সুনির্দিষ্ট দুর্নীতির কয়েকটি চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারবিষয়ক তদন্ত কমিটির প্রতিবেদনে অনৈতিকতা ও দুর্নীতির সুনির্দিষ্ট কিছু তথ্য-উপাত্ত দেওয়া হয়েছে। এ জন্য কমিটি কয়েকটি নমুনা হিসাবের লেনদেন পরীক্ষা করেছে। সংখ্যায় খুব অল্প হলেও পরীক্ষান্তে কমিটি নিশ্চিত হয়েছে যে এত অল্প নমুনার মধ্যেও দুর্নীতি প্রমাণিত হয়েছে। প্রতিবেদনে উল্লিখিত দুর্নীতির কয়েকটি চিত্র এখানে তুলে ধরা হলো।১. সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়ার স্ত্রী রোকসানা আখতারের নামে চারটি বিও হিসাব পাওয়া গেছে। এগুলোর মধ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্রোকারেজ হাউস, বিএলআই সিকিউরিটিজ এবং লংকাবাংলা সিকিউরিটিজে তিনটি বিও হিসাবের বিপরীতে ব্যাংক হিসাব পাওয়া গেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের শেরাটন শাখায়। আর এনবিএল সিকিউরিটিজের বিও হিসাবের বিপরীতে ব্যাংক হিসাব পাওয়া গেছে এনবিএলের দিলকুশা শাখায়।চারটি হিসাবের লেনদেনের বিস্তারিত পর্যালোচনা করে তদন্ত কমিটি বলছে: এসইসির দপ্তরাদেশ (এসইসি/প্রশাসন/৫৩.০০/২০০১-২০০২-২২১২, তারিখ: ১১ এপ্রিল ২০১০) অনুযায়ী ‘কমিশনের কোন কর্মকর্তা বা কর্মচারী নিজ বা স্বামী/স্ত্রী, পিতা-মাতা, ছেলে-মেয়ে ও পোষ্যদের নামে প্রাইমারী বা সেকেন্ডারী মার্কেটে সিকিউরিটিজ লেনদেন করতে কিংবা উক্ত প্রকার লেনদেনে কোনোভাবে সম্পৃক্ত থাকতে পারবেন না।’ আর দপ্তরাদেশটি আনোয়ারুল কবির ভূঁইয়ার স্বাক্ষরেই ইস্যু করা হয়েছিল। স্ত্রীর নামে চারটি বিও হিসাব পরিচালনা করা সরাসরি এসইসির দপ্তরাদেশের লঙ্ঘন। এসব হিসাবে বড় অঙ্কের লেনদেন হওয়ায় সরকারি গোয়েন্দা সংস্থা তদন্ত করতে পারে বলে কমিটি মনে করে। ২. কফিলউদ্দিন আহমদ চৌধুরী ছিলেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) উপমহাব্যবস্থাপক। এ বছরের ২২ মার্চ তিনি মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেয়ে হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে (এইচবিএফসি) যোগদান করেছেন। তিনি শেয়ার লেনদেন করেছেন তাঁর স্ত্রী ফারজানা আকতার এবং স্ত্রীর ভাই মনসুর বিল্লাহর হিসাবের মাধ্যমে। আইডিএলসি ফিন্যান্সে অমনিবাস হিসাবের মাধ্যমে লেনদেন সংঘটিত হয়েছে। দুজনই আইএফআইসি ব্যাংকে হিসাব খুলেছেন। মনসুর বিল্লাহর হিসাবকে ‘ডামি অ্যাকাউন্ট’ অভিহিত করে এর প্রকৃত সুবিধাভোগী হিসেবে কফিল উদ্দিন চৌধুরী ও তাঁর স্ত্রী ফারজানা আকতারকে চিহ্নিত করেছে কমিটি। এ জন্য মনসুর বিল্লাহর হিসাবে টাকা জমা দেওয়া ও উত্তোলন করে একাধিক ব্যাংকে ফারজানা আকতারের নামে স্থায়ী আমানত (এফডিআর) করার প্রমাণ পেয়েছে কমিটি। যেমন: ২০১০ সালের মার্চ মাসে আইডিএলসি ফিন্যান্স ফারজানা আকতারের ইনভেস্টরস অ্যাকাউন্টের টাকা হাতবদল হয়ে তাঁর স্বামী কফিল উদ্দিন আহমদ চৌধুরীর যমুনা ও এক্সিম ব্যাংকে তিনটি এফডিআরে মোট এক কোটি টাকা জমা করা হয় এবং ফারজানা আকতারের নামে এনসিসি ব্যাংক মতিঝিল শাখায় দুটি এফডিআরে ৬০ লাখ টাকা জমা হয়। এভাবে মাত্র দুই মাসের মধ্যে কফিলউদ্দিন চৌধুরী ও তাঁর স্ত্রীর নামে এফডিআর হয়েছে তিন কোটি টাকা এবং হিসাবে আরও জমা রয়েছে ১৪ লাখ টাকা। আরও অনেক টাকা ব্যাংক হয়ে পুনরায় সিকিউরিটিজ কোম্পানিতে ঢুকেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়েছে, কমিটির সামনে বক্তব্য দেওয়ার জন্য কফিলউদ্দিনকে আহ্বান করা হয়েছিল। তিনি কমিটিকে জানিয়েছেন, মিউচুয়াল ফান্ডের প্লেসমেন্ট ফেসভ্যালুতে নিয়ে বিক্রি করে লাভ করেছেন এবং কাজটি দোষণীয় মনে করেন না। কফিলউদ্দিন কমিটিকে বলেন, আইসিবির প্রায় সব কর্মকর্তা-কর্মচারীই শেয়ার লেনদেন করেন। সার্ভিস রুলে কর্মকর্তাদের শেয়ার ব্যবসার অনুমতি আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, তিনি তা জানেন না এবং সার্ভিস রুল পড়েননি। স্ত্রী ও শ্যালকের নামে ব্যবসা করাও বৈধ মনে করেন কফিলউদ্দিন। তিনি কমিটির কাছে এও দাবি করেছেন যে আয়কর পরিশোধ করা হয়েছে।কমিটি বলছে, একজন ডিজিএম (আইসিবি) কী করে দুই মাসে এত বড় অঙ্কের টাকা জমা করেন, তা পরীক্ষা করা যেতে পারে। আর যেহেতু তিনি বর্তমানে এইচবিএফসির মহাব্যবস্থাপক, তাই অর্থ মন্ত্রণালয় তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার এবং দুর্নীতি দমন বিভাগে প্রেরণের সুপারিশ করেছে।৩. মো. আবদুস সালাম নামের একজন লংকাবাংলা ফিন্যান্সে অমনিবাস (শ্যাডো) হিসাবে শেয়ার ব্যবসা করেন। তিনি বেসিক ব্যাংক লিমিটেডের প্রধান শাখায় হিসাব পরিচালনা করেন। তদন্তে পাওয়া গেছে, তিনি পে-অর্ডারের মাধ্যমে দুই কোটি টাকা জিএমজি এয়ারলাইনস লিমিটেডকে দেন। এ থেকে কমিটি ধারণা করছে, এই টাকা জিএমজি কোম্পানিকে প্লেসমেন্ট বাবদ দেওয়া হয়েছে। অথচ জিএমজি এখনো আইপিওর অনুমতি পায়নি। কমিটি মনে করে, এসইসি পুনর্গঠিত হওয়ার পর বিষয়টি নিয়ে বিশদ তদন্ত হতে পারে। আর এই ঘটনাটি পূর্ণাঙ্গ তদন্তের একটি ক্ষুদ্র ইঙ্গিতবহ তথ্য হিসেবে ব্যবহূত হতে পারে।৪. লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের মাধ্যমে শামিমা শরিফ নামের এক বিনিয়োগকারী ২০১০ সালের ফেব্রুয়ারি এবং অক্টোবর মাসে লেনদেন করে কমার্শিয়াল ব্যাংক অব সিলোনের হিসাবের মাধ্যমে এক কোটি ৫২ লাখ টাকা নগদ উত্তোলন করেছেন এবং এসএআর সিকিউরিটি ও লংকাবাংলা সিকিউরিটিতে তা প্রবেশ করিয়েছেন। শামিমা শরিফের স্বামী ডিএসইর সদস্য। পুরো লেনদেনকে সন্দেহজনক চিহ্নিত করে কমিটি এক কোটি ৫২ লাখ টাকা নগদ উত্তোলন মানি লন্ডারিং হিসেবে বিবেচিত হবে কি না, তা পরীক্ষার জন্য বাংলাদেশ ব্যাংকে পাঠানোর সুপারিশ করেছে।