সুবিধাবঞ্চিতদের জন্য অভিজাতদের জায়গা ছাড়ার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার পর গত ৫০ বছরে বাংলাদেশ অনেক ক্ষেত্রেই সফলতা অর্জন করেছে। স্বাভাবিকভাবে মানুষের মনে অনেক আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে, সমাজে মানুষের যত আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, তত সুযোগ সৃষ্টি হচ্ছে না। সমাজে হতাশার কারণ হয়ে উঠেছে এটি।

একই সঙ্গে বাংলাদেশের সমাজে নতুন অভিজাত শ্রেণি গড়ে উঠেছে। এই শ্রেণির উচিত হবে, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু সুযোগ-সুবিধা ছেড়ে দেওয়া। অর্থাৎ একধরনের রাজনৈতিক সমঝোতা প্রয়োজন। তা না হলে বাংলাদেশ নিজ সফলতার শিকারে পরিণত হতে পারে।

স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত চার দিনের ভার্চ্যুয়াল সম্মেলনের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনে গতকাল মঙ্গলবার বক্তারা এসব কথা বলেন। সম্মেলনের সহ–আয়োজক কর্নেল বিশ্ববিদ্যালয়।

‘ন্যায্য সমাজের অভিমুখে’ শীর্ষক এই অধিবেশনে আলাদা আলাদা দুটি প্রবন্ধ উপস্থাপন করেন বিআইডিএসের মহাপরিচালক বিনায়ক সেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ। পরে ওই দুই প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন যুক্তরাজ্যের উলস্টার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এস আর ওসমানি, বেসরকারি সংস্থা ব্র্যাকের চেয়ারপারসন হোসেন জিল্লুর রহমান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুক্তরাজ্যের বাথ বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক জিওফ উড।

মূল প্রবন্ধে দেশের দারিদ্র্য পরিস্থিতি নিয়ে আলোকপাত করেন বিনায়ক সেন। তিনি বলেন, দেশের একটি জনগোষ্ঠী ধারাবাহিকভাবে দারিদ্র্য থেকে বেরিয়ে আসছে। আবার অনেক গোষ্ঠী ধারাবাহিকভাবে দারিদ্র্যের কবলে পতিত হচ্ছে। তবে একটি বড় অংশ হঠাৎ হঠাৎ দারিদ্র্যসীমার নিচে চলে যায়, বিশেষ করে মহামারির মতো দুর্যোগে। গবেষণায় দেখা গেছে, যারা দারিদ্র্য থেকে বেরিয়ে আসছে, তাদের শিক্ষাগত যোগ্যতা তুলনামূলকভাবে বেশি। দারিদ্র্য থেকে বেরিয়ে আসা এই জনগোষ্ঠী একসময় মধ্যবিত্তের কাতারে শামিল হয়।

কোভিডের আগে দেশে মধ্যবিত্ত জনগোষ্ঠী ছিল ৩০ শতাংশের মতো। আগামী ১০ বছরে এই সংখ্যা ৬০ শতাংশে উন্নীত হবে, এমন সম্ভাবনা আছে। অবস্থার পরিবর্তনের সঙ্গে তারা রাষ্ট্রের কাছ থেকে উন্নত সেবা চাইবে, সেটাই স্বাভাবিক। এরা একসময় শাসনব্যবস্থার উন্নয়নে চাপ দেবে। বিনায়ক সেন, মহা–পরিচালক, বিআইডিএস

বিনায়ক সেন আরও বলেন, এই মধ্যবিত্ত গোষ্ঠী একসময় গুণগত পরিবর্তনের অনুঘটক হয়ে উঠতে পারে। পরিসংখ্যান অনুসারে, কোভিডের আগে দেশে মধ্যবিত্ত জনগোষ্ঠী ছিল ৩০ শতাংশের মতো। আগামী ১০ বছরে এই সংখ্যা ৬০ শতাংশে উন্নীত হবে, এমন সম্ভাবনা আছে। অবস্থার পরিবর্তনের সঙ্গে তারা রাষ্ট্রের কাছ থেকে উন্নত সেবা চাইবে, সেটাই স্বাভাবিক। এরা একসময় শাসনব্যবস্থার উন্নয়নে চাপ দেবে। বিনায়ক সেনের মতে, অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের সঙ্গে ভাবগত পরিবর্তনের সম্পর্ক আছে।

আঞ্চলিক বৈষম্যের পাশাপাশি শ্রেণিবৈষম্যের বিরুদ্ধেও মানুষ লড়াই করেছে। কিন্তু বৈষম্য বেড়েই চলছে। দেশে এখন স্বজনতোষী পুঁজিবাদ তৈরি হয়েছে, সুবিধাভোগীরা নিজেদের যোগসাজশে সব সুবিধা কুক্ষিগত করছে। এম এম আকাশ, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

এম এম আকাশ তাঁর প্রবন্ধে মুক্তিযুদ্ধের প্রসঙ্গে বলেন, আঞ্চলিক বৈষম্যের পাশাপাশি শ্রেণিবৈষম্যের বিরুদ্ধেও মানুষ লড়াই করেছে। কিন্তু বৈষম্য বেড়েই চলছে। দেশে এখন স্বজনতোষী পুঁজিবাদ তৈরি হয়েছে, সুবিধাভোগীরা নিজেদের যোগসাজশে সব সুবিধা কুক্ষিগত করছে। এতে অন্যরা বঞ্চনার শিকার হচ্ছে। সে জন্য এখন দেশের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে, অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা। টেকসই উন্নয়ন অভীষ্টের ১০ম লক্ষ্যমাত্রা অনুসারে এখন জাতিকে এগিয়ে যেতে হবে। এম এম আকাশ বলেন, উন্নয়নের ইতিহাসে দেখা যায়, বৈষম্যের হার সাধারণত উন্নয়নশীল দেশেই বেশি। তবে তা নিরসনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সুযোগ সমতার কথা বলেন।

এদিকে আলোচনায় অংশ নিয়ে এস আর ওসমানি বলেন, উন্নয়নশীল দেশে বৈষম্য হ্রাসের একটি পথ হচ্ছে সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের জন্য নগদ প্রণোদনা। লাতিন আমেরিকার অনেক দেশ এই নীতি গ্রহণ করেছে, সে তারা গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক বা কর্তৃত্ববাদী, যা-ই হোক না কেন। তবে সে জন্য রাজনৈতিক অর্থনীতির কাঠামো নির্ধারণ করতে হবে বলে মত দেন তিনি।

ন্যায্য সমাজের জন্য কেবল নির্বাচন নয়, নির্বাচনের মধ্যবর্তী সময়ে কী ঘটছে, তা-ও গুরুত্বপূর্ণ বলে মত দেন জিওফ উড। তিনি বলেন, পৃথিবীর অধিকাংশ সমাজব্যবস্থায় সুশাসন এমনি এমনি আসে না। উন্নয়নের একপর্যায়ে সুশাসন প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ উন্নয়ন প্রক্রিয়া এক রৈখিক ব্যাপার নয়। এই উত্তরণের সময় যে চ্যালেঞ্জ সৃষ্টি হয়, সমাজে বিভাজন সৃষ্টি না করে তা সামাল দেওয়াই মূল কাজ বলে মনে করেন উড। তাঁর মতে, এ নিয়ে সমাজে রাজনৈতিক হানাহানি কাম্য নয়।

গত সপ্তাহে বিআইডিএসের সম্মেলনে এক বক্তার বক্তব্য উদ্ধৃত করে জিওফ উড বলেন, বাংলাদেশে নতুন অভিজাত শ্রেণি ধীরে ধীরে বাড়ছে, তারা যদি মানসম্মত শিক্ষা নিজেদের হাতে কুক্ষিগত করে রাখে, তাহলে বিপদ। দেশে এখন ঠিক সেটাই হচ্ছে। এরা সেই কাজে সিদ্ধহস্ত। এতে সমাজে একশ্রেণির মানুষের মনে বঞ্চনাবোধ সৃষ্টি হচ্ছে। উড বলেন, এই বঞ্চনাবোধের সঙ্গে রাজনৈতিক বোধের মিশেল ঘটে সমাজে বিস্ফোরণ ঘটতে পারে। বঞ্চনাবোধ একধরনের মনস্তাত্ত্বিক ব্যাপার, এই বোধ থাকলে মানুষের অনুভূতি ও চিন্তা বদলে যায়। একপর্যায়ে বঞ্চনাবোধ দ্বারা সে চালিত হয়। এটা বস্তুনিষ্ঠ পর্যবেক্ষণের বিষয় নয়। এই পিছিয়ে পড়া বা বাদ পড়ে যাওয়া মানুষেরা কীভাবে প্রতিক্রিয়া জানায়, সেটা খুব গুরুত্বপূর্ণ। আর এই বঞ্চনাবোধ কীভাবে সামাল দেওয়া হলো, সেটাই বড় কথা।

জিওফ উড বাংলাদেশ নিয়ে অনেক কাজ করেছেন। তিনি দেশের দারিদ্র্য বিমোচন, সেচ, ক্ষুদ্র ঋণ নিয়ে গবেষণা করেছেন। ক্ষুদ্র ঋণ নিয়ে তাঁর বই ইউপিএল থেকে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা নিয়েও কাজ করেছেন তিনি।

এই যে স্বল্প আয়ের মানুষের সন্তানেরা বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে এসেছেন, তাঁরা এই শক্তি কোথায় পাচ্ছেন, তা খতিয়ে দেখা উচিত। হোসেন জিল্লুর রহমান, চেয়ারপারসন, ব্র্যাক।

ব্র্যাকের চেয়ারপারসন হোসেন জিল্লুর রহমান বলেন, সমাজে নানা ধরনের রাজনৈতিক শক্তির সমাবেশ হয়। এককভাবে কোনো রাজনৈতিক শক্তির দাপট সমাজে টেকে না। এই নানা ধরনের রাজনৈতিক শক্তিকে কীভাবে সমন্বয়ের মধ্যে আনা যায়, সেটাই আমাদের জন্য চ্যালেঞ্জ। এটা করতে হবে, ওটা করতে হবে, শুধু এসব বললে চলবে না। সমাজের উদীয়মান শ্রেণির আকাঙ্ক্ষা প্রসঙ্গে তিনি বলেন, এই যে স্বল্প আয়ের মানুষের সন্তানেরা বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে এসেছেন, তাঁরা এই শক্তি কোথায় পাচ্ছেন, তা খতিয়ে দেখা উচিত। এ ছাড়া পরবর্তী করণীয় হিসেবে হোসেন জিল্লুর রহমান মাধ্যমিক শিক্ষা বাধ্যতামূলক করার পরামর্শ দেন। এই স্তরেও উপবৃত্তি সর্বজনীন করার কথা বলেন তিনি।

দেশে নির্বাচনে পরাজয় মানে সবকিছু হারানোর শামিল। এই অস্থিরতা কাম্য নয়। ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, টিআইবি।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন, দেশে নির্বাচনে পরাজয় মানে সবকিছু হারানোর শামিল। এই অস্থিরতা কাম্য নয়। সে জন্য তিনি ব্যবসা থেকে রাজনীতি বিযুক্ত করার পরামর্শ দেন। আর রাজনৈতিক প্রক্রিয়ায় সব শ্রেণির মানুষের অংশগ্রহণ না থাকলে প্রক্রিয়া অংশগ্রহণমূলক হয় না।

অধিবেশনে সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান, বিশেষ ফেলো রওনক জাহান ও গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম উপস্থিত ছিলেন।