সুবিধা কমল কেন্দ্রীয় ব্যাংকের কর্মীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বোনাস কমল। মুনাফার ওপর প্রতি অর্থবছরে যে বোনাস সুবিধা দেওয়া হয়, তা এবার কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ। গতকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়।
এদিকে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া অর্থ আলাদা সম্পদের মধ্যে ‘রিসিভেবল অ্যাসেট’ হিসেবে দেখানোর সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ২০১৫-১৬ অর্থবছরের আর্থিক বিবরণীতে তা যুক্ত করা হয়েছে। গতকাল পরিচালনা পর্ষদের সভায় এ আর্থিক বিবরণী অনুমোদন হয়।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের পরিচালক জামালউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, বোনাস চারটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও নিরীক্ষকদের পরামর্শে রিজার্ভের চুরি হওয়া অর্থকে আলাদা হিসেবে দেখানো হয়েছে। এসব রেখেই আর্থিক বিবরণী অনুমোদন পেয়েছে।
জানা গেছে, প্রতি অর্থবছরের হিসাব চূড়ান্ত হওয়ার আগে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ বোনাস সুবিধা দেওয়া হয়। ২০১৪-১৫ অর্থবছরের হিসাবে মূল বেতনের পাঁচ গুণ বোনাস দেওয়া হয়। তবে গতকালের পর্ষদ সভায় ২০১৫-১৬ অর্থবছরের হিসাবে বোনাস কমিয়ে মূল বেতনের চার গুণ করার পাশাপাশি মূল বেতনও ধরা হয়েছে আগের কাঠামো অনুযায়ী।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অর্থ আর্থিক বিবরণীতে কোন হিসেবে দেখানো হবে, তা নিয়ে দুশ্চিন্তায় ছিল কেন্দ্রীয় ব্যাংক। পরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও নিরীক্ষকদের পরামর্শ অনুযায়ী তা আলাদা সম্পদ হিসেবে দেখানোর সিদ্ধান্ত হয়। গতকালের অনুমোদন পাওয়া আর্থিক বিবরণীতে তা ‘রিসিভেবল অ্যাসেট’ হিসেবে দেখানোর সিদ্ধান্ত হয়। অর্থ আদায় হবে—এমন আশায় চুরি হওয়া অর্থের সঞ্চিতি সংরক্ষণ করেনি কেন্দ্রীয় ব্যাংক।
সাধারণভাবে কোনো অর্থ খোয়া গেলে বা ঝুঁকির মুখে পড়লে তার বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণ করতে হয়। তবে কোনো অর্থ আদায়ের বিষয়ে চলমান চেষ্টা অব্যাহত থাকলে আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল রিপোর্টিং সিস্টেমে তা ‘প্রোটেসটেড’ বিল হিসাবে দেখানোর সুযোগ রয়েছে। অর্থাৎ ওই অর্থ ফেরত পাওয়ার বিষয়ে চলমান প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তা এখানে রাখা হবে। তবে শেষ পর্যন্ত রিজার্ভের চুরি হওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের বিপরীতে প্রভিশন না রেখে তা ‘রিসিভেবল অ্যাসেট’ হিসেবে দেখানো হয়েছে।