সুপরিকল্পিত কৃষি গবেষণা পরিচালনায় গুরুত্বারোপ
খাদ্যনিরাপত্তাসহ কৃষির সার্বিক উন্নয়নের স্বার্থেই বাংলাদেশে সুপরিকল্পিত কৃষি গবেষণা পরিচালনার তাগিদ দেওয়া হয়েছে। আর এই গবেষণার কাজে বেসরকারি খাতকে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়েছে।গতকাল মঙ্গলবার ঢাকায় রূপসী বাংলা হোটেলে ‘বাংলাদেশে কৃষি প্রবৃদ্ধি উৎসাহিত করতে গবেষণার প্রয়োজন চিহ্নিতকরণ’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ তাগিদ দেন। বাংলাদেশ কৃষি গবেষণা এনডাউমেন্ট ট্রাস্ট (বিকেজিইটি), ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার (আইজিসি) ও ইকোনমিক রিসার্চ গ্রুপ (ইআরজি) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।সেমিনারে গবেষণার ক্ষেত্রে দুটি দিককে প্রাধান্য দেওয়ার পরামর্শ উঠে এসেছে। একটি হলো নীতি গবেষণা, অন্যটি হলো কৃষিবিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা। সেমিনারে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ও বিকেজিইটির চেয়ারম্যান সি কিউ কে মুশতাক আহমেদ। স্বাগত বক্তব্য দেন ইআরজির পরিচালক সাজ্জাদ জহির। এতে ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন কৃষিবিষয়ক নীতি গবেষণার নয়টি দিকের ওপর আলোকপাত করেন। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বার্ক) নির্বাহী চেয়ারম্যান ওয়াইস কবির বাংলাদেশে কৃষির বিভিন্ন উপখাতের ও আঞ্চলিক পর্যায়ের ওপর গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন। খাদ্য পরিকল্পনা ও তদারকি ইউনিটের (এফপিএমইউ) মহাপরিচালক নাসের ফরিদ খাদ্যনিরাপত্তা পরিকল্পনার ওপর আলোকপাত করেন।মুক্ত আলোচনায় বক্তারা কৃষিবিষয়ক গবেষণায় মৌলিক ও প্রায়োগিক গবেষণা সমন্বয় করা, গবেষণালব্ধ ফলাফল কাজে লাগাতে বেসরকারি খাতকে উদ্বুদ্ধ করা এবং গবেষকদের যথাযথ মর্যাদা ও প্রণোদনা প্রদানের সরকারি নীতি গ্রহণের ওপর জোর দেন।আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন ইআরজির নির্বাহী পরিচালক অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, কৃষি গবেষক এম এ জব্বার, সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, ইআরজির নির্বাহী পরিচালক এ কে এনামুল হক, এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিসউদ-দৌলা, রহিমআফরোজ গ্রুপের পরিচালক নিয়াজ রহিম প্রমুখ। উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন ও ইরির প্রতিনিধিরা।উল্লেখ্য, কৃষি গবেষণাকে উৎসাহিত করতে বাংলাদেশ সরকার ২০০৮ সালের অক্টোবরে বিকেজিইটি গঠন করেছে, যার ৩৫০ কোটি টাকার তহবিল রয়েছে। আইজিসি হলো লন্ডন স্কুল অব ইকোনমিকস ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গঠিত একটি আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক। আর ইআরজি হলো ঢাকাভিত্তিক স্বতন্ত্র নীতি গবেষণা ও বিশ্লেষণকারী একটি সংস্থা। বাংলাদেশে আইজিসির প্রতিনিধিত্ব করে ইআরজি।