সুপারশপে বাজার খরচ কমবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপারশপে বাজার করলে খরচ কমবে। চাল, ডাল, মাছ-মাংস যা-ই কেনেন না কেন, মূল্য সংযোজন কর (মূসক) আগের চেয়ে অর্ধেক দিলেই চলবে। এখন থেকে এসব সুপারশপে পণ্যমূল্যের ওপর ক্রেতাদের ২ শতাংশ হারে মূসক দিতে হবে। এত দিন ৪ শতাংশ মূসক দিতে হতো।

এই খাতটির সম্প্রসারণে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। তবে এই সুবিধা নিতে সংশ্লিষ্ট সুপারশপ মালিকদের বেশ কিছু শর্তও দিয়েছে এনবিআর। ক্রেতা আকৃষ্ট করতে দীর্ঘদিন ধরেই মূসক প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল সুপার মার্কেট মালিক সমিতি।

সর্বশেষ প্রাক-বাজেট আলোচনায় সমিতির পক্ষ থেকে বলা হয়, প্রতিযোগীসক্ষম ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য সুপার মার্কেটের বিক্রয়ের ওপর ৪ শতাংশ মূসক প্রত্যাহার করা উচিত। এর পরিবর্তে বর্গফুটভিত্তিক গুচ্ছ মূসক প্রথা চালুর প্রস্তাব করা হয়।

একজন ক্রেতা এসব সুপারশপে বাজার করলে মূল্য পরিশোধের সময় স্বয়ংক্রিয় রসিদ নেওয়ার সময় ২ শতাংশ হারে মূসক কাটবেন বিক্রয়কর্মীরা। এনবিআরের পক্ষে সুপারশপ মালিকরা ভোক্তার কাছ থেকেই এই মূসক কেটে রাখেন।

এনবিআরের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, একজন ক্রেতা কোনো সুপারশপ থেকে এক হাজার টাকার পণ্য কিনলে ২ শতাংশ হারে ২০ টাকা মূসক পরিশোধ করতে হবে। ওই ক্রেতাকে এক হাজার ২০ টাকার বিল পরিশোধ করতে হবে। এত দিন একই পণ্যের বিপরীতে এক হাজার ৪০ টাকা বিল পরিশোধ করতে হতো। এখন খরচ কমবে ২০ টাকা।

তবে এই কর রেয়াতি সুবিধা পাওয়া যাবে শুধু যেসব সুপারশপে স্বাস্থ্যসম্মত, জীবাণুমুক্ত ও প্রিজারভেটিভবিহীন চাল, ডাল, মাছ-মাংস, শাকসবজি, ফলমূলসহ গৃহস্থালি ও মনোহারী পণ্য পাওয়া যায়। বিশেষ করে পচনশীল পণ্য বিক্রি করে এমন সুপারশপেই এই মূসক রেয়াত মিলবে। এ ছাড়া সংশ্লিষ্ট সুপারশপের ফ্লোরের আয়তন ১২ হাজার বর্গফুটের কম হতে হবে। আর সুপারশপে অবশ্যই ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার (ইসিআর) কিংবা পয়েন্ট অব সেল (পিওএস) ব্যবহার করতে হবে।

এনবিআরের ভ্যাট কর্মকর্তারা জানান, মাছ-মাংস, শাকসবজি প্রতিদিনই কিনতে হয়। আর সুপারশপগুলোতে ক্রেতা আকৃষ্ট করতে এই শর্ত দেওয়া হয়েছে। এই শর্ত না দিলে মনোহারী পণ্যের দোকান মালিকরাও এই সুবিধা নিয়ে নেবেন। 

সুপার মার্কেট মালিক সমিতি সূত্রে জানা গেছে, বর্তমানে ৩৫টি সুপারশপের শতাধিক আউটলেট রয়েছে। বড় সুপারশপগুলোর মধ্যে অন্যতম আগোরা, নন্দন, মীনাবাজার, স্বপ্ন।

তবে এনবিআরের নতুন প্রজ্ঞাপন জারির পর একটি স্বনামধন্য সুপারশপের পক্ষ থেকে তাদের পণ্যে পুরোপুরি মূসক ছাড়ের পোস্টার লাগানো হয়েছে। জানা গেছে, এই পণ্য কিনলে যে পরিমাণ মূসক দিতে হয় ক্রেতাকে, সেই পরিমাণ অর্থ ওই সুপারশপের মালিক পরিশোধ করবেন।

এনবিআরের কর্মকর্তারা জানান, কোনো প্রতিষ্ঠান এভাবে বিজ্ঞাপন দিয়ে মূসক ছাড়ের কথা বলতে পারে না। এটা আইন অবমাননা করা হয়। মূসক ছাড় দেওয়ার দায়িত্ব ওই প্রতিষ্ঠানের নয়। আর এই মূসক ওই প্রতিষ্ঠানের ওপর আরোপিত নয়, ভোক্তার ওপর।