সুপার মার্কেটগুলোতে ব্র্যাক চিকেনের হালাল হিমায়িত খাদ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাকের সামাজিক ব্যবসাপ্রতিষ্ঠান ব্র্যাক চিকেন এন্টারপ্রাইজের খাদ্যতালিকায় যোগ হলো কিছু হালাল হিমায়িত খাদ্যসামগ্রী, যা এখন থেকে দেশের সুপার মার্কেটগুলোতে পাওয়া যাবে।রাজধানীর একটি কনভেনশন সেন্টারে গতকাল বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে নতুন খাদ্যগুলো বিপণনের ঘোষণা দেওয়া হয়। এসব খাদ্যের মধ্যে রয়েছে: মাসালা নাগেটস, কিডস নাগেটস, রেগুলার নাগেটস, ড্রামস্টিক, উইংস, বার্গার প্যাটিস, সসেজ, কাবাব, কাটলেট ও চিকেন তন্দুরি ইত্যাদি।নতুন এই খাদ্যসম্ভারের মোড়ক উন্মোচন করেন ব্র্যাক এন্টারপ্রাইজেস অ্যান্ড ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এ (রুমী) আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্র্যাকের কর্মসূচিপ্রধান নাজরা মেহজাবিন সাবেতসহ ব্র্যাকের সহযোগী প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোহাম্মদ এ (রুমী) আলী বলেন, ‘আজকাল গ্রাহক বা ভোক্তারা উচ্চমানসম্পন্ন, সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার হাতের নাগালে পেতে চান। সে অনুযায়ীই আমরা আন্তর্জাতিক মানের হালাল ও স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় তৈরি কিছু হিমায়িত খাদ্যসামগ্রী দেশের মানুষের জন্য নিয়ে এসেছি।’ব্রয়লার চিকেন প্রসেসিং বা ব্রয়লার মুরগি প্রক্রিয়াকরণ প্রকল্প হিসেবে ২০০৪ সালে ব্র্যাক চিকেন এন্টারপ্রাইজ প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশে এ ধরনের বৃহত্তম স্বয়ংক্রিয় কারখানা। এই প্রতিষ্ঠান আইএসও ২২০০০:২০০৫ সনদ ও এইচএসিসিপি সনদ লাভ করেছে। বিজ্ঞপ্তি।