুপস্থিত।
সংস্থাটির পূর্বাভাস হলো, ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার এই বাজেট পূর্ণ বাস্তবায়ন করতে চাইলে সরকারকে প্রস্তাবিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিতে হবে। কিন্তু লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় ও বৈদেশিক উৎস থেকে ঋণ পাওয়ার সম্ভাবনা কম। তাই প্রস্তাবিত বাজেটটি সম্পূর্ণ বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কম।
২০১৬-১৭ অর্থবছরের বাজেট পর্যালোচনা করে এর আরও কিছু লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে উন্নয়ন অন্বেষণ। সংস্থাটি মনে করে, আলোচ্য বছরে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকার রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। আদায় হতে পারে ১ লাখ ৭৮ হাজার ৫০০ কোটি টাকার মতো। আর বাজেটে ঘাটতির পরিমাণ ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা প্রস্তাব করা হলেও তা বেড়ে বছর শেষে ১ লাখ ৪৮৫ কোটি টাকায় দাঁড়াতে পারে। নতুন অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকার সম্পূর্ণ ব্যবহৃত হওয়ার সম্ভাবনা কম। একইভাবে ৫ দশমিক ৮ শতাংশ মূল্যস্ফীতির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেটিও বছর শেষে আরও বেড়ে যাবে।
উন্নয়ন অন্বেষণ বলছে, দেশে সরকারি ও বেসরকারি উভয় ধরনের বিনিয়োগ কমছে। এর মধ্যে বেসরকারি বিনিয়োগ ২০১৪-১৫ অর্থবছরে যেখানে ছিল মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২২ দশমিক শূন্য ৭ শতাংশ, সেখানে বর্তমান ২০১৫-১৬ অর্থবছরে তা কমে ২১ দশমিক শূন্য ৪ শতাংশে নেমে আসছে।
বেসরকারি এই গবেষণা সংস্থাটির মতে, বাজেটে সামাজিক খাতে বরাদ্দ বৃদ্ধি থাকলেও তা অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় কম। এতে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা কার্যক্রমসহ উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে। এ ছাড়া দারিদ্র্য দূরীকরণের হার যেমন কমছে, তেমনি যুব ও শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে।
সংস্থাটি মনে করে, দেশ থেকে অবৈধ উপায়ে মূলধন পাচারের কারণে অর্থনীতিতে পর্যাপ্ত মূলধন গঠনের অভাব রয়েছে, যা জাতীয় সঞ্চয় ও বিনিয়োগকে প্রয়োজনীয় পরিমাণে বাড়তে দিচ্ছে না। প্রাতিষ্ঠানিক দুর্বলতার দিকে ইঙ্গিত করে প্রতিষ্ঠানটি বলেছে, রাজনৈতিক প্রভাবে পরিচালনার কারণে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোতে অব্যবস্থাপনা এবং কেন্দ্রীয় ব্যাংকের তদারকিতে শৈথিল্য ও ঝুঁকি ব্যবস্থাপনায় দুর্বলতা চলছে। এটি সুষ্ঠু অর্থনৈতিক ব্যবস্থাপনার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।