সুপার মার্কেটে গুচ্ছ মূসক দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিযোগীসক্ষম ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য সুপার মার্কেটের বিক্রির ওপর বিদ্যমান ৪ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ সুপার মার্কেট অ্যাসোসিয়েশন। সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন এর পরিবর্তে বর্গফুটভিত্তিক গুচ্ছ মূসক প্রথা চালুর প্রস্তাব করেছেন। গতকাল বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডে প্রাক্-বাজেট আলোচনায় সমিতির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন এনবিআরের সদস্য এম ফরিদউদ্দিন। সমিতির পক্ষ থেকে জানানো হয়, মাছ, মাংস, ফল ও সবজি সংরক্ষণের জন্য সুপার মার্কেটগুলোয় যে বড় ধরনের হিমায়ন যন্ত্রপাতি আমদানি করতে হয়, তাতে ১০৫ শতাংশ কর দিতে হয়। এ শুল্ক হার সারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। বিশ্বের বেশির ভাগ দেশে এ কর হার সর্বোচ্চ ১৫ শতাংশ। জাকির হোসেন বলেন, ভারতে এ খাতের যন্ত্রপাতি আমদানিতে কোনো শুল্ক দিতে হয় না। বাংলাদেশেও বিনা শুল্কে এ শিল্পের যন্ত্রপাতি আনার সুযোগ দেওয়া উচিত। এছাড়া অপর এক আলোচনায় আমদানিকৃত ট্যাক্সিক্যাবের জন্য পৃথক সিসিস্তর নির্ধারণের সুপারিশ করেন ট্যাক্সিক্যাব অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার এম আজাদ। আরেক বৈঠকে সিকিউরিটি সার্ভিস প্রতিষ্ঠানের মালিক সমিতির মহাসচিব শাহ আলম সরকার বলেন, এ ধরনের নিরাপত্তাসেবার ওপর বর্তমানে ১৫ শতাংশ মূসক দিতে হয়। এ মূসক অব্যাহতির দাবি জানান তিনি। তাঁর মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিবেচনায় কোনো প্রতিষ্ঠানই নিরাপত্তাসেবা ছাড়া ব্যবসা শুরু করতে পারে না। বিটিএমএ: এদিকে গতকাল সকালে প্রাক্-বাজেট আলোচনায় বস্ত্র খাতের সুতা উৎপাদন, সুতা ডাইং-ফিনিশিং, কাপড় তৈরি, কাপড় ডাইং-ফিনিশিং-প্রিন্টিং প্রতিষ্ঠানগুলোর আয়কর হার কমিয়ে ১০ শতাংশ নির্ধারণের সুপারিশ করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। ২০১৮ সাল পর্যন্ত এ সুবিধা বহাল রাখার সুপারিশও করা হয়েছে। বর্তমানে ১৫ শতাংশ হারে ২০১৩ সালের জুন মাস পর্যন্ত এ সুবিধা রয়েছে। এনবিআর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় বিটিএমএ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সভাপতি জাহাঙ্গীর আলামিন। এতে সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন। বৈঠকে বস্ত্র খাতের প্রতিষ্ঠানগুলোর কর অবকাশের মেয়াদ ২০১৮ সাল পর্যন্ত বাড়ানোরও এবং প্রাথমিক বস্ত্র খাতের স্পিনিং, উইভিং ও ডাইং-প্রিন্টিং-ফিনিশিং মিলকে নতুনভাবে কর অবকাশ সুবিধার আওতায় আনার সুপারিশও করা হয়েছে। বস্ত্রশিল্পের ডাইং, ফিনিশিং, প্রিন্টিং খাতকে ১০ শতাংশ নগদ সহায়তা দেওয়ারও দাবি করেছে বিটিএমএ।