শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ঘোষিত প্রণোদনা বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন বাজার বিশ্লেষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ জন্য কিছুটা সময়ের প্রয়োজন রয়েছে বলে অভিমত তাঁদের। আর তাই বিনিয়োগকারীদের ধৈর্য ধারণ করারও পরামর্শ দিয়েছেন তাঁরা।প্রণোদনায় ব্যাংকগুলোকে যেসব সুবিধা দেওয়া হয়েছে, সেগুলোর বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবারই প্রজ্ঞাপন জারি করে। এসব সুবিধার ফলে শেয়ারবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ সক্ষমতা অনেকটাই বাড়বে বলে মনে করে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শেয়ার ব্যবসায় নিয়োজিত ব্যাংকগুলো তাদের সহযোগী প্রতিষ্ঠানে যে মূলধন জোগান দিয়েছে, এখন থেকে তা আর ওই ব্যাংকের আইনি বিনিয়োগ সীমার হিসাবে ধরা হবে না। এমনকি কোনো কোম্পানির শেয়ারে ব্যাংকের দীর্ঘমেয়াদি বিনিয়োগকেও আইনি সীমার বাইরে রাখা হবে। যোগাযোগ করা হলে এবিবির সভাপতি ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে মাহমুদ সাত্তার প্রথম আলোকে বলেন, ‘অনেক কোম্পানির শেয়ারে ব্যাংকগুলোর কৌশলগত দীর্ঘমেয়াদি বিনিয়োগ আছে, যেগুলোর সঙ্গে প্রতিদিনের লেনদেনের তেমন কোনো সম্পর্ক নেই। সেসব বিনিয়োগ ও সহযোগী প্রতিষ্ঠানের মূলধনি বিনিয়োগকে আইনি সীমার বাইরে রাখায় ব্যাংকগুলোর বিনিয়োগ সক্ষমতা বেড়েছে। এর সুফল এক-দুই দিনেই পাওয়া যাবে না। ধীরে ধীরে বাজারে এর সুফল দেখা যাবে।’ কে মাহমুদ সাত্তার আরও বলেন, শুধু ব্যাংকের বিনিয়োগ বাড়লেই বাজারে স্থিতিশীলতা আসবে না, সবার সমান অংশগ্রহণ লাগবে। শেয়ারবাজারের যা লেনদেন হয়, তার ৪০ থেকে ৪৫ শতাংশ করে থাকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। বাকি লেনদেন করেন সাধারণ ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারী। তাই ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীদের অংশগ্রহণও বাড়াতে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী বলেন, প্রণোদনার সুফল পেতে একটু সময় লাগবে। বিনিয়োগ সক্ষমতা বাড়ানো হয়েছে বলেই ব্যাংকগুলো এক-দুই দিনেই বাজারে ঝাঁপিয়ে পড়বে না। ধীরে ধীরে তারা নিজেদের বিচার-বিবেচনায় বিনিয়োগের সিদ্ধান্ত নেবে। রিজভী আরও বলেন, ‘সাধারণ বিনিয়োগকারীরা মনে করছেন, দ্রুতই বাজারে শেয়ারের দাম বাড়া উচিত। কিন্তু এটি কারও কাম্য হওয়া উচিত নয়। আমাদের প্রত্যাশা, যৌক্তিক পর্যায়ের উত্থান-পতনের মাধ্যমে বাজারের টেকসই উন্নয়ন।’ পুঁজিবাজার বিশ্লেষক আকতার হোসেন সান্নামাত বলেন, এখন থেকে মার্চেন্ট ব্যাংকগুলো তাদের মূলধন বাড়াতে পারবে। এত দিন ধরে মার্চেন্ট ব্যাংকগুলো তাদের মূলধন কাঠামোতে কোনো ধরনের পরিবর্তন আনতে পারছিল না। প্রণোদনায় ৫১ ও ৪৯ শতাংশের ভিত্তিতে তহবিল সংগ্রহের মাধ্যমে সেই কাঠামো পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। তাঁর মতে, মার্চেন্ট ব্যাংকগুলোর এখন উচিত গ্রাহকের প্রান্তিক ঋণের (মার্জিন লোন) নির্ভরতা কমিয়ে দীর্ঘমেয়াদি মূলধনি বিনিয়োগ বাড়ানো। এ জন্য বিনিয়োগকারী ও ঋণদাতা প্রতিষ্ঠানের মধ্যে যৌথ বিনিয়োগ স্কিম চালু করা যেতে পারে। সমপরিমাণ মূলধন বিনিয়োগ ও মুনাফা ভাগাভাগির মাধ্যমে এই স্কিম চালু করলে বিনিয়োগকারীদের ঝুঁকি অনেকাংশে কমবে। পাশাপাশি মার্চেন্ট ব্যাংকগুলোর জন্য অভিন্ন সুদের হার নির্ধারণ ও তা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার সুপারিশ করেন তিনি। তিনি জানান, একদিকে এসব প্রতিষ্ঠান সেবা মাশুলসহ নানা নামে উচ্চ হারে সুদ নিচ্ছে, পাশাপাশি লেনদেনের কমিশন থেকেও মুনাফা করছে।বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ বলেন, ‘শেয়ারবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগের ক্ষেত্রে যেসব সুযোগ দেওয়া হয়েছে, তা নিয়ে ভুল-বোঝাবুঝির আর কোনো সুযোগ নেই। নিজস্ব পত্রকোষ (পোর্টফোলিও) বা সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ বিতরণ বাড়িয়ে বা দুভাবেই ব্যাংকগুলো এখন শেয়ারবাজারে তাদের বিনিয়োগ বাড়াতে পারে।’বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিয়ে কাজ করে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খালেদ ইউসুফ ফরাজী প্রথম আলোকে বলেন, ‘১০ শতাংশ মুনাফা কর প্রত্যাহারের বিষয়টিকে বিদেশি বিনিয়োগকারীরা ইতিবাচকভাবে নিয়েছেন। বিনিয়োগে আগ্রহী কিছু প্রতিষ্ঠান আমাদের সঙ্গে যোগাযোগও শুরু করেছে।’