সুপারি রপ্তানিতে হঠাৎ নিষেধাজ্ঞা
সরকারের প্রধান আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয় ১৬ অক্টোবর হঠাৎ এক আদেশে সুপারি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।এতে রপ্তানিকারক-ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন। অন্যদিকে নিয়ন্ত্রক সংস্থা জানায়, রপ্তানির ক্ষেত্রে সুপারির দাম অর্ধেক দেখানোর কারণেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের দাবি, নিষেধাজ্ঞার কারণে রপ্তানিমুখী সুপারি নিয়ে মংলা সমুদ্রবন্দরে পাঁচ শতাধিক ও মংলা ইপিজেডের ওয়্যারহাউসগুলোতে চার শতাধিক কনটেইনার ও বেনাপোল স্থলবন্দরে শতাধিক ট্রাক আটকা পড়েছে। এদিকে প্রধান আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়ের একজন কর্মকর্তা ঢাকায় প্রথম আলোকে জানান, দেশের বাজারে সুপারি যে দামে বিক্রি হয় তার অর্ধেক দাম দেখানো হয় রপ্তানির ক্ষেত্রে—এ রকম অভিযোগের পরিপ্রেক্ষিতেই বাণিজ্য মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি সুপারি রপ্তানি বন্ধের সুপারিশ করে। সে আলোকে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশে সুপারি রপ্তানি সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়।আবার মংলা ইপিজেড বিনিয়োগকারী সমিতির চেয়ারম্যান গালিব কাপাডিয়া প্রথম আলোকে বলেন, ‘যে অভিযোগ এনে সুপারি রপ্তানি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। যদি কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হোক। তাই বলে ঢালাওভাবে সুপারি রপ্তানি বন্ধ করে ব্যবসায়ীসহ এর সঙ্গে জড়িত শ্রমিক-কর্মচারীদের পথে বসানো কোনোভাবেই সমীচীন হতে পারে না। এ ধরনের সিদ্ধান্ত আত্মঘাতী।’ তিনি সুপারি নিষিদ্ধ করার সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। গালিব কাপাডিয়া আরও বলেন, ‘সুপারি আমদানি-রপ্তানিতে পাটের বস্তা (গানিব্যাগ) ব্যবহার করা হয়। এর ফলে বিপুল পরিমাণ পাটের বস্তা রপ্তানি হয়। কিন্তু সুপারি রপ্তানি নিষিদ্ধ হওয়ায় এ খাতের ব্যবসায়ীদের পাশাপাশি পাটের বস্তার রপ্তানি ও পরিবহন ব্যবসায় ভাটা পড়বে। এ ছাড়া বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারী বেকার হয়ে যাবে।’সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রউফ বলেন, ‘হঠাৎ করে রপ্তানি নিষিদ্ধ করায় বন্দরে আটকা পড়া সুপারির মান নষ্ট হচ্ছে, যা পরে বিশ্ববাজারে চালানো যাবে না।’ রপ্তানিকারকদের দাবি, মংলা বন্দরে বর্তমানে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, বার্মাসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা প্রায় এক কোটি ডলার মূল্যের সুপারি পড়ে আছে। রপ্তানি নিষিদ্ধ করায় আমদানি করা সুপারি ছাড় করানো যাচ্ছে না। কারণ সুপারি ব্যবসায়ীদের গুদামের যে ধারণক্ষমতা তাতে রপ্তানিযোগ্য সুপারি রপ্তানি করতে না পারলে আমদানি করা সুপারি ছাড় করানো সম্ভব হবে না। এ ছাড়া বেনাপোল স্থলবন্দরে সুপারি নিয়ে আটকা পড়া প্রতিটি ট্রাককে প্রতিদিন গড়ে দুই হাজার টাকা করে দিতে হচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকলে সুপারি ব্যবসায়ী ও রপ্তানিকারকেরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন।কাস্টমস সূত্রে জানা গেছে, চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম তিন মাসে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ২০ হাজার টন সুপারি রপ্তানি হয়, যার মূল্য ১১৭ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময় রপ্তানি হয় ১৬ হাজার টন, যার দাম ছিল ৮৪ কোটি টাকা।