সুব্রত রায় সাহারা এখন বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে এসেছে ভারতের বিখ্যাত শিল্প গ্রুপ ‘সাহারা ইন্ডিয়া পরিবার’। প্রতিষ্ঠানটির কর্ণধার ও চেয়ারম্যান সুব্রত রায় সাহারার নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার ঢাকায় এসেছে।বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুব্রত রায় সাহারা ও তাঁর স্ত্রী স্বপ্না রায়কে স্বাগত জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ শেখ সেলিম। এর আগে সকালে প্রতিষ্ঠানটির ২০ সদস্যের দল ঢাকায় এসে পৌঁছায়।বিমানবন্দর থেকে সুব্রত সরাসরি হোটেল রূপসী বাংলায় চলে যান। সফরকালে সুব্রত রায় সাহারার নেতৃত্বাধীন প্রতিনিধিদলটি বিনিয়োগ প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিনিয়োগ বোর্ড ও সরকারের সংশ্লিষ্ট একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এর মধ্যে আজ বুধবার সাহারা গ্রুপের প্রতিনিধিরা বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবেন। বৃহস্পতিবার সফরকারী দলটি বিনিয়োগ বোর্ডের সঙ্গে বৈঠক করবে বলে বিনিয়োগ বোর্ডের একাধিক কর্মকর্তা জানিয়েছেন।