সুবিধাভোগী করারোপ এখনই নয়
ব্যবহারকারী বা সুবিধাভোগী কর (ইউজার্স ট্যাক্স) আরোপের কোনো পরিকল্পনা আপাতত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নেই। নিকট ভবিষ্যতেও এ ধরনের কর আরোপের মতো যৌক্তিক পরিস্থিতিও নেই। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।
কেননা, জনগণকে সেবা দেওয়ার মতো পর্যাপ্ত অবকাঠামো বিশেষ করে রাস্তাঘাট, উড়ালসড়ক, বন্দর, পরিবহনব্যবস্থা গড়ে তুলতে পারেনি সরকার কিংবা বেসরকারি খাত।
উল্লেখ্য, ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবসের অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রাজস্ব আহরণের অন্যতম উৎস হিসেবে সুবিধাভোগী বা ব্যবহারকারী কর আরোপের কথা জানান। এর পর থেকে এই কর নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। করদাতাদের মধ্যে আতঙ্কও দেখা দেয়।
এনবিআর সূত্রে জানা গেছে, শুল্ক, মূল্য সংযোজন কর ও আয়কর—কোনো বিভাগের আপাতত ব্যবহারকারী বা সুবিধাভোগী কর আরোপের কোনো উদ্যোগ নেই। তবে ভবিষ্যতে পরিষেবা খাত আরও সংহত হলে এই কর আরোপের পরিকল্পনা করা যেতে পারে বলে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান।
পৃথিবীর খুব কম দেশেই সুবিধাভোগী কর আরোপ রয়েছে। যুক্তরাষ্ট্রে সীমিত পরিসরে কিছু সুবিধাভোগী কর আরোপ করা হয়। ভারতেও কিছু পণ্য কেনার ক্ষেত্রে বিক্রয় করের আদলে সুবিধাভোগী কর নেওয়া হয়।
জানা গেছে, উড়ালসড়ক, সেতু, এক্সপ্রেসওয়েসহ বড় অবকাঠামো ব্যবহারের ক্ষেত্রে মাশুল আরোপের মাধ্যমে বিশ্বের অনেক দেশেই এ ধরনের কর আরোপ রয়েছে। সাধারণত এ ধরনের বড় অবকাঠামো সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) আদলে নির্মাণ করা হয়। পাঁচ বছর আগে বাংলাদেশের পিপিপির আওতায় বড় প্রকল্প নেওয়ার ঘোষণা দেওয়া হলেও বাস্তবে কোনো কাজ হয়নি।
বাংলাদেশে জনগণের কাছ থেকে রাজস্ব আদায় করে অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন ধরনের পরিষেবা কাঠামো তৈরি করে থাকে সরকার। তবে যাঁরা এই রাজস্ব দেন, তাঁরাই এসব পরিষেবা গ্রহণ করবেন—এমন বিবেচনা থেকে কর আদায় করা হয় না। যেমন, রংপুরের একজন দিনমজুর দৈনন্দিন জীবনে নানাভাবে রাজস্ব বা কর দেন, কিন্তু তিনি হয়তো কখনোই ঢাকার কুড়িল, বনানী কিংবা খিলগাঁও উড়ালসড়কে ওঠেননি কিংবা ওঠার সুযোগ নেই। কিন্তু এসব উড়ালসড়ক নির্মাণে তাঁর দেওয়া করের অংশও রয়েছে।
মোটা দাগে, অর্থনীতিতে কর আহরণের দুটি পন্থা রয়েছে। একটি হলো, ব্যক্তির কর দেওয়ার সক্ষমতার ভিত্তিতে রাজস্ব আহরণ। অপরটি হলো সুবিধা ভোগের বিনিময়ে কর বা মাশুল প্রদান।
বাংলাদেশের ব্যক্তির সক্ষমতার ভিত্তিতে কর আরোপের ব্যবস্থা বিদ্যমান। এ ব্যবস্থায় কর প্রদানে সক্ষম হলেই কর দিতে হবে। এটা বাধ্যতামূলক। রাষ্ট্রীয় সেবা নেওয়া কিংবা না নেওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
অপর পন্থায় নির্দিষ্ট সেবা গ্রহণ করেই এই কর বা মাশুল দিতে হয়। যাঁরা এই সেবা নেবেন না, তাঁদের এই কর বা মাশুল দিতে হয় না। এটি একধরনের ব্যবহারকারী কর।
এনবিআরের সদস্য (করনীতি) সৈয়দ আমিনুল করিম প্রথম আলোকে বলেন, ‘অর্থমন্ত্রী ভবিষ্যতে রাজস্ব আদায়ের একটি ভালো ধারণার উদ্ভব করেছেন। এটি নিয়ে আলাপ-আলোচনা ও পরিকল্পনা করা যেতে পারে। এ ধরনের ব্যবহারকারী বা সুবিধাভোগী করারোপ হলে গরিব লোকের ওপর অপেক্ষাকৃত কম করভার পড়বে।’
গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ‘পৃথিবীর বেশির ভাগই দেশেই সুবিধাভোগী কর প্রথা নেই। অপ্রয়োজনীয়ভাবে বাংলাদেশেও এ ধরনের করারোপ ঠিক হবে না। তবে বন্দরে পণ্যের দ্রুত শুল্কায়নের জন্য মাশুল বা ব্যবহারকারী করারোপ করে বাণিজ্যসহায়ক পরিবেশ তৈরি করা যেতে পারে।’
আহসান মনসুরের মতে, বর্তমানে শুল্কব্যবস্থার মূল দর্শন হয়ে গেছে আন্তদেশ বাণিজ্যে সীমান্ত নিয়ন্ত্রণ। সীমান্ত দিয়ে অস্ত্র আনা হচ্ছে কি না, স্বাস্থ্যসম্মত পণ্য আনা হচ্ছে কি না কিংবা নিষিদ্ধ পণ্য আমদানি-রপ্তানি হচ্ছে কি না, সেটাই নজরদারি করেন শুল্ক কর্মকর্তারা। ফলে শুল্ক আহরণের চেয়ে পণ্যের চালানের ওপর নজরদারি করাই মূল দায়িত্ব হয়ে গেছে।
বাংলাদেশে একসময় রাজস্বের সিংহভাগই আসত শুল্ক খাত থেকে। কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বাধ্যবাধকতার কারণে বাণিজ্য উদারীকরণের অংশ হিসেবে ক্রমান্বয়ে শুল্ক হার কমিয়ে আনতে হচ্ছে। তাই শুল্ক খাত থেকে রাজস্ব আহরণ কমে যাচ্ছে।